ETV Bharat / entertainment

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক প্রয়াত

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেও অবশেষে হার মানলেন অভিনেত্রী । রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় ৷

ETV BHARAT
প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক (চিত্র: সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 29, 2025 at 1:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: বছরের শেষে আবারও দুঃসংবাদ বিনোদনের দুনিয়ায় । প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক । দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন । তবে হল না শেষরক্ষা । সোমবার সকাল 8:50 মিনিটে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

পরিচালক বাবু বণিক দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ । সামাজিক মাধ্যমে তিনিই জানিয়েছেন অভিনেত্রীর মৃত্যুর খবর । ইটিভি ভারতকে তিনি বলেন, "অনেক লড়াই করল । আর পারল না । ওর ছেলেমেয়ে অনেক চেষ্টা করেছে মাকে ভালো রাখার । আজ আর কিছুই ভালো লাগছে না ।" বাবু বণিক জানিয়েছেন, অভিনেত্রীর মরদেহ টেকনিশিয়ান স্টুডিয়োয় আনা হবে না ৷

ETV BHARAT
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেও অবশেষে হার মানলেন (চিত্র: সোশাল মিডিয়া)

ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক । এর চিকিৎসার খরচ কম নয় । প্রয়োজন ছিল আরও 12 লক্ষ টাকার । মায়ের চিকিৎসার জন্য সোশাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ । ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোড শেয়ার করেছিলেন অচ্যুত ।

উল্লেখ্য, জাহানারা, লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ-এর মতো ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী শ্রাবণী বণিক । মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অভিনেত্রীর ছেলে সোশাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট শেয়ার করে লেখেন, "ক্যানসার কখনওই শুধু একজন মানুষের লড়াই নয় । এটি ছড়িয়ে পড়ে তাঁর সব প্রিয়জনের জীবনে । যারা পাশে থাকে, যত্ন করে, ভালোবাসে তাদের প্রত্যেকের দিন-রাতকে নতুনভাবে গড়ে তোলে এই রোগ । সময় তখন আর বছর-তারিখে মাপে না, মাপা হয় মুহূর্তে, সাহস-সহনশীলতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তিতে ।"

তবে, অভিনেত্রীর সব লড়াই থেমে গেল আজ । তাঁর এই অসময়ে চলে যাওয়াকে মেনে নিতে পারছে না সতীর্থরা । অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায় লিখেছেন, "তোমার বাড়ি গিয়ে আড্ডা মারাটা আর হল না ।"

অভিনেত্রী সোহন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে বসেছো, জানতে পেরেছিলাম ক'দিন আগে । কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি । অন্য কার কী মত জানি না, তবে আমার দেখা এই সময়কার অন্যতম সেরা অভিনেত্রী ছিলে তুমি । ভালো থেকো শ্রাবণী ।"

অভিনেতা দেবদূত ঘোষ লেখেন, "শ্রাবণী আমার কমরেড ছিল ! ক্ষমতা যখন বেশিটাই গিলে নিচ্ছে ও তখন আমাদের মিছিলে হাঁটছিল।... এই অসময়ে ওর চলে যাওয়া !...স্বজন ও সুজনকে হারালাম ! লাল সেলাম কমরেড শ্রাবণী বণিক !"

প্রয়াত অভিনেত্রীর উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন শ্রুতি দাস, স্বর্ণেন্দু সমাদ্দার, শ্রমণা ঘোষ-সহ আরও অনেকে ।