ETV Bharat / entertainment

ডুয়ার্সে দেব, কেমন চলছে পদ্মশ্রী করিমুল হকের বায়োপিক 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র শুটিং ?

ছবির লভ্যাংশ দিয়ে পদ্মশ্রী করিমুল হক তাঁর বাড়িতে গরিব মানুষের জন্য গড়ে তুলবেন হাসপাতাল সেবা সদন ও একটি অনাথ আশ্রম ।

actor-dev-starts-shoot-biopic-of-padma-shri-karimul-haque-in-bike-ambulance-dada
ডুয়ার্সে দেব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 24, 2026 at 3:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: সকাল থেকেই কঠোর নিরাপত্তার বেষ্টনিতে ঘিরে ফেলা হচ্ছিল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও আশেপাশের চত্বর ৷ কৌতুহল বাড়ছিল চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষের মধ্যে ৷ আটকানোর চেষ্টা করা হয় চিত্র সাংবাদিকদেরও ৷ ব্যাপারটা কি ? ধীরে ধীরে পরিষ্কার হয় বিষয়টা ৷ যখন অভিনেতা দেবের গাড়ি ঢোকে হাসপাতালের মূল প্রবেশ দ্বার দিয়ে ৷ 2019 সাল থেকে যে সিনেমার আলোচনা চলছিল, অবশেষে শুরু হয়েছে তার শুটিং ৷

'বাইক অ্যাম্বুলেন্স দাদা' (Bike Ambulance dada) পদ্মশ্রী করিমূল হকের (Karimul Haque) বায়োপিকের শুটিং শুরু করেছেন অভিনেতা দেব ৷ যে কারণেই ডুয়ার্সের অলিতে-গলিতে দেখা যাচ্ছে বাংলা সিনেমার হার্টথ্রবকে ৷ মূলত 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' সিনেমাটির শুটিং করতেই দেব ডুয়ার্সে এসেছেন বলে জানা গিয়েছে। গতকাল (সোমবার) থেকে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকট চা বাগানে শুটিং করেন অভিনেতা দেব। পদ্মশ্রী প্রাপক বাইক অ্যাম্বুলেন্স চালক করিমুল হকের জীবন কাহীনি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। এদিন দেবকে দেখতে রাস্তার ধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। যে কারণে মোতায়েন করা হয় পুলিশিও ৷ শুটিং চলে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালেও ৷

কেমন চলছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র শুটিং ? (ইটিভি ভারত)

নিজের বায়োপিক প্রসঙ্গে করিমুল হক বলেন, "আমার বায়োপিক নিয়ে মুম্বইয়ের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছিল। সিনেমার শুটিং শুরু হয়েছে। আমি খুব খুশি আমার বায়োপিক দেশ জুড়ে প্রচারিত হবে। অনেক যুবক অনুপ্রাণিত হয়ে যদি এই কাজে আসে তাহলে আরও ভালো লাগবে।"

প্রসঙ্গত, মালবাজার মহকুমার ক্রান্তির রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক। মায়ের মৃত্যুর পর 1995 সাল থেকে এই গ্রামের গরিব অসুস্থ মানুষকে মোটরবাইককে বাইক অ্যাম্বুলেন্স বানিয়ে তাতে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন করিমূল হক। কখনও জলপাইগুড়ি সদর হাসপাতাল, কখনও মালবাজার মহকুমা হাসপাতাল কখনও বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ মানুষকে বাইকে করে নিয়ে গেছেন।

নেপথ্যে ছিল মাকে হারানোর কাহিনি ৷ করিমূল হকের অসুস্থ মা জফুরেননেসা বেওয়াকে অ্যাম্বুল্যান্সের অভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। মা-কে বাঁচাতে পারেননি তিনি ৷ এরপর থেকে তিনি শপথ নেন কোনও মা বা কোন পরিবারের কেউ যাতে অ্যাম্বুলেন্সের অভাবে যেন মারা না যান ৷ এরপর থেকেই তিনি প্রত্যন্ত এলাকায় বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাজার হাজার মানুষকে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে এসেছেন।

2017 সালে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে করিমুলকে। এরপর থেকেই করিমূল হকের বায়োপিক করার কথা আলোচনা হতে থাকে। মুম্বইয়ের পরিচালক বিনয় মুদগিল করিমুল হকের বায়োপিক করতে চেয়ে আলোচনাও সেড়ে নেন। অবশেষে অভিনেতা দেব বাংলায় সেই সিনেমার শুটিং শুরু করলেন ৷ জানা গিয়েছে, ছবির লভ্যাংশ দিয়ে করিমুল হক তাঁর বাড়িতে গরিব মানুষের জন্য গড়ে তুলবেন হাসপাতাল সেবা সদন ও একটি অনাথ আশ্রম ।