SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকে, নিছকই 'রাজনৈতিক সন্ত্রাস' বলছেন কবি কন্যা
যদিও ইতিমধ্যেই কমিশনের তরফে জয় গোস্বামীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

Published : December 31, 2025 at 3:34 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: এসআইআর-এর শুনানিতে এবার ডাক পেলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী । এই নিয়ে বেশ বিরক্ত তাঁর পরিবার । কবি কন্যা বুকুন চড়াইয়ের মতে, এটা নিছকই রাজনৈতিক সন্ত্রাস ।
মূলত রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব মিটেছে । আর এখন চলছে এসআইআরের শুনানি পর্ব । জয় গোস্বামীর পরিবারের দাবি, কবি ও তাঁর পরিবারের সকলের এনুমারেশন ফর্ম জমা পড়েছিল সঠিক সময়ে । এমনকী খসড়া ভোটার তালিকায় নামও ছিল তাঁদের । তা সত্ত্বেও এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছেন কবি জয় গোস্বামী ।

আর এই পরিস্থিতিতে তাঁর কন্যা হেনস্তার অভিযোগ এনেছেন । যদিও কবির পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এর শুনানি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জয় গোস্বামীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পাশাপাশি গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কবির পরিবারকে বলে জানা যাচ্ছে ।
জানা গিয়েছে, জয় গোস্বামীর জন্ম কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে । তাঁর বেড়ে ওঠা রানাঘাটে মামারবাড়ি ডোভার লেনে । 2024 সালে লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন । এই মুহূর্তে ভীষণ অসুস্থ কবি জয় গোস্বামী । অস্ত্রোপচারের পর ফোনে কথা বলেন না তিনি । তাই তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি ।
তবে কবির কন্যা বুকুন চড়াইয়ের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । তিনি বলেন, "আমার বাবার 2002-এর ডকুমেন্টস নেই । 2024-এও ভোট দিয়েছেন উনি । আমি যদি একজন মেয়ের চোখ দিয়ে দেখি তা হলে বলব, আমার বাবা বয়স্ক মানুষ । সম্প্রতি ওঁর একটা সার্জারি হয়েছে । আমার বাবা ছাড়াও আরও অনেক বয়স্ক মানুষ আছেন, যাঁরা অনেক শারীরিক সমস্যা নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রমাণ করছেন যে তাঁরা ভারতীয় । আমাদের বয়সিদেরও অফিস কাছারি আছে । আমাদের সম্ভব এগুলো সব কাজ বন্ধ রেখে নিজেদের ভারতীয় প্রমাণ করা? যে মানুষগুলো এত বছর ধরে এখানে থেকেছেন তাঁদেরকে হয়রান করা হচ্ছে এভাবে । এটা 'রাজনৈতিক সন্ত্রাস' ছাড়া আর কিছুই না ।"
তিনি আরও বলেন, "বাবাকে 2 জানুয়ারি এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে । বাবা সেদিন কিছুতেই যেতে পারবেন না । আমরা পরবর্তী তারিখ চেয়েছি । যদি ডাক্তার অনুমতি দেন তা হলে উনি যাবেন, না হলে যাবেন না ।"
উল্লেখ্য, কবি জয় গোস্বামী একা নন, এসআইআর পর্বে হেনস্তার শিকার হতে হয়েছে আরও অনেককে ৷ সম্প্রতি বীরভূমে নাকে নল লাগিয়ে এসআইআর শুনানিতে অংশ নিতে দেখা গিয়েছে 65 বছরের প্রাক্তন মার্চেন্ট নেভি কর্মী সজল বাগকে ৷ এর আগেও কোথাও পাঁজাকোলা করে শুনানি কেন্দ্রে অশীতিপর বৃদ্ধাকে নিয়ে যেতে দেখা গিয়েছে ৷ আবার কোথাও প্রসবের দিনই শুনানিতে হাজিরা দিতে হয়েছে মহিলাকে ৷

