25 বছরের বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী ! গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে কী পরিকল্পনা আমিরের ?
বৃহস্পতিবার 'প্রীতম অ্যান্ড পেড্রো' (Pritam and Pedro)-র স্পেশাল স্ক্রিনিংয়ে এসে বিয়ে নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তা জানালেন বলিউডের এই অভিনেতা ৷

By ETV Bharat Entertainment Team
Published : July 3, 2026 at 10:56 AM IST
হায়দরাবাদ, 3 জুলাই: হাতে সময় খুবই কম ৷ তারমধ্যেই চলছে বিয়ে নিয়ে জোরদার তোড়জোড় ৷ তৃতীয়বার বিয়ে করছেন আমির খান (Aamir Khan) ৷ রবিবার অর্থাৎ 5 জুলাই পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে দীর্ঘ পথ চলার বন্ধু গৌরী স্প্রাট (Gauri Spratt)-কে জীবনসঙ্গী বানাবেন আমির ৷ বৃহস্পতিবার 'প্রীতম অ্যান্ড পেড্রো' (Pritam and Pedro)-র স্পেশাল স্ক্রিনিংয়ে এসে বিয়ে নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তা জানালেন বলিউডের এই অভিনেতা ৷
'প্রীতম অ্যান্ড পেড্রো'-র স্পেশাল স্ক্রিনিংয়ে এদিন আমিরের সঙ্গে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান ৷ ছেলেকে পাশে রেখেই আমির তৃতীয় বিয়ের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানান ৷ যা শুনে মুখে চওড়া হাসি ফুটে ওঠে ছেলে জুনায়েদের ৷ আমির জানান যে, এটি একটি ঘরোয়া আয়োজন হতে চলেছে (Aamir Khan 3rd time marriage) ৷ যেখানে কেবল তাঁদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকবেন।
#WATCH | Mumbai | On his marriage plans, actor Aamir Khan says, "I am getting married on July 5, and the wedding will take place at home with close family and friends. We seek everyone's blessings and hope that we remain happy forever..." (02.07) pic.twitter.com/GXhBqEaDcH
— ANI (@ANI) July 3, 2026
এদিন, বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'-কে প্রশ্ন করা হয়েছিল, "মানুষ আপনার বিয়ের জন্য অপেক্ষা করছে, যা 5 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ৷ এ বিষয়ে আপনি কী বলবেন?" 'লগান' খ্যাত অভিনেতা উত্তরে জানান, "হ্যাঁ, আমরা 5 তারিখে বিয়ে করছি। এটা খুবই ঘরোয়া আয়োজন ৷ আমরা বাড়িতেই বিয়ের অনুষ্ঠানটি করছি। 5 তারিখটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন। আমরা বাড়িতেই বিয়েটা সারছি। আমরা শুধু সবার আশীর্বাদ চাইছি যেন আমরা সুখে থাকতে পারি।"
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে নিজের 60তম জন্মদিনে আমির সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রেমিকা গৌরীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। 60 বছর পূর্ণ হওয়ার আগে আমির মিডিয়ার সঙ্গে এক ঘরোয়া ও আনন্দঘন সাক্ষাতের আয়োজন করেছিলেন। সাংবাদিকদের সঙ্গে গৌরির আলাপচারিতার সময় তিনি জানান যে, তিনি আবারও প্রেমে পড়েছেন। সবার সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেওয়ার সময় 'রং দে বসন্তী' খ্যাত অভিনেতা তাঁর প্রেমিকার প্রতি বিশেষ ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করেন।

কথোপকথনের সময় আমির জানান, যদিও তিনি ও গৌরী প্রায় 25 বছর ধরে বন্ধু ৷ তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কিছুদিন আগেই। গৌরী সাত বছর বয়সী এক ছেলের মা। এরপর থেকেই এই যুগলকে বিভিন্ন সময় জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছে।
এটা আমিরের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন, যাঁদের ঘরে জুনায়েদ ও ইরা খান নামে দুই সন্তান রয়েছে। তবে 2002 সালে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2005 সালে আমির দ্বিতীয়বারের মতো কিরণ রাওকে বিয়ে করেন ৷ তাঁদের আজাদ রাও খান নামে এক ছেলে রয়েছে। 2021 সালে আমির ও কিরণেরও বিবাহবিচ্ছেদ ঘটে।

