'ধূমকেতু'র পর ফের পর্দায় 'দেশু' জুটি ! কবে আসবে ?
2026 পড়তেই ভক্তদের সুখবর দিয়েছেন দেব । তিনি জানালেন, এই পুজোতে আসতে পারে 'দেশু' জুটির ছবি ।

By ETV Bharat Entertainment Team
Published : January 3, 2026 at 1:17 PM IST
কলকাতা, 3 জানুয়ারি: দীর্ঘ অপেক্ষার পর গত বছর 14 অগস্ট মুক্তি পায় দেব-শুভশ্রী জুটির শেষ ছবি 'ধূমকেতু'। জাঁকজমকের সঙ্গে ট্রেলার লঞ্চ থেকে ছবির মুক্তির দিন পর্যন্ত 'দেশু' জুটির ভক্তদের তরফে ছিল একটাই প্রশ্ন - আবারও কি আসবে দেব-শুভশ্রী জুটির আরও কোনও ছবি ? সেদিন কথা দিতে পারেননি কেউই । তবে, একের সঙ্গে অপরের কাজে কোনও অসুবিধা নেই সেটা জানিয়েছিলেন । ছবি মুক্তি পায়, ব্যবসায় লাভের মুখ দেখে রানা সরকার এবং দেবের প্রযোজনা সংস্থা দুটি । 2026 পড়তেই আবারও ভক্তদের সুখবর দিলেন দেব । জানালেন এই পুজোতে আসতে পারে 'দেশু' জুটির ছবি ।
দেব তাঁর পোস্টে লিখেছেন, "এ বছরে দুর্গাপুজোতে টেম্পারেচার শুধুই বাড়বে ।" তিনি আরও জানান, এটি কোনও পুরনো প্রজেক্ট নয়, বরং একেবারে নতুন কাজ । একটি 'হাই-অক্টেন থ্রিল' এবং 'রোম্যান্টিক' সিনেমার স্বাদ পেতে চলেছেন দর্শক । দেবের কথায়, "সেই কেমিস্ট্রি আপনারা আবার দেখতে পাবেন যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন ।"
আগেই জানা গিয়েছে, 'খাদান 2', 'টনিক 2' আর 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' আসছে । দেবানুরাগীরা এই নিয়েই দারুণ উচ্ছ্বসিত ছিল । আর এবার তাঁদের কাছে হাজির আরও একটা খব র। যাকে বলে, 'মেঘ না চাইতেই জল'। তবে, নতুন ছবিতে কোন পরিচালিকের সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁদের, তা এখনও স্পষ্ট নয় ।
প্রসঙ্গত, দু'জনের মান অভিমানের পালা যে চুকেছে, তা আরও বেশি স্পষ্ট হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে । একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন সেদিন । বলতে দ্বিধা নেই, দেব, শুভশ্রী দু'জনেই এই মুহূর্ত ইন্ডাস্ট্রির সম্পদ । একজন একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন নিজের প্রযোজনা সংস্থা থেকে । 2025-এ বক্স অফিসে ধামাকা দেখালো তাঁরই 'প্রজাপতি 2'। অন্যদিকে, দিনদিন নিজেকে আরও গ্রহণযোগ্য করে তোলার নেশায় মেতেছেন শুভশ্রী । নিজের অভিনয়গুণে তিনি আজ 'লেডি সুপারস্টার'। এই দুই 'মোস্ট ওয়ান্টেড' অভিনেতা যখন আবার পর্দায় এক হতে চলেছেন তখন সেই ছবি 2026-এর পুজোয় বক্স অফিস কাঁপাবে এমন আশা অমূলক নয় ।
দেব বছরের তিন সময় তিনটে ছবি রিলিজ করেন । সেখানে এ বছর পুজোয় তাঁকে নাকি ছবি রিলিজ করতে বারণ করা হয়েছে স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে । কিন্তু কেন ? সেই সাপেক্ষে দু'টি রিলিজ, কারণ জানতে চেয়েছেন দেব । উত্তর পাননি এখনও । এমনও শোনা গিয়েছিল, স্ক্রিনিং কমিটির সমর্থনেও নেই তিনি । তবে, শুক্রবার ইম্পার সভাপতি জানান, দেবও আছেন স্ক্রিনিং কমিটির ক্যালেন্ডার নিয়ে আসার পক্ষে । ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও বলেন, "দেবের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই।" সুতরাং আগামীতে কী হতে চলেছে তা নিয়ে অপেক্ষা করা ছাড়া গতি নেই ।

