ETV Bharat / entertainment

বড়পর্দায় এবার 'জম্বি ইউনিভার্স' ! বলিউডে নতুন দিগন্ত খুলছেন বাঙালি পরিচালক গৌরব

কবে মুক্তি পাচ্ছে 'জোর' ?

bengali-director-gouraab-dutta-debut-in-bollywood-with-horror-comedy-zombie-survival-hindi-feature-film-zorr
বলিউডে নতুন দিগন্ত খুলছেন বাঙালি পরিচালক গৌরব (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 6, 2026 at 4:20 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 6 জানুয়ারি: বাংলার পরিচালকের এবার বলিউডে পা ৷ বাংলা, হিন্দি, মারাঠি, ভোজপুরি ও অসমিয়ার প্রায় 350টিরও বেশি ছবিতে কাজ করার পর এবার বলিউডে নতুন অধ্যায়ের সূচণা করছেন পরিচালক গৌরব দত্ত (Gouraab Dutta) ৷ গল্পও বেছেছেন ভিন্ন ধারার ৷ এতদিন যে কাহিনি হলিউডের পর্দায় দেখা যেত, এবার গৌরবের হাত ধরে হরর-কমেডি ধরা দেবে বিটাউনে ৷ মুক্তির অপেক্ষায় হরর-কমেডি 'জোর' (Zorr) ৷ যেখানে জম্বি থ্রিলের সঙ্গে কমেডির মিশেল ঘটিয়েছেন পরিচালক ৷ নতুন এই জার্নি নিয়ে অকপট পরিচালক গৌরব ৷

ইটিভি ভারত: বাংলা থেকে বলিউডে ডেবিউ, ভয় লাগছে ?

গৌরব: না। একদম ভয় লাগছে না। সিনেমা আমার প্রথম ভালবাসা। আর সিনেমার থেকে বড় বন্ধু আমার কেউ নেই। তাই প্রথম ভালবাসা আর সবথেকে প্রিয় বন্ধুর হাত ধরে যেখানে খুশি যাওয়া যেতে পারে। কোনওরকম ভয়ের প্রশ্নই ওঠেনা।

ইটিভি ভারত: পর্দায় এবার জম্বি ! এই ধরনের গল্প ভাবার নেপথ্যের কারণ কী ?

গৌরব: জম্বি (Zombie) নিয়ে সেরম কাজ হয় না ভারতে। আমরা সবাই হলিউডে, নেটফ্লিক্সে, এমন আরও অনেক জায়গায় প্রতিদিন কিছু না কিছু কনটেন্ট দেখি জম্বি নিয়ে ৷ কিন্তু ভারতে সেইরকম ভাবে এই বিষয় নিয়ে কাজ হয় না। 2013 সালে go goa gone সিনেমা হয়েছিল। তারপর প্রপার এই বিষয় নিয়ে কাজ হয়নি। আর জম্বি ইউনিভার্স (Zombie Universe) তৈরি করার আমার অনেক দিনের ইচ্ছে।

2019 সাল থেকে এই প্লট নিয়ে ভাবনা চিন্তার শুরু ৷ 2021-এ এসে আমি আর আমার রাইটার শেখর কাঞ্জিলাল মিলে এই Zombie Universe এর জন্ম দিই। এই ইউনিভার্সের একটা মজার জিনিস হল, আমরা Zombie Survival-এর থিমটা-কে একটা কমেডির সঙ্গে জুড়েছি ৷ যাতে দর্শক মজা পায়। আমাদের মূল গল্প অনেকটা বড় ৷ সেই গল্পের একটা অংশ হল 'জোর' ৷ আগামী দিনে ইচ্ছা আছে হয়তো এর সিক্যুয়েল-প্রিক্যুয়েল বা সিরিজ নিয়ে আমরা কাজ করব দর্শকদের জন্য।

ইটিভি ভারত: সিনেমার লোকেশন হিসাবে কোথায়-কোথায় শুট হয়েছে ?

গৌরব: এই গল্পটাতে জায়গাটা দেখানো হয়েছে দিল্লি। তবে আমরা কলকাতা আর দিল্লি দু'টো জায়গা মিলিয়ে শুট করেছি। কিন্তু গল্পটা দেখানো হয়েছে দিল্লির একটা অফিস হাবকে কেন্দ্র করে।

ইটিভি ভারত: জম্বি-র মতো বিষয় নিয়ে হলিউডে অনেক কাজ হয়েছে ৷ বলিউডে এমন থিম নতুন ৷ কতটা চ্যালেঞ্জিং ?

গৌরব: চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। হলিউডে যে পরিমাণ বাজেট বা টেকনোলজি থাকে, এখানে সেই সব পেতে গেলে ভীষণ বড় একটা ভিশন থাকতে হবে সঙ্গে বাজেট ৷ আর বলিউডে এই ধরনের গল্প নিয়ে কাজ করতে গেলে আগে নিজেকে প্রমাণ করাটা খুব জরুরি হয়ে পড়ে। কতটা প্রমিসিং হচ্ছে কনটেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ ৷ তাই কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ অবশ্যই ছিল ৷ কিন্তু আশা রাখছি আমরা কাউকে নিরাশ করব না।

ইটিভি ভারত: এই ধরনের গল্পে চিত্রনাট্যের পাশাপাশি মেকআপ, টেকনিক্যাল দিক, ভিএফএক্স বড় ভূমিকা রাখে ৷ কীভাবে সামলেছেন ?

গৌরব: এই ধরনের গল্পে সব ইউনিটেরই গুরুত্ব রয়েছে ৷ টেকনিক্যাল দিক থেকে প্রস্থেটিক মেকআপ, অ্যাকশন কোরিয়োগ্রাফি, ভিএফএক্স, মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর- সবটাই একে অপরের সঙ্গে যুক্ত ৷ একটা ব্রিজের মতো। কোনও একটা দিক যদি খারাপ হয়ে যায় তবে সেতু ভেঙে যাবে। প্রথম থেকে যেমন আমরা মেকআপ-এর উপরে ভীষণ জোর দিয়েছি। কারণ আমরা চেয়েছিলাম যে আমার সিনেমাতে জম্বি যেন আসল লাগে। তাই 80 শতাংশ মেকআপ প্রস্থেটিক ব্লাড আর বাকিটা ভিএফএক্স করা হয়েছে। এই ভাবেই পুরো ব্যাপারটায় যোগ করা হয়েছে ৷

ইটিভি ভারত: বলিউডে ডেবিউ ৷ অন্যদিকে, সিনেমায় চেনা মুখের ভিড় নেই ৷ এই সিনেমার ইউএসপি কী ?

গৌরব: কনটেন্ট বা বিষয় ৷ আমার কনটেন্টটাই হল আসল হিরো। গল্প আর তার ইউনিভার্স হল আসল ইউএসপি।

ইতিমধ্যেই জোর সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে ঋষভ চাড্ডা (জীতু চরিত্র), আকাশ মাখিজা (গুড্ডু চরিত্র), প্রান্তিকা (সরস্বতী চরিত্র), জয় সেনগুপ্ত (অফিসের বস), শেখর কাঞ্জিলাল (গৌরিশঙ্কর চরিত্র), কাব্য কাশ্যপকে (নীধি চরিত্র) ৷ এছাড়াও রয়েছেন সোনম অরোরা, রিকি তিওয়ারি, বিজয় সিং-সহ আরও অনেকে ৷ প্রযোজনা করেছে কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট ৷ 16 জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে গৌরব দত্তের 'জোর' ৷