ETV Bharat / entertainment

শহরের বুকে দুটি পৃথক শাস্ত্রীয় সঙ্গীতের আসর, মঞ্চ মাতাবেন কারা?

কবে-কোথায় বসবে শাস্ত্রীয় সঙ্গীতের আসর ?

behala-classical-festival-and-on-memory-of-pandit-ravi-shankar-other-music-dance-performance-programme-in-kolkata
শাস্ত্রীয় সঙ্গীতের আসর (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 7, 2026 at 12:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জানুয়ারি: শীতকাল মানেই দিকে দিকে নানা ধাঁচের সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। কনকনে ঠান্ডা হোক বা হালকা ঠান্ডা, দর্শক-শ্রোতার অভাব পড়ে না আসনে। আগামী 10 এবং 11 জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। সময় বিকেল 5টা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উদযাপনে দুই দিনের উৎসবে শিল্পীরা স্মরণ করবেন পণ্ডিত রবি শঙ্করকে । এই অনুষ্ঠান তাঁকেই উৎসর্গ করা হয়েছে। উদ্যোগে প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস।

10 জানুয়ারি, একক ওড়িশি নৃত্য পরিবেশন করবেন বিদুষী সুজাতা মহাপাত্র, কণ্ঠ সঙ্গীতে ওমকার দাদরকার, উজ্জল ভারতী,‌ মালয়েশিয়ার পিএফএ, ইনার স্পেস ডান্স উমেষ শেট্টির সংস্থার নৃত্য পরিবেশন, কত্থক নৃত্য পরিবেশনায় প্রেরণা পারফর্মিং আর্টস এর। পরিচালনায় লুনা পোদ্দার।

11 জানুয়ারি তবলায় পণ্ডিত কুমার বোস, রোহেন বোস, সেতারে উস্তাদ শাহিদ পারভেজ খান, সেতার ও সরোদের যুগলবন্দী জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মুখোপাধ্যায়, শেষে কত্থক পরিবেশন করবেন প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস-এর ডিরেক্টর লুনা পোদ্দার।

লুনা পোদ্দারের কথায়, "এটা একটা বৈঠকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে। আমাদের এই উৎসব 'সম্বন্ধ', ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের সাথে মিশে গেছে। এই অনুষ্ঠানে আলোর মায়াজাল বুনবেন দীনেশ পোদ্দার।"

পাশাপাশি শহরে ফিরছে 'বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল'। এবার চতুর্দশতম বর্ষে পদার্পণ করবে এই ফেস্টিভ্যাল। এ বছর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হবে। উৎসব চলবে আগামী 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি অবধি। বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব। প্রতিদিন বিকেল 5:30টা থেকে।

শহরে শীত পড়তেই এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সঙ্গীত প্রিয় মানুষ। তাঁদের জন্য 'বেহালা ক্লাসিকাল ফেস্টিভাল' সমাদৃত প্রথম দিন থেকেই। এবারের আকর্ষণ- 11 জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন কেড়িয়া ব্রাদার্স (সরোদ ও সেতারের যুগলবন্দী ), হরিশ তিওয়ারি (কণ্ঠ সঙ্গীত)। 12 জানুয়ারি পণ্ডিত অজয় চক্রবর্তী (কণ্ঠ সঙ্গীত), রাহুল শিবকুমার শর্মা (সন্তুর), সূর্যদীপ্ত ভট্টাচার্য (চতুরঙ্গী)। 13 জানুয়ারি পূর্বায়ণ চট্টোপাধ্যায় (সেতার), অভিষেক বরকার (সরোদ), সঙ্গীত মিশ্র (সারেঙ্গী), অম্বি সুব্রমণিয়াম (বেহালা)। 14 জানুয়ারি তেজস্বিনী ডি ভারনেকর ( কণ্ঠ সঙ্গীত ), শুভেন্দ্র রাও (সেতার), সরওয়ার হোসেন (সারেঙ্গী), হরিপ্রসাদ চৌরাসিয়া, রাকেশ চৌরাসিয়া (বাঁশি), ওজাস আধিয়া (তবলা)।

উল্লেখ্য, এবারের জীবনকৃতি সম্মান প্রদান করা হবে বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে। বেহালা সাংস্কৃতিক সম্মিলনী সংস্থার পক্ষ থেকে সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানালেন," গত তেরো বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই বাৎসরিক অনুষ্ঠান। এ বছর জীবনকৃতি সম্মান প্রদান করা হবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে। এর আগে এই সম্মান প্রদান করা হয়েছে পণ্ডিত পারভিন সুলতানা, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো আরও অনেক বিশিষ্ট সঙ্গীতজ্ঞকে। ভালো লাগছে আরও একবার আমরা আবার এই অনুষ্ঠানে এক হতে পারছি।"