'আধঘণ্টার যন্ত্রণা কী মারাত্মক ছিল'- হাসপাতালে কোন অভিজ্ঞতা নাড়িয়ে দিয়েছিল দীপিকাকে ?
ভ্লগে নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন 'কাহা হাম কাহা তুম' অভিনেত্রী ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 27, 2026 at 12:45 PM IST
হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: "ওই আধঘণ্টার যন্ত্রণা কী মারাত্মক ছিল, তা বোঝানো যাবে না ৷..." দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar) ৷ নিজের ইউটিউব চ্যানেলে 'সসুরাল সিমর কা' অভিনেত্রী জানিয়েছেন সিস্ট অপারেশনের পর কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে ৷ বর্তমানে কেমন আছেন তিনি, তাও জানিয়েছেন অনুরাগীদের ৷
তিনি বলেন, "পুরো বিষয়টা এতটা আচমকা হয়েছে যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ভীষণ কাঁদছিলাম ৷ আমার যে প্রসেসে সিস্ট পোড়ানো হয়েছে, সেটাকে বলা হয় আরএফএ (RFA) ৷ কারণ আমার সিস্ট ভীষণ ছোট ছিল ৷ ভগবানকে অসংখ্য ধন্যবাদ, যে সঠিক সময়ে এটা ধরা পড়েছে ৷ এখনও ভীষণ যন্ত্রণা রয়েছে ৷ একটু নড়াচড়া করলেই অপারেশনের জায়গায় ব্যথা হচ্ছে ৷"
দীপিকা এরপর বলেন, "এই যন্ত্রণা একটু আলাদা ৷ আমি পাশ ফেরার চেষ্টা করলেও ব্যথা লাগছে ৷ অস্ত্রোপচারের পর আমার যখন জ্ঞান ফেরে তখন মারাত্মক যন্ত্রণা অনুভব করছিলাম ৷ এরপর আমাকে আইসিইউতে পাঠানো হয় ৷ কিন্তু ওই আধঘণ্টা আমাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তা বোঝানো যাবে না ৷ সেই যন্ত্রণা কম করার জন্য চিকিৎসকরা কড়া ডোজের ওষুধও দিতে পারছিল না ৷ তবে, যাই হোক সেই কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে ৷"
তারপরেই অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান দীপিকা ৷ অনুরাগীর ভালোবাসা ও প্রার্থনার জন্য তিনি শক্তি পেয়েছেন বলে জানান অভিনেত্রী ৷ তিনি বলেন, "আমাদের এই কঠিন সময়ে শোয়েব, বাবা-মা, আত্মীয় পরিজন, সকলেই তো আছেন ৷ কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন আমাদের আশীর্বাদ, প্রার্থনা আসে তখন মনের মধ্যে আরও শক্তি সঞ্চার হয় ৷"
হাতজোড় করে অনুরাগীদের প্রতি ভালোবাসা জানান দীপিকা ৷ কথা বলতে বলতে, তাঁর গলা ধরে আসে ৷ তিনি জানান, এমন পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত থাকা ভীষণ ভাবে প্রয়োজন ৷ বিপদ আসলে, মন শক্ত রাখলে, সমাধানের রাস্তা ঠিক বেরিয়ে যায় ৷ তাঁর কথায়, "যেটা হওয়ার সেটাই হবে ৷ যা আমাদের ভাগ্যে লেখা আছে, তাই হবে ৷ আমাদের শুধু শক্ত থাকতে হবে ৷"
উল্লেখ্য, আগের ভ্লগে দীপিকা জানিয়েছিলেন, লিভারে সিস্ট ধরা পড়ার ঘটনা ৷ ভ্লগে দীপিকা বলেছিলেন, "লিভারে 1.3 সেন্টিমিটারের সিস্ট ফের হয়েছে ৷ দু দিন ধরে আমার পেটে যন্ত্রণা হচ্ছিল ৷ তার সঙ্গে কাঁধেও যন্ত্রণা হচ্ছিল ৷ যা দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম ৷ চিকিৎসক তৎক্ষনাৎ সিটি করেন ৷ সেখানে নতুন করে সিস্ট ধরা পড়ে ৷ ডিসেম্বরে যখন স্ক্যান করেছিলাম ৷ তখন এই সিস্ট ছিল না ৷ ফলে যা হয়েছে, এই দু'মাসের মধ্যে হয়েছে ৷ এরপরে চিকিৎসক অস্ত্রোপচারের কথা বলেন ৷ তবে সিস্ট ক্যানসার সংক্রমিত কি না, তা জানি না ৷" এরপরেই অনুরাগীদের উদ্দেশ্যে দীপিকা জানান, তাঁর জন্য যেন প্রার্থনা করেন সকলে ৷

