প্রথমবার বাফটা মঞ্চে আলিয়া, 'জিগরা' অভিনেত্রীর কাণ্ডে প্রশংসা নেটপাড়ায়
আলিয়া ভাটের এই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 23, 2026 at 10:24 AM IST
হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: প্রথমবার বাফটা মঞ্চে পা রেখেই স্পটলাইট কাড়লেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ৷ রবিবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল 79তম ব্রিটিশ আকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর (BAFTA 2026) ৷ উপস্থাপক হিসাবে প্রথমবার গুরু দায়িত্ব পান আলিয়া ৷ আর সেই দায়িত্ব তিনি মর্যাদার সঙ্গে সম্পন্ন করেছেন ৷ উপস্থাপক হিসেবে মঞ্চে অভিনেত্রী হিন্দিতে উষ্ণ 'নমস্কার' দিয়ে তাঁর বক্তৃতা শুরু করেন ৷ যা তাৎক্ষণিকভাবে অনুরাগীদের মধ্যে সাড়া ফেলে। আলিয়ার এই পদক্ষেপে ভারতীয় হিসাবে বিশ্ব মঞ্চে গর্ব অনুভব অনুরাগীদের ৷
আলিয়ার হিন্দিতে ভাষণ
বাফটা (BAFTA 2026) অনুষ্ঠানে, আলিয়া ইংরেজি ভাষার বাইরের সেরা সিনেমার পুরস্কার প্রদানের জন্য মঞ্চে উঠেছিলেন। বক্তৃতা শুরু করার সঙ্গে সঙ্গে অভিনেতা হিন্দিতে দর্শকদের অভিনন্দন জানান এবং তারপরে ইংরেজিতে তাঁর বক্তব্য রাখেন।
তিনি হিন্দিতে বলেন, "নমস্কার ৷ এর পরের পুরস্কার এক এমন সিনেমা জিতে নিয়েছে, যা ইংরেজিতে নয় ৷" 'জিগরা' অভিনেত্রী বলতে থাকেন, "এখনই সাবটাইটেলের দিকে জন্য হাত বাড়াবেন না। আমি কেবল হিন্দিতে বলছিলাম যে পরবর্তী পুরস্কার এমন একটি সিনেমার জন্য যা ইংরেজি ভাষায় নয়। কারণ সিনেমা যখন অসংখ্য কণ্ঠে কথা বলে, আমরা সর্বদা তখন উদযাপন করি সিনেমার ভাষা। আমরা সকলেই সাবলীলভাবে কথা বলি।"
এরপরেই আলিয়া পুরস্কারের জন্য নমিনেশন পাওয়া সিনেমার নাম গুলি বলেন ৷ প্রতিযোগিতায় ছিল, 'ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট', 'দ্য সিক্রেট এজেন্ট', 'দ্য সেন্টিমেন্টাল ভ্যালু', 'সিরাত' ও 'দ্য ভয়েস অফ হিন্দ রাজব' ৷ বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গোয়েজ-এই ক্যাটাগরিতে সেরার সেরা পুরস্কার জিতেছে 'দ্য সেন্টিমেন্টাল ভ্যালু'৷
নেটপাড়ায় উচ্ছ্বাস অনুরাগীদের
আলিয়ার হিন্দিতে বক্তৃতা শুরু করার ভিডিয়োটি নিমেষে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ অনুরাগীরা অভিনেত্রীর এই কর্মকাণ্ডে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন ৷ অনেকে আবার এই মুহূর্তটিকে আইকনিক বলে প্রশংসা করেছেন এবং বিশ্ব মঞ্চে তাঁর ভারতীয় শিকড়কে প্রতিনিধিত্ব করার জন্য প্রশংসা করেছেন।
এক নেটিজেন লিখেছেন, "আলিয়া ভাট হিন্দিতে তাঁর বক্তৃতা শুরু করছেন ইংরেজি নয়, এমন সিনেমার পুরস্কার প্রদানের জন্য ৷" আবার কেউ লিখেছেন, "দ্যাটস মাই কুইন ৷" আবার কেউ লিখেছেন, "আলিয়া ভীষণ ভালো কাজ করেছেন।" কারোর মতে, "পুরস্কার প্রদানের সময় আলিয়ার হিন্দিতে কথা বলা খুবই আইকনিক ৷ গর্বের সঙ্গে তাঁ শিকড় ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন ৷"
BAFTA-তে আলিয়া
তারকাখচিত অনুষ্ঠানে আলিয়া প্রথমবার অংশগ্রহণ করেছেন ৷ বিশেষ এই সন্ধ্যার জন্য তিনি বেছে নিয়েছিলেন, কাস্টম সিলভার গুচি গাউন ৷ তাঁর লুক মেরিলিন মনরো দ্বারা অনুপ্রাণিত। ব্রিটিশ ভোগের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়া বলেন, "আমি এই লুকটি নিয়ে খুব উত্তেজিত। যেহেতু আমি একজন উপস্থাপক, তাই আমি গ্ল্যামার আনতে চেয়েছিলাম ৷ তার সঙ্গে মার্জিত বিষয়টাকে ধরে রাখতে চেয়েছিলাম।" বাফটা মঞ্চে রণবীর কাপুর ঘরণী তথা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ৷

