অক্ষয় কুমারের সঙ্গে জুটিতে রুক্মিণী মৈত্র ! কোন ছবিতে দেখা যাবে বং তনয়াকে ?
কনিষ্ক বর্মা পরিচালিত হিন্দি সায়েন্স-ফিকশন এলিয়েন সারভাইভাল-অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন রুক্মিণী ৷

By ETV Bharat Entertainment Team
Published : September 2, 2026 at 2:23 PM IST
হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: বিদ্যুৎ জামালের বিপরীতে 'সনক' সিনেমার হাত ধরে বিটাউনে আত্মপ্রকাশ করেন বাংলার মেয়ে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ৷ বর্তমানে মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা অভিনেত্রী ৷ এবার তিনি কেরিয়ারে পেতে চলেছেন আরও বড় ব্রেক ৷ খবর, 'খিলাড়ি' অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী ৷
শোনা যাচ্ছে, অক্ষয় কুমার অভিনীত এবং কনিষ্ক বর্মা পরিচালিত হিন্দি সায়েন্স-ফিকশন এলিয়েন সারভাইভাল-অ্যাকশন থ্রিলার 'সামুক' (Samuk) ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন রুক্মিণী ৷ ফলে, অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণীর ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন তা বলাই যায় ৷
যদিও এই বিষয়ে অভিনেত্রী এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি ৷ তবে, এমন বড় বাজেটের ছবিতে রুক্মিণীর পা রাখা, তাঁর কেরিয়ারে বড় টার্নিং পয়েন্ট তা বলাই যায় ৷ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। আসন্ন সিনেমাটি বিশ্বমানের নির্মাণশৈলী ও বিশাল পরিসর নিয়ে একটি 'প্যান-ইন্ডিয়ান' থিয়েট্রিক্যাল সিনেমা হিসেবে তৈরি করা হচ্ছে। গত দু'বছরেরও বেশি সময় ধরে এই প্রজেক্টটির প্রস্তুতি চলছে ৷
অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত 'ক্রিয়েচার ইফেক্টস' ডিজাইনার অ্যালেক গিলিস-যিনি 'এলিয়েন' ও 'প্রেডেটর' ফ্র্যাঞ্চাইজি এবং 'এলিয়েন: রোমুলাস'-এর মতো সিনেমায় কাজ করেছেন, এই সিনেমার কেন্দ্রীয় এলিয়েনটির নকশা করেছেন। পাশাপাশি, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক মানের কলাকুশলীরা ৷ রয়েছেন ব্রিটিশ অ্যাকশন ডিরেক্টর লুক টাম্বার, যিনি অ্যাকশন ডিজাইনার হিসেবে সিনেমাটিতে শারীরিক কসরত-নির্ভর ও জোরালো অ্যাকশন দৃশ্য উপহার দেবেন।
অন্যদিকে, মার্ভেল স্টুডিওর ছবি 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'-তে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করা ক্রিস পিটার্স, পরিচালক কনিষ্ক বর্মার এই ছবিতে যোগ দিয়েছেন ৷ সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মা ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন ব্রিটেনে। বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে 'সামুক'। কল্পবিজ্ঞান ভিত্তিক যে সিনেমার গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই।

