ETV Bharat / entertainment

বায়োপিকে সৌরভের মায়ের ভূমিকায় কি বাংলার অপরাজিতা

মহারাজের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে হয়তো থাকবেন বোমান ইরানি । মায়ের চরিত্রে তাঁর থাকার বিষয়ে কী বললেন অপা ?

ETV BHARAT
বায়োপিকে সৌরভের মায়ের ভূমিকায় থাকতে পারেন অপরাজিতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 1, 2026 at 1:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 মার্চ: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের বায়োপিক ঘিরে জল্পনা এখন তুঙ্গে । সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রাজকুমার রাওকে দেখা যাবে । এই খবর ফাইনাল । কিন্তু অধিনায়কের মা, বাবা, স্ত্রী - এঁদের ভূমিকায় কারা ? এই নিয়ে আমজনতার আগ্রহ আকাশছোঁয়া । আজ রবিবার, টি-20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত । আর তার আগের রাতেই অর্থাৎ শনিবার রাতে খবর ছড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে বাংলার শক্তিশালী অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে । আর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে হয়তো থাকবেন বোমান ইরানি । এই খবর অপা ভক্তদের উৎসাহের পারদ চড়াবে তা বলাই বাহুল্য ।

যে খবর শোনা যাচ্ছে তা কি সত্যি ? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে, তাঁর সঙ্গে ছবির নির্মাতারা যোগাযোগ করেছিলেন । প্রাথমিক কথাবার্তা হয়েছে । এখনও চুড়ান্ত কোনও কথাবার্তা হয়নি ।

ETV BHARAT
মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌরভ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, বেহালায় অপরাজিতা আঢ্য আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঢিল ছোড়া দূরত্বে । সেদিক থেকে দেখতে গেলে অপরাজিতা এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক প্রতিবেশী । স্থানীয় মন্দিরেও নিরূপা দেবীর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে অপার, একথা তিনি স্বয়ং জানিয়েছেন । মহারাজের মায়ের কপালের উপরে এসে পড়া ঢেউ খেলানো চুল আর বড় টিপ অভিনেত্রীর খুব পছন্দের । উল্লেখ্য, অপরাজিতা নিজেও বড় টিপ পরতে পছন্দ করেন এবং পরেনও । অভিনেত্রীর মাথাতেও এক ঢাল চুল ।...

শোনা যাচ্ছে, টি-20 বিশ্বকাপ ম্যাচ মার্চ মাসের আট তারিখ শেষ হওয়ার পরেই সব ঠিক থাকলে 16 মার্চ থেকে শুরু হবে মহারাজের বায়োপিকের শুটিং । সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস অবশ্য এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ । তিনি জানিয়েছে, আগামিকাল গুরুত্বপূর্ণ ম্যাচ । সে সব মিটলে তার পর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে । তবে, জানা গিয়েছে মার্চ মাসের শুরুতেই কলকাতায় হাজির হবেন ছবির নায়ক রাজকুমার রাও এবং ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে আর তাঁর টিম । ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে রাজকুমার খুঁটিয়ে দেখতে চান বাংলার 'মহারাজ'কে ।

এই ছবিতে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের শৈশবের ক্রিকেট খেলা থেকে তাঁর উত্থান, অধিনায়কত্ব এবং ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান তুলে ধরা হবে । আর সেখানে স্বাভাবিকভাবেই আসবে তাঁর পরিবারবর্গের কথা, যাঁদের চরিত্রায়ণ নিয়ে জল্পনা তুঙ্গে ।