SPECIAL: দুই বাংলাকেই জুড়ছে ব্রাত্য বসুর 'শেকড়' ! কোন অনুভূতিতে ভাসলেন কুণাল-চঞ্চল ?
'পুরনো রেসিপি নতুন ভাবে রান্না করা হয়েছে, তাই দুই বাংলার দর্শক টানবে এই ছবি', ইটিভি ভারতকে একান্তে জানালেন পরিচালক ব্রাত্য বসু, অভিনেতা চঞ্চল চৌধুরী-কুণাল ঘোষ।

By ETV Bharat Entertainment Team
Published : October 18, 2025 at 12:33 PM IST
|Updated : October 18, 2025 at 12:40 PM IST
বোলপুর, 18 অক্টোবর: ভারত-বাংলাদেশের সম্পর্ক যাই হোক না কেন, দুই বাংলার শিল্পীদের নিয়ে জোর কদমে 'শেকড়' চলচ্চিত্রের শুটিং করছেন পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu) ৷ কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু'টি ছোট গল্পকে অন্য রকম মোড়ক দিয়েছেন পরিচালক। ওপার বাংলার শিল্পী চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) সঙ্গে অভিনয় করছেন এপার বাংলার বহু শিল্পী ৷ তবে তৃণমূল-কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই চলচ্চিত্রেও রাজনীতির বাইরে নন ৷ গ্রামের ডাকাবুকো রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ এছাড়াও, রয়েছেন শিল্পী লোকনাথ দে, ঋদ্ধি সেন, সীমা বিশ্বাস প্রমুখ ৷ শুটিংয়ের ফাঁকে ইটিভি ভারতকে একান্তে কী জানালেন পরিচালক ব্রাত্য বসু, অভিনেতা চঞ্চল চৌধুরী ও কুণাল ঘোষ ?
বোলপুর শহরের অদূরে নানুরের মোহনপুর, লাভপুর প্রভৃতি জায়গায় চলছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পরিচালিত 'শেকড়' সিনেমার শুটিং। এই ছবিতে থাকছে নানান চমক৷ প্রথমত, মূলত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু'টি ছোট গল্প অবলম্বনে হচ্ছে এই ছবিটি। 'দ্রবময়ীর কাশীবাস' ও 'দাদু', এই দুটি ছোট গল্পকে অন্য ভাবে মোড়ক দিচ্ছেন পরিচালক ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "দুটি গল্পকে একটি নতুন প্রেক্ষাপট দেওয়া হয়েছে। মূল গল্পের কাঠামো ভেঙেচুরে তৈরি হচ্ছে ৷ বলা যেতে পারে পুরনো রেসিপি নতুন ভিএনতে রান্না করা হয়েছে। উনুনটাও নতুন, কড়াইটাও নতুন ৷ আশা করছি ভালো সারা পড়বে ৷"
তিনি আরও বলেন, "চঞ্চল চৌধুরী খুবই ভালো অভিনেতা ৷ টেকনিক্যালিটির সঙ্গে ইমোশন মিশিয়ে লেন্স সব বোঝে ৷ ওপার বাংলাই ইতিমধ্যেই খুব নামকরা অভিনেতা। এপার বাংলাতেও জনপ্রিয়। তাই আশাবাদী ৷" এই ছবিতে বাংলাদেশের শিল্পী চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করছেন, লোকনাথ দে, সীমা বিশ্বাস, জয়তী চক্রবর্তী, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনুজয় চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ ৷ এছাড়া, অভিনয় করছেন কুণাল ঘোষ। 'গোপাল ঘোষ' নামক ডাকাবুকো এক নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ অভিনেতা কুণাল জানান, এটি তাঁর দ্বিতীয় ছবি।

