কতদূর এগোল সৃজিতের 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'র কাজ ?
অভিনেতা আবির চট্টোপাধ্যায় 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে রয়েছেন ৷ তিনিই জানিয়েছেন কতদূর এগিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির কাজ ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 11, 2026 at 6:00 PM IST
কলকাতা, 11 জানুয়ারি: চলতি বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'র । কিন্তু তা যে হচ্ছে না সেটা জানা গিয়েছে ইতিমধ্যেই । কারণ মুক্তির তারিখ নিয়ে সমস্যা দেখা দিয়েছে বলে খবর । তাই বদল ঘটেছে প্রযোজকের ৷
এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বদলে এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে নন্দী মুভিজ । এই জানুয়ারি থেকেই ছবির শুটিং করার কথা বলে জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় । সেই মতোই শুরু হয়ে গিয়েছে শুটিং ।
সম্প্রতি এক মিউজিক ভিডিয়ো লঞ্চে এসেছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় । তিনি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন । যতদূর জানা গিয়েছে, তিনি এই ছবিতে সব্যসাচীর ভূমিকায় । এই ছবির কাজ কতদূর এগিয়েছে তা জানতে চাইলে আবির বলেন, "হ্যাঁ অনেকটাই এগিয়ে গিয়েছে ছবির কাজ । আমারও কাজ এগিয়েছে । তবে কিছুটা বাকি আছে কলকাতা এবং কিছুটা কলকাতার বাইরে ।"

তাঁর কথায়, "আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছবি । কেননা এটা ইতিহাসের কথা বলে এবং যে মানুষগুলোর কথা বলে তাঁরা শুধুই আমাদের পূর্বসূরী নন, তাঁরা কিংবদন্তিও বটে । যে সময়ের দলিল তাঁরা লিখে গিয়েছেন তাঁদের দেখা স্বপ্ন ও আত্মত্যাগের জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি । তাই এঁদের নিয়ে আরও বেশি চর্চা করা উচিত । বাকিটা আর বলব না, শুটিং শেষ হলে বলব ।"
শরৎচন্দ্রের চরিত্রে টোটা রায়চৌধুরী । এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডল-সহ আরও অনেকে । জানা গিয়েছে 'স্ক্রিনিং কমিটি'র নিয়ম অনুযায়ী দুই প্রযোজনা সংস্থারই মুক্তির তারিখ নিয়ে সমস্যা দেখা দেওয়ায় প্রযোজক বদল হয়েছে এই ছবির ।

নয়া নিয়ম অনুযায়ী, একটি প্রযোজনা সংস্থা একই সময় তাদের দু'টি ছবি নিয়ে আসতে পারবে না । সুতরাং মে মাসে এই ছবি মুক্তি পেলে অসুবিধায় পড়বে দুই প্রযোজনা সংস্থাই । কারণ, সম্ভবত মে মাসে এসভিএফ প্রযোজিত অন্য একটি ছবিও মুক্তি পাওয়ার কথা । এছাড়া প্রযোজক রানাও মে মাসের জন্য অন্য কোনও ছবির পরিকল্পনা করে রেখেছেন । এখন দেখার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং নন্দী মুভিজ প্রযোজিত এই ছবি কবে আসে দর্শকের দরবারে ।
ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে সৃজিতের এই ছবি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিপ্লবী উপন্যাস 'পথের দাবী'-র শতবর্ষ পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে । ছবিটি ব্রিটিশ আমলের ঔপনিবেশিক ক্ষমতা এবং লেখার শক্তির মধ্যেকার সংঘাত, শরৎচন্দ্রের রাজনৈতিক জাগরণ এবং 'পথের দাবী'-র নিষিদ্ধ হওয়া ও তার পরবর্তী বিতর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে ।

