ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে দেবজ্যোতি মিশ্রের 'পিয়া তোরা ক্যায়সা অভিমান', শহরে শুভা মুদগল
ঋতুপর্ণ ঘোষের সঙ্গে অনেক গুলো কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র। মেঘ, কুয়াশা সরিয়ে পরতে, পরতে ছিল সুরের প্রলেপ। গান-গল্পের সঙ্গে চলবে অচেনা ঋতুপর্ণকে নিয়ে জানার আড্ডা।

By ETV Bharat Entertainment Team
Published : August 28, 2026 at 9:24 AM IST
কলকাতা, 28 অগস্ট: 31 অগস্ট ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) জন্মদিন। এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে দেবজ্যোতি মিশ্রর (Debojyoti Mishra) নয়া উদ্যোগ। আম সিনেপ্রেমী বাঙালির কাছে 'ঋতুপর্ণ ঘোষ' একটা সেন্টিমেন্টের নাম। 31 অগস্ট তাঁর 60তম জন্মদিন। তাঁর জন্মদিনটিকে এক অভিনব ভাবনায় সাজিয়েছেন সুরকার দেবজ্যোতি মিশ্র।
বর্ষার একটা সন্ধ্যা, বাইরে বৃষ্টি, ভেজা রেনকোট, সঙ্গে দূরে রেল গাড়ির কু ঝিকঝিক শব্দ, নেপথ্য থেকে ভেসে আসা কিছু বেহালার সুর, রবীন্দ্রনাথের গান 'অমল ধবল পালে' কিংবা 'মথুরানগরপতি' , 'পিয়া তোরা ক্যায়াসা অভিমান', 'মেঘ পিওন'- এমনই অনেক গানের কোলাজ আগামী 30 অগস্ট সন্ধ্যায় ফুটে উঠবে জিডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা 6টা থেকে। 31 অগস্ট প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ এর জন্মদিন। চলচ্চিত্রের অলিন্দের বাইরে গিয়েও বিজ্ঞাপনের কাজ, ছবির গানে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ, নানা জনপ্রিয় গানের নেপথ্য কাহিনি আরও কিছু কথা দিয়ে এই সন্ধ্যা সাজিয়েছেন বিশিষ্ট সুরকার-যন্ত্রী দেবজ্যোতি মিশ্র।
সুরকার বললেন," ঋতু একজন বহুমুখী প্রতিভার নাম। নানা বিষয়ে ভীষণ খুঁতখুঁতে, তর্কে হারানো মুশকিল, দারুণ সেন্স অফ হিউমার, আবার খুব সঙ্গীত রসিক একজন মানুষ। সেই ঋতু যিনি আমার কণ্ঠে গান খুব পছন্দ করতেন। রবীন্দ্রনাথের গান সিনেমায় অনন্য সাধারণভাবে ব্যবহার করেছেন। সলিল চৌধুরীর গানের অনুরাগী এমন এক ঋতুকে আমি সেদিন আলোচনায় গানে, যন্ত্রসংগীতে উপস্থাপিত করবো এবং থাকবে এমন কিছু সৃষ্টি যা ভাবা হয়েছিল ব্যবহার করা হবে বলে কিন্তু আর হয়ে ওঠেনি।"
ঋতুপর্ণ ঘোষের সঙ্গে অনেক গুলো কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র। 'উৎসব' হোক বা 'রেনকোট', 'চোখের বালি' বা 'তিতলি' সবই মস্ত হিট। মেঘ, কুয়াশা সরিয়ে পরতে, পরতে ছিল সুরের প্রলেপ। এমনই এক সুর লেপা উঠোনে বসবে সুরের পথ ধরে সেই চেনা ঋতুপর্ণর পাশাপাশি কখনও, কখনও অচেনা ঋতুপর্ণকে জানার আড্ডা।
এদিনের সূত্রধর দেবজ্যোতি স্বয়ং। শিল্পী কখনও বাজাবেন বেহালা, কখনও বা অন্য বাদ্যযন্ত্র। শুভা মুদগাল, শুভমিতা, জয়তী চক্রবর্তী , রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় গাইবেন। মহাভারতের এক বিশেষ অংশের পাঠে থাকবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

