ETV Bharat / entertainment

'কাটাকুটি 2'-তে একের পর এক খুন ! আসল দোষীর খোঁজ দেবেন রাজা চন্দ

শুটিং চলছে 'কাটাকুটি 2' ওয়েব সিরিজের ৷ পরিচালনায় রয়েছে রাজা চন্দ ৷

bengali web series katakuti 2
ওয়েব সিরিজ 'কাটাকুটি 2' (ছবি-সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 31, 2025 at 6:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 ডিসেম্বর: ওটিটি-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'কাটাকুটি 2' । এসে গিয়েছে সিরিজের প্রথম ঝলক । এই সিরিজের পরিচালনায় রাজা চন্দ । আর প্রযোজনায় 'রাজা চন্দ ফিল্মস'। এর কাহিনি রম্বাসের । চিত্রনাট্য লিখেছেন রুদ্রদীপ চন্দ । চিত্রগ্রহণে অনির ।

'কাটাকুটি 2'-একটি অন্ধকার মনস্তাত্ত্বিক থ্রিলার, যা ট্রমা বা মানসিক আঘাতের চক্র, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং একজন বাবার কলঙ্কমুক্ত হওয়ার মরিয়া লড়াইয়ের গল্প বলে । গল্পের শুরু হয় সমীর মণ্ডলের জেলমুক্তি দিয়ে । সে একজন ছাত্রীকে খুনের অভিযোগে দীর্ঘ সাত বছর জেল খেটেছে । আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাকে মুক্তি দিলেও সমাজ এবং তার নিজের পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকার করে ।

bengali web series katakuti 2
'কাটাকুটি 2' (ছবি-সংগৃহীত)

সমীর জেল থেকে বেরিয়ে দেখে, স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে । সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন বিশ্বাস করে সমীরের নির্দোষ এবং একটি সমান্তরাল তদন্ত শুরু করে । তারা সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামের বিন্তি নামক এক কিশোরীর পুরনো খুনের মামলার সন্ধান পায়, যার সঙ্গে নন্দিনী খুনের অদ্ভুত মিল রয়েছে । দুই শিকারই ছিল বাঁ-হাতি শিল্পী এবং তারা পায়ে রুপোর মল পরত ।

bengali web series katakuti 2
'কাটাকুটি 2' গল্পের শেষে ভয়াবহ মোড় রয়েছে (ছবি-সংগৃহীত)

তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম । ধ্রুব একজন আর্ট টিচার, যার শৈশব কেটেছে বুল্টি নামক এক মহিলার হাতে চরম নির্যাতনের মধ্যে । সেই পুরনো ট্রমা থেকেই ধ্রুব সেইসব তরুণী শিল্পীদের টার্গেট করে, যাদের মধ্যে সে বুল্টির ছায়া দেখতে পায় । গল্পের চূড়ান্ত পরিণতি ঘটে একটি নির্মীয়মাণ বহুতলে, যেখানে ধ্রুব তার পরবর্তী শিকার হিসেবে সমীরের মেয়ে তুলিকে ভুলিয়ে নিয়ে যায় ।

bengali web series katakuti 2
সিরিজের প্রথম ঝলক সামনে এসেছে (ছবি-সংগৃহীত)

ঠিক শেষ মুহূর্তে সমীর সেখানে পৌঁছে নিজের মেয়েকে বাঁচায় । এই পৈশাচিক খুনিকে চিরতরে থামাতে সমীর নিজের প্রাণ উৎসর্গ করে এবং ধ্রুবকে জড়িয়ে ধরে বহুতল থেকে নিচে ঝাঁপ দেয় । সমীর তার মেয়ের চোখে নির্দোষ প্রমাণিত হয়ে বীরের মতো মৃত্যুবরণ করে । তবে গল্পের শেষে একটি ভয়াবহ মোড় আছে । সেটাই চমক বলা যায় ।

bengali web series katakuti 2
'কাটাকুটি 2'-একটি থ্রিলার ওয়েব সিরিজ (ছবি-সংগৃহীত)

'কাটাকুটি 2'-তে বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, শ্রীজা ভট্টাচার্য, পুষন দাশগুপ্ত, রানা বসু ঠাকুর, জয়তী চক্রবর্তী, আলকারিয়া হাশমী, অলকনন্দা রায় প্রমুখ ।