এখনও ছাড়া পাননি হাসপাতাল থেকে, ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে কী বললেন হেমা মালিনী ?
ধর্মেন্দ্র শারীরিক অবস্থা নিয়ে পাপারাৎজির প্রশ্নের কী উত্তর দিলেন ড্রিম গার্ল ?

By ETV Bharat Entertainment Team
Published : November 3, 2025 at 2:28 PM IST
হায়দরাবাদ, 3 নভেম্বর: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে আচমকাই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৷ পরে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, চেকআপের কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন অভিনেতা ৷ বর্তমানে কেমন আছেন ধর্মেন্দ্র, জানালেন স্ত্রী তথা অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনী ৷
রবিবার মুম্বই বিমান বন্দরে দেখা যায় হেমা মালিনীকে ৷ তাঁকে দেখে পাপারাৎজিরা ধরমপাজির স্বাস্থ্য সংক্রান্ত বিষয় জানতে চান ৷ এরপর হেমা হাত জোড় করে হাসি মুখে আকাশের দিকে তাকান ৷ এরপর তিনি ভগবানের প্রতি ধন্যবাদ জানান ৷ নিঃশব্দে বুঝিয়ে দেন, আগের থেকে ভালো আছেন অভিনেতা ধর্মেন্দ্র ৷
এই সপ্তাহের শুরুতে অভিনেতার হাসপাতালে ভর্তি থাকার খবরে উদ্বিগ্ন হন অনুরাগীরা ৷ হেমার এই বার্তায় স্বস্তি পেয়েছেন সকলে ৷ দেওল পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে 89 বছর বয়সী ধর্মেন্দ্রকে নিয়মিত পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা স্পষ্ট করে জানিয়েছেন যে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন ৷ শীর্ষস্থানীয় মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠছেন।
ইটিভি ভারতকে পরিবারের একজন সদস্য জানিয়েছেন যে ধর্মেন্দ্রকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার অনুরাগীদের প্রতি অনুরোধ জানান, সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে নিয়ে ভ্রান্তিমূলক কোনও খবরে কান না দিতে ৷ তাঁর ছেলে সানি দেওল এবং ববি দেওল বাবার পাশে থাকার জন্য তাঁদের শুটিং শিডিউল পিছিয়ে বলে খবর ৷
এই বছরের শুরুতে অভিনেতার ছানি অস্ত্রোপচার হয়েছিল ৷ পেশাগত দিক থেকে, অভিনেতাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের 'ইক্কিস'-সিনেমায় ৷ এই সিনেমা পরমবীর চক্র বিজয়ী সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে তৈরি ৷ সিনেমায় অভিনয় করেছেন অগস্ত্য নন্দ, জয়দীপ আহলাওয়াত এবং সিকন্দর খের ৷ চলতি বছরের ডিসেম্বরে 'ইক্কিস' মুক্তি পাওয়ার কথা ৷

