সুস্মিতা নয় ! সাহেবের জীবনে এবার রঙ লাগাবে হিয়া, কেমন হবে নতুন জুটি ?
ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন হিয়া মুখোপাধ্যায়-সাহেব ভট্টাচার্য।

By ETV Bharat Entertainment Team
Published : February 25, 2026 at 12:18 PM IST
কলকাতা, 25 ফেব্রুয়ারি: 'কথা'র পর সাহেব আর 'গীতা এল.এল বি'র পরে নতুন গল্পে ফিরছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)। আসছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন হিয়া-সাহেব। নাম ভূমিকায় হিয়া। আর সাহেবের চরিত্রের নাম অর্জুন।
ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক। সেখানে কিশোরী গঙ্গাকে (হিয়া) দেখা যাচ্ছে পয়সা তুলতে গঙ্গায় ঝাঁপ দিতে। আর ঝাঁপ দিয়ে সে পয়সার পাশাপাশি খুঁজে পায় একটি মেডেল। জল থেকে সে যখন ওঠে তখন সে আর কিশোরী না, সে যুবতী গঙ্গা। এরই মাঝে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেন সাহেব ভট্টাচার্য। পুলিশের চরিত্রে বেশ ভালো মানিয়েছে একসময়ের সেলেব্রিটি শেফ 'এভি'-কে। প্রোমোই বলে দিচ্ছে সম্ভ্রান্ত পরিবারের ছেলে সেই পুলিশ অফিসার। ওদিকে হিয়ার চরিত্রটি এলাকার ছেলেমেয়েদের সঙ্গে হেসেখেলে জীবন কাটায়। গঙ্গায় ঝাঁপ দিয়ে জলের গভীর থেকে পয়সা কুড়োয় সে। এই দুজনের জীবন কীভাবে এক সুতোয় বাঁধা পড়ে বা আদৌ পড়ে কি না এবার সেটাই দেখার।
হিয়া মুখোপাধ্যায়কে এর আগে দেখা গিয়েছে 'গীতা এল এল বি' ধারাবাহিকে। ডাকাবুকো আইনজীবীর চরিত্রে সকলকে তাক লাগান তিনি। স্নেহাশিস চক্রবর্তীর গল্পে হিয়ার শক্তিশালী গীতা চরিত্রটিও ছিল লড়াকু, কষ্ট করে খেটে খাওয়া এক যুবতীর। এই ধারাবাহিকে সেই হিয়ার চরিত্রটি ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে দর্শকের আগ্রহের পারদ জমছে। চরিত্র নিয়ে দুজনেই চুপ। সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে চরিত্র সম্বন্ধে কিছুই জানাননি তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই 'সিরাজ এবং' শীর্ষক একটি নাটকে অভিনয় করতে মঞ্চে দেখা গিয়েছে সাহেবকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার চরিত্রে অভিনয় করেন তিনি। আর এবার একেবারে আলাদা ইমেজে ধরা দিতে চলেছেন সাহেব, যার জীবনে কোনও রঙ নেই, আছে শুধুই দায়িত্ব। কবে থেকে কোন স্লটে আসবে এই ধারাবাহিক তা জানা যায়নি এখনও। অন্যদিকে, সিরিজ় ‘কুহেলি’ দিয়ে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন সুস্মিতা। সেখানে তাঁর বিপরীতেও কিন্তু সাহেব নেই।
সাহেব-সুস্মিতা জুটির নাম যখন মুখে মুখে ফিরছে, তখনই নতুন জুটি আনছেন পরিচালক সৃজিত। তাঁর বিশ্বাস, দর্শক নতুন জুটিকেও সমান ভাবেই ভালবাসবেন। সোমবার থেকে সোদপুরে ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। নায়ক-নায়িকা ছাড়া ধারাবাহিকে দেখা যাবে অদিতি চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, দ্বৈপায়ন দাস প্রমুখ।