শুটিংয়ের ফাঁকে ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু প্রথম থেকেই সিনেমা থিয়েটারের ভক্ত ৷ আমি সাংবাদিকতাতেও বিনোদনকে পেজ ওয়ানে নিয়ে এসেছি ৷ যেটাকে মেন স্ট্রিম বলে। খেলায় বড় ম্যাচ হলে পেজ ওয়ানে আসে, সিনেমা রিলিজ হলে আসবে না কেন?" তিনি আরও বলেন, "আমি দর্শক হিসাবে এক রকম ছিলাম ৷ যদিও অতীতে আমার ফিল্ম প্রযোজনা করার অভিজ্ঞতা আছে ৷ আর আমি যেহেতু টিভি মাধ্যমে বহু যুগ করে কাজ করি, তাই উপভোগ করছি ৷ আমার প্রথম ছবি অরিন্দম শীলের 'কর্পূর', তারপর ব্রাত্য বসুর এই 'শেকড়'। চঞ্চলবাবু, লোকনাথ থেকে শুরু করে এক ঝাঁক অত্যন্ত দক্ষ শিল্পী আছেন। আর ব্রাত্যর কাজ মানে ভালো হবেই ৷ নিশ্চিত ভাবে মানুষের ভালো লাগবে।" কুণাল ঘোষের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন আরও এক তৃণমূল নেতা ৷ অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এপার বাংলায় তাঁর দ্বিতীয় পূর্ণাঙ্গ কোনও ছবিতে অভিনয় করলেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "2022 সালে আমি এখানে একটি ছবি করেছিলাম মৃণাল সেনের জীবনীর উপর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ৷ এটি আমার দ্বিতীয় সিনেমা ৷ ছবিটার গল্পটা খুবই জীবন ঘনিষ্ঠ গল্প, গ্রামীণ প্রেক্ষাপট, মাটির গল্প, মানুষের গল্প, শেকড়ের গল্প। ব্রাত্য দা একজন স্বনামধন্য অভিনেতা, পরিচালক, রাজনীতিক। আমি ওনার অভিনয়ের প্রচণ্ড ভক্ত ৷ তবে এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম ৷ এই ছবিতে অনেক বড় বড় রাজনীতিক রয়েছেন, তাঁরা সকলেই শিল্প, সাহিত্য, অভিনয়ের সঙ্গে যুক্ত দেখলাম ৷ গল্পের নির্মাণ কৌশল যেভাবে দেখছি, কলাকুশলীরা দক্ষ তাতে দুই বাংলার মানুষের ভালো লাগবে আশা করি। কারণ এটা বাংলা গল্প, বাংলা ভাষার গল্প, বাংলাদেশের গল্প ৷ কারণ বাংলাদেশের একটা পরিবারেরও এই ধরনের গল্প, এবার এখানেও আছে ৷ তাই এটা সবার।"

অর্থাৎ, ভারত-বাংলাদেশের সম্পর্ক যেমনই হোক না কেন, কাঁটাতারের দুই পারে উত্তাপ থাকুন বা না থাকুক, দুই বাংলার শিল্পীদের নিয়ে 'শেকড়' ছবি জনপ্রিয় হবে আশাবাদী সকলেই ৷ প্রসঙ্গত, এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখা নিয়ে কালজয়ী সিনেমা তৈরি হয়েছে। অস্কার জয়ী প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় একের পর এক 'পথের পাঁচালী', 'অপরাজিত', 'অপুর সংসার' ছবি নির্মাণ করেছেন। এছাড়াও, 'চাঁদের পাহাড়', 'দৃষ্টিদান', 'আরণ্যক' প্রভৃতি। বাংলাদেশের পরিচালক জহিরুল হক পরিচালিত বিভূতিভূষণের ছোটগল্প 'রেনকোট' অবলম্বনে 'মেঘমল্লার' ছবি অতি জনপ্রিয়।
এবার কথাসাহিত্যিকের দু'টি ছোটগল্পকে আকর্ষণীয় মোড়ক দিচ্ছেন পরিচালক ব্রাত্য বসু।

