ছেলের অনুপ্রেরণাতে বিউটি পেজেন্টে বঙ্গ তনয়া ! সাফল্য নিয়ে কী বললেন দেবযানী?
17 বছরের ছেলেকে নিয়ে এক সিঙ্গল মায়ের স্বপ্ন পূরণের লড়াই উঠে এসেছে দেবযানীর কথায় ৷

By ETV Bharat Entertainment Team
Published : December 12, 2025 at 6:40 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: ভিডিয়ো জকি হিসেবে বিনোদন দুনিয়ায় পা রাখেন দেবযানী গুহ। সঞ্চালনা, গান, ভরতনাট্যম নৃত্যে পারদর্শী দেবযানী গুহ নিজেকে এটুকুতেই আটকে রাখেননি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেকে নিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা ছিল তাঁর। আর সেটায় সফল হয়েছেন তিনি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করলেন 'মিসেস ইন্ডিয়া কুইন অফ সাবস্ট্যান্স'-এ। সেখানে জুটেছে বিজয়িনীর সম্মান।
এরপর তিনি অংশগ্রহণ করেন 'ওমেন অফ দ্য ইউনিভার্স 2025' নামক বিউটি পেজেন্টে। এখানে ফোর্থ রানার আপ হিসেবে কোয়ালিফাই করেন তিনি। এই প্রতিযোগিতাতেই সেরা শৈল্পিক জাতীয় পোশাক এবং ই-ভোট বিজয়ীর খেতাবও জিতেছেন তিনি, যা ভারতকে একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে গর্বিত করেছে । একটি খেতাব জেতার পরেই নিজেকে প্রচারের আলোয় আনতে চাননি দেবযানী। চেয়েছিলেন আরও কিছু সাফল্য। তাই 'ওমেন অফ দ্য ইউনিভার্স 2025'-এ ফোর্থ রানার আপ হওয়ার পরে ইটিভি ভারতকে সাক্ষাৎকার দিলেন তিনি।
দেবযানী সিঙ্গল মাদার। 17 বছরের ছেলেই তাঁর সব কাজের অনুপ্রেরণা। মা বিউটি পেজেন্টে জিতে আসায় ছেলের দিলখুশ। সাক্ষাৎকারে বসে বিউটি পেজেন্টে যেতে চাইলে কীভাবে তৈরি হতে হবে তার টিপস দেন দেবযানী। কীভাবে খাবে, কীভাবে বসবে? কীভাবে চামচ ধরবে সবই দেখান তিনি। এই মুহূর্তে বিউটি পেজেন্টে যেতে আগ্রহী এমন ছেলেমেয়েদের গ্রুমিং করাচ্ছেন তিনি, জানালেন সাক্ষাৎকারে।
দেবযানী বলেন, "সমাজটা একুশ শতকের হলেও আমাদের মন মানসিকতা অতটা এগিয়ে যায়নি। ডিভোর্সি মেয়ের দিকে সমাজ এখনও বাঁকা চোখে শ্যেনদৃষ্টিতে তাকায়। আমার ক্ষেত্রেও তার বিকল্প কিছু হয়নি। লোকের বাঁকা চোখ সেদিন আমার একরত্তি ছেলেটাকেও ছাড়ত না। মনে আমার জেদ ছিল এই সমাজটার জন্যই আমি কিছু রেখে যাব। সঞ্চালনা করি মূলত। নাচ আর গান প্যাশনের জায়গা। এখন গ্রুমিং করাচ্ছি। এই এতকিছু কখনোই সম্ভব হত না ছেলে পাশে না থাকলে। ছেলের অনুপ্রেরণাতেই বিউটি পেজেন্টে যাওয়ার সাহস দেখাতে পেরেছি। ক্রাউনটা যখন মাথায় উঠল জীবনের সব সমস্যা, খারাপ লাগাগুলো এক লহমায় বিলীন হয়ে গিয়েছিল। বাবা মায়ের অসম্ভব সাপোর্ট ছিল আমার এই জার্নিতে। পাশাপাশি আমি একান্নবর্তী পরিবারের মেয়ে। আমার পরিবারের সবাই দারুণ খুশি আমাকে নিয়ে।"
বিদেশে গিয়ে বিউটি পেজেন্টে অংশগ্রহণ। কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে কখনও? দেবযানী বলেন, "না, সেভাবে কিছু হয়নি। তবে, হলেও আফসোস থাকত না।? কেন না যে সব মুহূর্ত ওখান থেকে নিয়ে ফিরেছি সেখানে কোনও খারাপ ব্যবহার বা এই জাতীয় কিছু তুচ্ছ মনে হবে। অনেকদিনের স্বপ্ন ছিল বিউটি পেজেন্টে যাব। সম্ভব হল 2025-এ।"

