অরিজিৎ-আমিরের 'এক দিন' ! সিনেমার গানে জিয়াগঞ্জের সফরনামা দেখেছেন ?
শুধু গান শুনে নয়, ভিডিয়ো দেখেও নস্ট্যালজিক হলেন নেটিজেনরা ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 23, 2026 at 12:38 PM IST
হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: অরিজিৎ সিং-আমির খানের যুগলবন্দি ৷ মুক্তি পেল সাই পল্লবী ও জুনেইদ খান অভিনীত এক দিন সিনেমার টাইটেল ট্র্যাক ৷ গানে গানে ধরা পড়ল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আমির সফরও ৷ শুধু গান শুনে নয়, ভিডিয়ো দেখেও নস্ট্যালজিক হলেন নেটিজেনরা ৷
মাসখানেক আগেই হিন্দি সিনেমার প্লে-ব্যাক করা থেকে অবসর নিয়েছেন অরিজিৎ সিং ৷ গানের জগতে শিল্পীর এহেন সিদ্ধান্তে চমকে ওঠেন সকলেই ৷ তারমাধেই এক দিন সিনেমার প্লে-ব্যাকে অরিজিতের গলা শুনে ফের আবেগে ভাসলেন শ্রোতারা ৷ কিছুদিনই আগেই অরিজিত সিংয়ের সঙ্গে জিয়াগঞ্জে অন্যরকম এক দিন কাটিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ সেখানেই এক দিন সিনেমার গানের যে রেকর্ডিং হয়েছে, তা ধরা পড়ে ভিডিয়োতে ৷
অরিজিৎ-আমিরের 'এক দিন'
ভিডিয়োর শুরুতেই ধরা পড়ে অরিজিৎ-আমিরের কথোপকথন ৷ যেখানে আমিরকে প্রশ্ন করতে শোনা যায় অরিজিৎকে ৷ তিনি জিজ্ঞাসা করেন, "সত্যিই কি আর প্লে-ব্যাক করবে না ? নাকি এটা শুধু হিন্দি সিনেমার জন্যই প্রযোজ্য ?" এমন প্রশ্ন শুনে অরিজিৎ হেসে ফেলন ৷ তারপরেই আমির বলেন, "এমন করো না বন্ধু ৷ আমাদের তাহলে কী হবে ?" এরপরেই ভেসে ওঠে সুরেলা অরিজিতের স্বর ৷
গানের কথায় ধরা পড়ে ভালোবাসার-বিচ্ছেদের সুর-আবেগ ৷ তার সঙ্গে ভিডিয়োতে উঠে আসে আমিরের জিয়াগঞ্জ সফর ৷ ধরা পড়ে, কীভাবে আমিরকে দেখা মাত্র তার পা ছুঁয়ে প্রণাম করেন অরিজিৎ ৷ এরপর সঙ্গীত পরিচালক রাম শপথ, সিনেমার পরিচালক সুনীল পাণ্ডের সঙ্গে অরিজিতের দেখা সেই সব মুহূর্ত ধরা পড়ে গানের সঙ্গে সঙ্গে ৷ এখানেই শেষ নয়, অরিজিতের বাড়িতে আমিরের ঘুড়ি ওড়ানো, মেঝেতে বসে পাত পেড়ে খাওয়া থেকে শুরু পরে গানের সেশনের নানা মুহূর্ত, অরিজিতের স্কুটির পিছনে বসে আমিরের নাইটআউট সেই সব টুকরো টুকরো ঘটনার কোলাজ ভেসে ওঠে পর্দায় ৷
সিনেমা-গানের খুঁটিনাটি
এই গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ মিউজিক প্রোডিউসর হলেন রাম শপথ ও সোমু সিল ৷ গানের রেকর্ডিং হয়েছে অরিজিৎ পার্সোনাল স্টুডিয়োতে ৷ অরিজিৎ সিংয়ের রেকর্ডিং ইঞ্জিনিয়র ছিলেন সুকান্ত সিংহ ৷ বিটিএস ক্যামেরিবন্দি করেছেন সন্ধ্যায়া নিগম ৷ সিনেমার নাম 'এক দিন' ৷ যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সাই পল্লবী ও আমির পুত্র জুনেইদ খানকে ৷ গল্প লিখেছেন স্নেহা দেশাও ও স্পন্দন মিশ্রা ৷ প্রযোজনার দায়িত্বে মনসুর খান, আমির খানও অপর্ণা পুরোহিত ৷ জি মিউজিকের তরফে সোমবার গানটি সোশাল মিডিয়ায় সামনে আসতেই হু হু করে বাড়তে থাকে দর্শক সংখ্যা ৷

