দেব 'দাদা দাদা' হয়ে সঞ্চালনা করছে না- অভিজিৎ সেন
সঞ্চালনা ছাড়লেও আজও টিম 'দাদাগিরি'র সঙ্গে সম্পর্ক অটুট সৌরভ গাঙ্গুলীর। ইটিভি ভারতের প্রতিনিধি নবনীতা দত্তগুপ্তকে জানালেন শো-এর পরিচালক।

By ETV Bharat Entertainment Team
Published : August 27, 2026 at 2:28 PM IST
কলকাতা, 27 অগস্ট: 2009 সাল থেকে টিভির পর্দায় যাত্রা শুরু 'দাদাগিরি আনলিমিটেড' (Dadagiri unlimited )-এর। প্রথম দুটি সিজন উপস্থাপনা করেছিলেন সৌরভ গ (Sourav Ganguly)। তৃতীয় সিজন উপস্থাপনা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। চতুর্থ সিজন থেকে গত সিজন পর্যন্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে মাথায় রেখেই শুরু হয়েছিল এই শো। 'দাদাগিরি' মানেই দাদা থুড়ি বাংলার মহারাজ, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ। সেই জায়গায় আবারও রদবদল। সৌরভের পরিবর্তে বাংলার সুপারস্টার দেবকে (Dev) দেখা যাচ্ছে সঞ্চালনায়।
স্বাভাবিকভাবেই একজনের তৈরি করা জমিতে আরেকজন চাষাবাদ করতে এলে ফলনের ভালো মন্দ নিয়ে কথা হবেই। দেবের ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। সৌরভের জায়গায় তাঁর উপস্থিতি অনেকেই ভালো মনে মেনে নেয়নি। ট্রোলিং করতেও ছাড়েনি। অনেকেই আবার দেবের আগমনে বেজায় খুশি। কেননা মানুষটা 'দেব'। দেব পিছিয়ে পড়ার মানুষ নন। প্রতি মুহূর্তে নিজেকে পরিশীলিত করার দৌড়ে এগিয়ে থাকছেন তিনি। শুধরে নিচ্ছেন উচ্চারণ, যা তাঁর সবথেকে বড় দুর্বলতার জায়গা। আর সেটা তিনি স্বীকার করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময়ের 'দাদাগিরি'র জনপ্রিয়তা অটুট রাখতে নতুন সঞ্চালককে নিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে শো-এর পরিচালক? সোজাসাপটা উত্তর অভিজিৎ সেনের (Avijit Sen)।
ইটিভি ভারত: নতুন 'দাদাগিরি' নিয়ে কতটা এক্সাইটেড?
অভিজিৎ: আমরা খুবই এক্সাইটেড। আমাদের খুব ভালো লাগছে যে দেব এত সুন্দরভাবে সঞ্চালনা করছে। দেব দেবের মতো করে সঞ্চালনা করছে। সাধারণ মানুষ খুব খুশি। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমাদের এখানে লাইভ অডিয়েন্স আছে। দেব 'দাদা দাদা' হয়ে সঞ্চালনা করছে না। দেব প্রতিযোগীদের বন্ধু হয়ে সঞ্চালনা করছে। দেবের নিজেরও জানার ইচ্ছা প্রচুর। সমাজের মানুষ কীভাবে কাজ করছে, কীভাবে সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠা যায় সে সব নিয়ে দেবের আগ্রহ আছে। যে সব মানুষের লড়াইয়ের কথা, কৃতিত্বের কথা প্রতি পর্বে উঠে আসে তাঁদের কুর্নিশ জানায় দেব।
ইটিভি ভারত: অভিনেতা দেব নাকি সঞ্চালক দেবকে ডিরেক্ট করা সহজ?
অভিজিৎ: দুটোর জায়গা একদম আলাদা।।সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট থাকে। চরিত্রের মধ্যে ঢুকে দেব চরিত্রের বাইরে বেরোতে পারে না। চরিত্র হয়েই কথা বলে। সিনেমায় একটা নির্দিষ্ট গঠন থাকে। আর নন ফিকশন শো-এর মজা হচ্ছে এখানে মানুষটা রিয়েল। তাঁকে সততার সঙ্গে করতে হবে সবকিছু। যা বলবে ভেবে বলতে হবে। সেখানে কোনও চরিত্র নেই। সে মানুষ হিসেবে যেরকম সেটাই প্রকাশ পাবে। ক্যামেরাকে কিছুই লুকনো যায় না। দেব খুব সহজ সরল মানুষ। ওর ভুল ও সহজ সরলভাবে স্বীকার করে নেয়। ভুল স্বীকার করার ক্ষমতা আমাদের সকলের থাকে না। আমরা স্বীকার করতে লজ্জা পাই। নিজেদের পজিটিভ দিকগুলিই তুলে ধরি। দেব সেরকম মানুষ নয়। দেব সাধারণ মাটির মানুষ। সকলকে আপন করে নেয়। সাধারণ মানুষ হয়েই কথা বলে। ছোট থেকে বৃদ্ধ সকলে দেবকে অসম্ভব ভালোবাসে। ওকে এসে সবাই জড়িয়ে ধরে। এগুলো তো আমরা শিখিয়ে দিই না। কত দূর থেকে মানুষ আসে দেবকে দেখার জন্য। আর দেবও তাদের আপন করে নেয়।
ইটিভি ভারত: সঞ্চালক বদলে কতটা চাপের মুখে পড়তে হয় একজন পরিচালককে?
অভিজিৎ: চ্যালেঞ্জ তো হয়ই। দাদাগিরির উদাহরণ দিয়েই বলি, যখন দাদাগিরি শুরু হয় তা ছিল দাদার আধারেই। আমরা কখনোই সৌরভের পরিবর্তে কাউকে খুঁজিনি। আমাদের সঙ্গে দাদার খুব ভালো যোগাযোগ আছে। দেবকে দাদা আশীর্বাদ করেছেন, কথা বলেছেন শো নিয়ে। দাদার সঙ্গে আমাদের সবার পারিবারিক আত্মিক সম্পর্ক। আমরা কখনোই বলছি না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দেব এলো। দাদা দাদার মতো শো হোস্ট করতেন, আর দেব দেবের মতো করে। চ্যালেঞ্জ ছিল একটাই, এটা নতুন শো হলে আমাদের ভাবতে হত না। যেহেতু দশ বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় এটার দায়িত্বে ছিলেন, আর দেব আজ সেই দায়িত্ব নিয়েছে। আমরা দেবকে দেবের মতো করে কাজ করতে দিচ্ছি। আমরা দেবকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, সে যেন দেবের মতো করেই সঞ্চালনা করে। তা হলেই মানুষের সেটা ভালো লাগবে।
ইটিভি ভারত: এ আই মশাই এবারের নতুন সংযোজন। কেন?
অভিজিৎ: এ আই মশাই এবার আমাদের নতুন ভাবনা। প্রতি বছরই নতুন কিছু না কিছু করার চেষ্টা করি আমরা। ফোন খুললেই আজ আমরা এ আই-কে পাই। এ আই সব তথ্য সহজেই সরবরাহ করে। তাই আমাদের ক্রিয়েটিভ টিম ভাবল এরকম একজন 'এ আই মশাই' থাকলে কেমন হয় যে কিনা দেবের সরকারী হিসেবে কাজ করবে? দেবকে প্রশ্ন- উত্তরে সাহায্য করবে, দেবের ভালো মন্দ দেখবে। দেবের সঙ্গে এ আই মশাইয়ের কিন্তু বেশ ভালো সম্পর্ক।

