2026 সালেই 'খাঁচা' আসবে বড় পর্দায়, ঘোষণা মুক্তির দিন
চলতি বছর মুক্তির পথে একগুচ্ছ বাংলা ছবি । পাইপলাইনে আছে আরও হয়তো বেশ কিছু ছবি । একে একে আসছে সেই সব খবর ।

By ETV Bharat Entertainment Team
Published : January 4, 2026 at 8:04 PM IST
কলকাতা, 4 জানুয়ারি: চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে 'খাঁচা' ৷ গত বছর ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসে । এবার জানা গেল 'খাঁচা' ছবি মুক্তির দিনক্ষণ ।
ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী । কাহিনি, চিত্রনাট্য ও অনির্বাণেরই । ক্যামেরা সামলেছেন মলয় মণ্ডল, সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায় এবং অমিত । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালি চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত, নবাগতা পূজা চট্টোপাধ্যায়, নবাগতা শ্রুতি মিত্র । এই ছবির হাত ধরেই পর্দায় প্রথমবার বড় পর্দায় কমলেশ । রয়েছেন পূজা সরকার, শ্রীতমা বৈদ্য, অলোক সান্যাল প্রমুখ ।

গল্পের দিকে তাকালে দেখা যায়, নুন আনতে পান্তা ফুরানো, হতদরিদ্র গ্রাম টিয়াবন দেখতে আপাতদৃষ্টিতে শান্ত । পুলিশের খাতাতেও কোনও ব্যাপারেই খুব একটা কোনও অভিযোগ জমা পড়ে না । তবে, বেশ কিছু গ্রামে গভীরভাবে কান পাতলে বোঝা যায়, শান্ত জায়গা মোটেও শান্তিতে নেই । এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে । গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস ওরফে মামা এবং তার প্রথম স্ত্রী মীনাক্ষী দেবী ওরফে মামি ।

কত ছোট ছোট নিষ্পাপ মেয়ের জীবন যে ওরা নষ্ট করে চলেছে, তার ইয়ত্তা নেই । কমলেশ ওই গ্রামেরই ছেলে । ছোটবেলায় তার দিদিকে মামি এবং তার দলবল তুলে নিয়ে গিয়েছিল তার সামনেই । কিন্তু সে তখন কিছুই করতে পারেনি । তার মা পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ জমাই নেয় না । উলটে কে বা কারা তার মা'কেই পৃথিবী থেকে সরিয়ে দেয় । দিদিকে সে আজও খুঁজে পায়নি । তার লড়াই চলছে মামার বিরুদ্ধে, মামির বিরুদ্ধে ৷ সে সব অসাধু মানুষগুলোর বিরুদ্ধে, যারা এই সমাজকে কলুষিত করেছে ৷ যারা গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের মেয়ে-বউদের পাচার করে দিচ্ছে ।


গতিময় কাহিনির পরতে পরতে রয়েছে রোমহর্ষক দ্বন্দ্ব, আর অধর্মের অধঃপতনের দুর্ধর্ষ সংঘাতের অ্যাকশন । টানটান চিত্রনাট্যে আলো আঁধারের হিসেব নিকেশ । অবশেষে কীভাবে সত্যের জয় হয়, সেই নিয়েই আবর্তিত খাঁচার কাহিনি । 'খাঁচা' ছবিটি মুক্তি পানে চলতি বছরের 6 ফেব্রুয়ারি ।


