আসছে 'লেডি চ্যাটার্জি- সিজন টু', হাজির চরিত্রদের লুক
'লেডি চ্যাটার্জি' যেমন রহস্য উন্মোচন করে, তেমনই আবার অবসরে মাদক দ্রব্যকে সঙ্গী হিসেবে বেছে নেয়। ফলে, অন্য সব গোয়েন্দা চরিত্র থেকে এটি একেবারেই আলাদা।

By ETV Bharat Entertainment Team
Published : April 8, 2026 at 4:08 PM IST
কলকাতা, 8 এপ্রিল: দর্শকের দরবারে ফিরছে 'লেডি চ্যাটার্জি'। এবার আসছে 'লেডি চ্যাটার্জি টু'। পুরুষ গোয়েন্দাদের পাশাপাশি মহিলা গোয়েন্দাদের সংখ্যাও নেহাত কম নয়। ওটিটির ডাকাবুকো মহিলা গোয়েন্দা চরিত্র যাজ্ঞসেনী চট্টোপাধ্যায়, বলা ভালো 'লেডি চ্যাটার্জি'কে আজ কে চেনে না? কথা হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'-র সিরিজ 'লেডি চ্যাটার্জি' নিয়ে।
প্রথম সিজনেও এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অরুণিমা ঘোষকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা দেবাশিস মণ্ডল ও অভিনেত্রী অলিভিয়া সরকার। এবার পালা এই সিরিজের দ্বিতীয় সিজন আসার। আর এই সিজনের নতুন সংযোজন অভিনেতা রোহন ভট্টাচার্য। আগেরবারের মতোই এই সিজনের পরিচালনার দায়িত্বে আছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। 'লেডি চ্যাটার্জি' যেমন রহস্য উন্মোচন করে, তেমনই আবার অবসরে মাদক দ্রব্যকে সঙ্গী হিসেবে বেছে নেয়। ফলে, অন্য সব গোয়েন্দা চরিত্র থেকে এটি একেবারেই আলাদা। লেডি চ্যাটার্জি ফিরছে এক নতুন রহস্যের সমাধান করতে।
পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় বলেন, "হিরো মানেই সে দারুণ ভালো, তার সব ভালো এমনটা আমি বানাতে চাইনি। আমি এমন একজন হিরোকে বানাতে চেয়েছিলাম যে কিনা দোষে গুণে মেশানো রক্তমাংসের মানুষ। লেডি চ্যাটার্জি তেমনই একজন দোষ-গুণের মানুষ। সে ক্রাইম সলভ করে নেশার টাকা জোগাড় করার জন্য। নেশার টাকা না পেলে সে ক্রাইম সলভ করে না। এই চরিত্রটার জন্য মহিলাই চেয়েছিলাম। আমরা সবসময় অর্জুনকেই যুদ্ধে জিততে দেখেছি পার্থসারথিকে সঙ্গে নিয়ে। অর্জুন অস্ত্র ফেলে দিলে যাজ্ঞসেনী অস্ত্র তুলে নিত বলে আমার বিশ্বাস। আমার লেডি চ্যাটার্জি সেই যাজ্ঞেসেনী যে অস্ত্র হাতে তুলে নিয়েছে যখন পুরুষ ফেল করেছে। সেই জায়গাটাও হাইলাইট করতে চেয়েছিলাম আমি। এটা মূলত মার্ডার মিস্ট্রি। আগের সিজনে যে চরিত্রগুলো দেখানো হয়েছিল সেগুলো এখানে সম্পর্কে পরিণতি পাচ্ছে কি না সেটা দেখার এবারের সিজনে।"
এবারের গল্পে দেখা যেতে চলেছে রোহনকে। তবে তাঁর চরিত্রটি নিয়ে রহস্য রয়েছে। কেমন অবতারে আসবেন তিনি তা নিয়ে কিছুই জানা যায়নি এখনও অবধি। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক তাও জানা যায়নি। তবে রোহনের চরিত্রটি যে বেশ বড়সড় চমক আনছেন সেটা আন্দাজ করা যায়।

