'ভুলভুলাইয়া 3'-এর পর ফের বলিউডে প্রান্তিকা, শুরু নতুন ইনিংস
কোন ছবিতে দেখা যাবে প্রান্তিকা দাসকে ? চরিত্রের নামই বা কী ? কবে মুক্তি পাবে তাঁর ছবি ?

By ETV Bharat Entertainment Team
Published : January 3, 2026 at 8:16 PM IST
কলকাতা, 3 জানুয়ারি: বেশ ধামাকা দিয়েই নতুন বছর শুরু করতে চলেছেন অভিনেত্রী প্রান্তিকা দাস । ফের তিনি বলিউডে । 'ভুলভুলাইয়া 3'-এ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল । স্বাভাবিকভাবেই কৌতূহল এবার তুঙ্গে । কার বিপরীতে দেখা যাবে প্রান্তিকাকে ?
নতুন বছরে প্রান্তিকার নতুন ইনিংস শুরু । 'ভুলভুলাইয়া 3'-এ তাঁকে ছোট একটি চরিত্রে দেখা গেলেও এবার তিনি লিড রোলে ৷ তিন বন্ধুর গল্প । ছবির নাম 'জোর' । এই তিন বন্ধুর একজন হলেন প্রান্তিকা । জিতু, গুড্ডু এবং সরস্বতী-এই তিন বন্ধুর নানা কীর্তিকলাপ নিয়েই হরর-কমেডি ছবি 'জোর' ।

সরস্বতীর চরিত্রে অভিনয় করছেন প্রান্তিকা । অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা । ঋষভ এবং আকাশ দু'জনেই এখন ওটিটি এবং বড় পর্দায় যথেষ্ট পরিচিত নাম । এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন জয় সেনগুপ্ত ।
নতুন বছরে ফের বলিউডে পা রেখে কেমন লাগছে প্রান্তিকার ? তিনি বলেন, "হিন্দি ছবিতে কাজ করতে সব সময়ই ভাল লাগে । অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায় । সারা দেশের মানুষের কাছে নিজের কাজ দেখানোর একটা সুযোগ থাকে । 'জোর' আমার কাছে খুব স্পেশাল । সরস্বতীর চরিত্রটা খুব চ্যালেঞ্জিং ।"

তিনি আরও বলেন, "সরস্বতী খুবই উচ্চাকাঙ্খী । সে তার আকাঙ্ক্ষা পূরণ করতে সব কিছু করতে রাজি । অনেক দূর অবধি সে যেতে পারে। সে জানে সে সুন্দরী, তার এই সৌন্দর্যকেও সে কাজে লাগায় । তিন বন্ধুর গল্প এটা । ভয়, মজা,গান, অ্যাকশন সবই আছে । প্রচুর ভিএফক্সও আছে । খুব মজা করে আমরা শুটিং করেছি । যেহেতু এটা হরর-কমেডি, বেশ কয়েকটা ভয়ের দৃশ্য আছে । সত্যি সত্যি ভয় পেয়েছিলাম শুটিং করতে গিয়ে । সব মিলিয়ে আশা করছি 'জোর' মানুষের ভাল লাগবে ।"

প্রান্তিকা আগের বছর বাংলা ছবি 'ভর্গ'-এ অভিনয় করেছিলেন । বিপরীতে ছিলেন সৌরভ দাস । এই নতুন বছর শুরু হিন্দি ছবি দিয়ে । এছাড়াও একটি ওড়িয়া ছবির জন্য উনি এখন শুটিং করছেন । আরও কিছু ছবির কথা চলছে ।
'জোর' সারা দেশে মুক্তি পাচ্ছে 16 জানুয়ারি । ছবির পরিচালক গৌরব দত্ত । প্রযোজনায় কেএসস প্রোডাকশন । জম্বিদের নিয়ে হরর-কমেডি ছবি । 'জোর' প্রান্তিকার কেরিয়ারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে । ছবির বক্স অফিস প্রান্তিকার বলিউড-যাত্রাকে সুদীর্ঘ করবে কি না তা সময় বলবে ।

