আসছে 1971-এর 'জ্যাজ সিটি', প্রযোজক অপির্তার চ্যালেঞ্জ ! কতটা সফল হবে আরিফিন-সৌরসেনী ?
হিন্দি এবং ইংরেজিতে ডাবিং হয়ে আসবে এই সিরিজটি। 1971 সালের কলকাতার রাজনৈতিক অস্থিরতার মধ্যে জ্যাজ ক্লাবকে কেন্দ্র করে এই সিরিজের গল্প এগিয়েছে ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 27, 2026 at 5:06 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: এই শহরের এক জ্যাজ ক্লাবকে পটভূমি করে আসছে নতুন ওয়েব সিরিজ 'জ্যাজ সিটি' (Jazz City)। বাংলা ভাষার ঐতিহাসিক থ্রিলার, যা 1971 সালের কলকাতার রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব, সাহস এবং নীরবতার মূল্যকে নতুন করে দেখাবে। হিন্দি এবং ইংরেজিতে ডাবিং হয়ে আসবে এই সিরিজটি। দশটি এপিসোড, প্রত্যেকটিরই সময় এক ঘণ্টা।
আগামী 19 মার্চ থেকে এই সিরিজটির স্ট্রিমিং শুরু Sony LIV-এ। এই সিরিজের স্রষ্টা, লেখক এবং পরিচালক সৌমিক সেন। প্রযোজনায় স্টুডিয়ো নাইন। কলকাতার পুরনো সৌন্দর্য যখন ধীরে ধীরে জড়িয়ে পড়ে ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়ের সঙ্গে, সেই সময়ে শহরের এক জ্যাজ ক্লাবকে কেন্দ্র করে এই সিরিজের গল্প এগিয়ে নিয়ে গিয়েছেন পরিচালক।
তিনি আরও বলেন, "সৌমিককে আমি অনেকদিন ধরে চিনি। আমি দর্শক হিসেবে ওঁর কাজের আমি ফ্যান। সৌমিক নানা প্রতিভার অধিকারী। এই প্রজেক্টটা করার সময়ে অনেক সমস্যায় পড়েছি। তার সমাধান খুঁজে দিয়েছেন সৌমিক।"
সিরিজে জিমি রায়ের চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। তিনি সহ্যাস্যে বলেন, "এই কাজটা করার সময়ে আমার হাতে কোনও কাজ ছিল না। এই প্রজেক্টে রাজি হওয়ার এটা আরেকটা কারণ। খুব কঠিন একটা গল্প খুব সহজভাবে বলেছেন সৌমিক দা। আমি এর আগে কোনও কাজের সঙ্গে এতদিন ধরে যুক্ত থাকিনি।"সৌরসেনী মৈত্র বলেন, "আমার চরিত্রের নাম শিলা বোস। এটা ফিকশনাল স্টোরি, 1971-এর প্রেক্ষাপটে তৈরি।"
সৌমিকের কথায়, "জ্যাজ সিটি বানানোর সময়ে আমি মাথায় রেখেছিলাম প্রতি এপিসোডে একটা করে গান আর একটা করে মার্ডার থাকবে। 11 জ্যাজ আছে। আছে বাংলা গানও। আমি চেয়েছিলাম আমার মা এই কাজটা দেখুক। কিন্তু সেটা হবে না। উনি আর নেই। আমার মা চক্ষুদান করেছিলেন। জানি না কার কাছে আমার মায়ের চোখদুটি আছে। আমি চাইব তিনি যেন দেখেন। তা হলেই আমার মায়ের দেখা হবে।"
প্রসঙ্গত, 1971 সালের কলকাতা শুধু একটি শহর নয়, এর প্রতিটি রাতে লুকিয়ে থাকত অজস্র অজানা সত্য।
এই গল্পের কেন্দ্রে রয়েছে জিমি, যে নিজের মতো থাকতে চায়। কিন্তু ইতিহাস তা হতে দেয় না। সময়ের চাপ, চারপাশের পরিবর্তন এবং কিছু অনিবার্য সিদ্ধান্ত তাঁকে টেনে নিয়ে যায় এমন এক জগতে, যেখানে প্রতিটি পছন্দের ফল আছে, প্রতিটির মূল্য আছে। যাত্রায় জিমিকে মুখোমুখি হতে হয় নিজের ভয়, নিজের দায়বদ্ধতা এবং নিজের বিবেকের সঙ্গে।
সিরিজটির প্রযোজনায় 'স্টুডিয়ো নাইন' এবং 'স্টুডিয়োনেক্সট'।
অভিনয়ে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ, সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর, শাহির রাজ, তনিকা বসু এবং অমিত সাহা। লুক সেট করেছেন অনিরুদ্ধ চাকলাদার এবং সাবর্ণী দাস।

