ETV Bharat / entertainment

'আমি নাকি মারা গেছি ! মারা তো যাবই, কিন্তু যতদিন আছি…' - ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়

মঙ্গলবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্ট ৷ যেখানে বলা হয়, প্রয়াত হয়েছেন অভিনেতা ৷ তারপরেই ভাইরাল পোস্ট ঘিরে মুখ খোলেন জনপ্রিয় প্রবীণ অভিনেতা৷

actor-biplab-chatterjee-furious-over-fake-news-of-his-death-hits-back-on-social-media
মৃত্যুর ভুয়ো খবরে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায় (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : September 2, 2026 at 9:34 AM IST

|

Updated : September 2, 2026 at 9:42 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'আমি নাকি মারা গেছি !'-সমাজমাধ্যমে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee death rumours)। তাঁর মৃত্যুর খবর ঘিরে সম্প্রতি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এরপরই নিজের সুস্থতার কথা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন অভিনেতা। একইসঙ্গে, এমন অসত্য ও সংবেদনশীল খবর প্রচারের বিরুদ্ধে সরব হলেন তিনি।

অভিনেতার ভিডিয়ো বার্তা

নিজের পরিচিত ভঙ্গিতেই ঠোঁটকা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, "আমার সম্বন্ধে একটা বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে। ওই ফেসবুক-টেসবুকে কী আছে, তাতে লেখা হচ্ছে আমি নাকি মারা গিয়েছি! মারা তো যাবই, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এখনও কিছুদিন, ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন তো থাকব।"

মৃত্যু নিয়ে এ ধরনের গুজব ছড়ানোর ঘটনার নিন্দা করে তিনি বলেন, "এই বিভ্রান্তিমূলক খবরগুলো বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে কথা বলাটা ঠিক নয় মনে হয়। এটা আপনাদের শিক্ষাদীক্ষার অভাব বলেই মনে করি।" এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় শুধু তিনি নন, উদ্বেগে পড়েন তাঁর পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী এবং অনুরাগীরাও। বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, "যে খবর ছড়ানো হয়েছে তাতে আমার বাড়ির লোক, পাড়া-প্রতিবেশী, আমার ফোরামের মেম্বাররা সবাই আপত্তি জানিয়েছেন এবং নিন্দা করেছেন।"

ভিডিও বার্তার শেষে অবশ্য কোনও ক্ষোভ নয়, বরং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন প্রবীণ অভিনেতা। তিনি বলেন, "মৃত্যু কামনা না করে সবার সুস্থতা ও সুন্দর কামনা করছি। ভালো থাকবেন।" এদিকে, বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর ভুয়ো খবর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস’ ফোরাম। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন। সত্যতা যাচাই না করে কোনও ব্যক্তিকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যা খবর প্রচার না করার জন্যও সতর্ক করা হয়েছে।

নেটপাড়ায় প্রতিক্রিয়া

অভিনেতার ভুয়ো মৃত্যুর খবরে বিরক্তি প্রকাশ নেটিজেনদেরও ৷ ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য টলিউডের অন্যতম প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার ঘটনায় নেটিজেনরা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন তেমনই অভিনেতীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করেছেন ৷ কেউ লিখেছেন, "আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকদিন বাঁচুন। আপনাকে দেখলে আমার ঠাকুরদার কথা মনে পড়ে যায়, অনেকটা-ই আপনার সাদৃশ্য ছিলেন তিনি।" আবার কেউ লেখেন, "আপনি বেঁচে থাকুন। আমাদের সবার কাছে যারা আপনার মৃত্যু নিয়ে খবর করছে। তাঁদের শাস্তি হোক।" কেউ নিন্দা প্রকাশ করে লেখেন, "ছিঃ ছিঃ কি লজ্জাজনক ঘটনা ৷ একজন জীবিত মানুষকে নিজে মুখে বলতে হচ্ছে সে মারা যায়নি বেঁচে আছে, কোথায় নেমে গেছে মানবিকতা ৷"

তারকাদের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে কি কোনও লাভ হয় ? কোথায় হারিয়ে যাচ্ছে মানবিকতা ? সম্প্রতি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের ভুয়ো মৃত্যুর খবরে প্রশ্ন নেটপাড়ায় ৷ প্রবীণ অভিনেতার এই ভিডিয়ো বার্তা ভাইরাল হওয়ার পর, এটা স্পষ্টত বোঝাই যাচ্ছে, সোশাল মিডিয়ায় কোনও খবর ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা কতটা জরুরি। বিশেষত কোনও ব্যক্তির মৃত্যু সংক্রান্ত খবরের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন

Last Updated : September 2, 2026 at 9:42 AM IST