উইন্ডোজের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী, আর কারা আছেন ছবিতে?
শোনা যাচ্ছে, ওই ছবিতে অর্জুন চক্রবর্তীর দু’টি বউ থাকবে ৷ জানেন তাঁরা কারা ?

By ETV Bharat Entertainment Team
Published : December 31, 2025 at 6:00 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: উইন্ডোজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অর্জুন চক্রবর্তী । টানা ছ'বছরের বিরতি কাটিয়ে ফের নিজের চেনা ছকে ফিরছেন তপন সিংহের প্রিয় অভিনেতা । তাঁকে দর্শকের দরবারে আবারও নিয়ে আসার কাজটি করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।
টলিউড সূত্র বলছে, সব ঠিক থাকলে 2026 সালের 4 জানুয়ারি থেকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবির শুটিং শুরু হবে । ওই ছবিতে দোর্দণ্ডপ্রতাপ জমিদারের চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে । গত সপ্তাহের প্রথম দিনেই তাঁর 'লুক' সেট ছিল বলে খবর । এই ব্যাপারে অর্জুন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । যদিও তিনি এই ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ । তবে, খবরের মান্যতা দিয়েছেন অভিনেতা ।
সিনেমহল সূত্রের খবর অনুযায়ী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আসন্ন ছবিতে অর্জুন চক্রবর্তীর দু’টি বিয়ে হয়ে গিয়েছে । তৃতীয়বার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । এই ছবিতে অর্জুন চক্রবর্তীর দুই বউয়ের একজন রাইমা সেন ৷ অন্যজন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ।
এই মুহূর্তে ছোটপর্দায় সঞ্চালনায় ব্যস্ত অভিনেত্রী কনীনিকা । পাশাপাশি উইন্ডোজের ছবিতে আরও একবার দেখা যাবে তাঁকে । 'মুখার্জি দা'র বউ', 'হামি'তে তাঁর অভিনয় মন কেড়েছে সকলের । কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এই ছবির চরিত্র নিয়ে কথা বলতে যোগাযোগ করে ইটিভি ভারত । তিনিও এই ব্যাপারে স্পিকটি নট । বলেন, "এখনই এই ছবি নিয়ে কোনও কথা বলা বারণ আছে । তাই এই ব্যাপারে কিছু বলতে পারব না ।"
উল্লেখ্য, 1983 সালে হিন্দি ছবি 'জারা সি জিন্দেগি'র মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন অর্জুন চক্রবর্তী । এরপর 1986 সালে 'অঙ্কুশ' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি । তারপর 1989 সালে 'কড়ি দিয়ে কিনলাম' ছবির মাধ্যমে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন অর্জুন । 2018 সালে 'ভালোবাসার বাড়ি' ছিল অর্জুন চক্রবর্তী অভিনীত শেষ ছবি । এর পরে বেশ অনেকগুলো বছরের ব্রেক নিয়ে ফিরতে চলেছেন তিনি দর্শকের দরবারে । অভিনেতা সামাজিক মাধ্যমে বেশ সচল । প্রায়ই নিজের বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন তিনি । অভিনেতার সঙ্গীত চর্চার কথাও কারও অজানা নয় । 2008 সালে 'টলিলাইটস' নামের একটি ছবির পরিচালনাও করেন তিনি ।

