প্রয়াত 'আপনজন', 'কাহানি' খ্যাত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
উত্তম কুমার থেকে শুরু করে আরও নানা বিশিষ্ট অভিনেতার সঙ্গে কাজ করেছেন কল্যাণ । পুণে ফিল্ম ইনস্টিটিউটের এই প্রাক্তন ছাত্রের প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া ।

By ETV Bharat Entertainment Team
Published : December 8, 2025 at 12:10 AM IST
কলকাতা, 8 ডিসেম্বর: প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। রবিবার রাতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতার প্রয়াণের খবর জানানো হয় । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উত্তম কুমারের এই সহ-অভিনেতা। অভিনয় থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন সম্প্রতি । ম্যালেরিয়া, টাইফয়েড-সহ একাধিক ব্যাধিতে আক্রান্তও হয়েছিলেন কল্যাণ। পাশাপাশি ছিল বার্ধক্যজনিত আরও নানা সমস্যা । ভর্তি ছিলেন এমআর বাঙ্গুর সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাঁর জীবনাবসান হয়।
একটি বার্তায় ফোরামের তরফে জানানো হয়, "বিশিষ্ট অভিনেতা ও ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কল্যাণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেলেন। এই অভিনেতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ । আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।" আরও জানানো হয়েছে তাঁর মরদেহ হাসপাতাল থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী চৈতী ঘোষাল-সহ অনেকে। তাঁর সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন শিল্পীরা। ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য সোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আর্টিস্ট ফোরামের সদস্যরা সাধ্যমতো তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন।
পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশুনা করেছেন কল্যাণ। প্রথম ছবি 'আপনজন' মুক্তি পায় 1968 সালে। প্রায় 400টিরও বেশি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় নিজের জন্য এক বিশেষ জায়গা তৈরি করেছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে 'ধন্যি মেয়ে', 'সাগিনা মাহাতো', 'সাগিনা', 'সবুজ দ্বীপের রাজা', 'রূপবান কন্যা', 'বাইশে শ্রাবণ', 'ব্যোমকেশ বক্সী', 'নির্ভয়া', এবং 'দুই পৃথিবী'। এর পাশাপাশি আরও নানা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ।
বাংলা ছাড়া হিন্দি ছবিতেও কাজ করেছেন কল্যাণ । সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতেও অভিনয় করেন। তপন সিংহ ও অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রিয় অভিনেতা ছিলেন কল্যাণ। অভিনয় করেন সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’-তেও । তাঁর সমসাময়িক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে। একাধিক বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন সদ্য প্রয়াত এই অভিনেতা। এক আকাশের নীচে'-তে কানাইদার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে সাড়া জাগিয়েছিলেন তিনি। পা রেখেছিলেন ওটিটিতেও। ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’য় দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এদিন প্রয়াত হলেন বাংলা ছবির এই প্রবীণ অভিনেতা ।

