শিশুদের জন্য নতুন চমক নিয়ে আসছে 'ছানাগিরি', সঞ্চালনায় অপরাজিতা
5 থেকে 12 বছর বয়সি শিশুদের জন্য তৈরি এই নতুন শো-তে থাকবে খেলা, শেখা, নতুন কিছু আবিষ্কার করার সুযোগ এবং জেতার আনন্দ।

By ETV Bharat Entertainment Team
Published : June 3, 2026 at 10:14 AM IST
কলকাতা, 3 জুন: 'দাদাগিরি'র পর এবার 'ছানাগিরি' আসছে টেলিভিশনের পর্দায়। শিশুরা খেলতে খেলতেই সবচেয়ে ভালো শেখে—এই ভাবনাকেই বাস্তবে রূপ দিতেই বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে এক অভিনব অনুষ্ঠান ‘ছানাগিরি’। 5 থেকে 12 বছর বয়সি শিশুদের জন্য তৈরি এই নতুন শো-তে থাকবে খেলা, শেখা, নতুন কিছু আবিষ্কার করার সুযোগ এবং জেতার আনন্দ।
জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসের সঞ্চালনায় ‘ছানাগিরি’ এমন একটি মঞ্চ হতে চলেছে, যেখানে শিশুদের কৌতূহল, আত্মবিশ্বাস এবং অংশগ্রহণের মানসিকতাকে উদযাপন করা হবে। এই শো'র মূল লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং মজার মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলা। প্রত্যেক অভিভাবকই চায় তাদের সন্তান জীবনে সফল হোক। তবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বইয়ের পাতার বাইরেও পাওয়া যায়।
‘ছানাগিরি’ শিশুদের সেই সুযোগই করে দেবে। খেলাধুলা ও বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে তারা শিখবে নতুন বিষয়, গড়ে তুলবে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। শো-এর ট্যাগলাইন 'খেলব, শিখব, জিতব'-র মধ্যেই লুকিয়ে রয়েছে এর মূল দর্শন এবং আকর্ষণ। অনুষ্ঠানে থাকছে আরও একটি বিশেষ চমক। মঞ্চের কেন্দ্রবিন্দুতে থাকবে শিশুরাই, তবে তাদের মায়েরাও এই যাত্রার অংশ নেওয়ার সুযোগ পাবে। কীভাবে? সেই উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে অনুষ্ঠান সম্প্রচার পর্যন্ত।

ইতিমধ্যেই অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুট সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হবে অডিশন, যেখানে রাজ্যের নানা জেলার শিশুদের সামনে খুলে যাবে এই নতুন মঞ্চে অংশ নেওয়ার সুযোগ। অপরাজিতা ইটিভি ভারতকে বলেন, "একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই একজন মায়েরও জন্ম হয়। শিশুরা যেমন প্রতিদিন নতুন নতুন জিনিস শেখে, তেমনই মায়েরাও শেখেন প্রতিটি মুহূর্তে। সেই শেখার মধ্য দিয়েই শুরু হয় মা ও সন্তানের এক নতুন অভিযাত্রা। তারা একসঙ্গে শেখে, বড় হয়ে ওঠে এবং তৈরি করে অগণিত স্মৃতি। ‘ছানাগিরি’ সেই অসাধারণ যাত্রাকেই উদ্যাপন করবে। এখানে মা ও সন্তান একসঙ্গে খেলবে, শিখবে এবং জিতবে। এই সুন্দর উদ্যাপনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি বিশ্বাস করি, মা ও সন্তানদের এই অনন্য সফর থেকে আমিও অনেক কিছু শিখতে পারব।"
নারীদের স্বপ্নপূরণের গল্প নিয়ে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর সাফল্যের পর এবার আগামী প্রজন্মের ছোট্ট তারকাদের জন্য নতুন উদ্যোগ নিয়ে আসছে এই বিনোদন চ্যানেল। বিনোদন, শিক্ষা এবং পুরস্কারের এক অনন্য মেলবন্ধন হতে চলেছে ‘ছানাগিরি’। অডিশনে কীভাবে অংশ নেওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে টিভির পর্দায়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে মজা, শেখা এবং জয়ের এক নতুন সফর—‘ছানাগিরি’। প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে অপরাজিতা অভিনীত ধারাবাহিক 'চিরসখা'। তবে, বেশিদিন বসে থাকতে হল না অভিনেত্রীকে। শিশুদের সঙ্গে নিয়েই এবার জমে উঠবে তাঁর প্রত্যেকটি দিন।

