ETV Bharat / entertainment

50 লাখের ছবি পাবে না প্রাইম টাইম, ন্যূনতম বাজেট 2 কোটি

ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, নতুন বছরে বাংলা ছবির পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ পাবে ৷ উৎসবে একসঙ্গে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না ।

bengali film prime time
50 লাখের ছবি পাবে না প্রাইম টাইম, ন্যূনতম বাজেট দু'কোটি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 30, 2025 at 2:05 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 নভেম্বর: 50 লাখ বাজেটের ছবি পাবে না প্রাইম টাইম ৷ ছবির বাজেট ন্যূনতম দু'কোটি টাকা হলে তবেই প্রাইম টাইম মিলবে ৷ শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত ।

তিনি বলেন, "50 লাখ টাকার ছবি বানিয়ে প্রাইম টাইম চাইলে পাওয়া যাবে না । প্রাইম টাইম শো পেতে হলে কমপক্ষে দু'কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে । যিনি বছরে একটি ছবি বানাবেন, তিনি প্রাইম টাইম শো পাবেন না । একইভাবে কয়েক বছর আগে তৈরি হওয়া ছবি 2026-এর 'প্রাইম টাইম শো'য়ে জায়গা পাবে না । ওই ছবিগুলি নন প্রাইম টাইম শো'তে মুক্তি পাবে ।"

EIMPA president Piya Sengupta
ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "2025-এর শেষ দিকে বানানো কোনও ছবি 2026-এ দেখানোর সুযোগ পাওয়া যাবে । আবার যাঁরা 2026-এ ছবি বানাবেন, তাঁরা ওই বছরেই ছবি দেখানোর সুযোগ পাবেন ।"

মূলত সিনেমা মুক্তি নিয়ে আর নয় কোন্দল, চাই শৃঙ্খলা । এই লক্ষ্যে কিছুদিন আগেই ইমপা, ফেডারেশনের তরফে জানানো হয় যে ছবি মুক্তির জন্য 11টি প্রাইম ডেট বেঁধে দিয়েছে স্ক্রিনিং কমিটি, যা 2026 থেকে লাগু হবে । দিনগুলি হল, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, 23 জানুয়ারি, ঈদ, পয়লা বৈশাখ, গরমের ছুটি (15 এবং 29 মে দু'ভাগে ভাগ করা হয়েছে), 15 অগস্ট, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিন ।

bengali film prime time
ক্রিসমাসে রিলিজ করছে কোয়েল মল্লিকের মিতিন (ছবির পোস্টার)

কবে কোন ছবি মুক্তি পাবে তার খসড়া সম্বলিত একটি বার্ষিক ক্যালেন্ডার পেশ করা হবে । অর্থাৎ বলাই বাহুল্য, নতুন বছরে টলিউডকে নতুন রূপে পেতে চলেছে দর্শক । বাংলার বিনোদন দুনিয়াকে শৃঙ্খলে বাঁধতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত ।

শনিবার দুপুরে ইমপার অফিসেই বসে স্ক্রিনিং কমিটির বৈঠক । উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, নিসপাল সিং রানে, রানা সরকার, জয়দীপ মুখোপাধ্যায় (বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক), শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া (পরিবেশক), ক্যামেলিয়ার তরফ থেকে নীলাঞ্জন বসু, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস প্রমুখ ।

এদিন পিয়া সেনগুপ্ত বলেন, "আজ আমাদের নিজেদের বৈঠক । এখানে কমিটির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজ । এক্সিবিটররা তাঁদের কিছু সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন । মূলত সেই কারণেই এই বৈঠক । তা ছাড়া আমরা আগের দিন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলাম যে, নতুন বছরের বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ করব । তবে, তখন শুধু জানুয়ারি মাসের কথা জানিয়েছিলাম । কিন্তু না, এখন ঠিক হয়েছে সারা বছরের একটা পূর্ণাঙ্গ ক্যালেন্ডার আমরা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেব ।"

গত বৈঠকে জানানো হয়, উৎসব বা উদযাপনে একসঙ্গে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না । পাশাপাশি কোন প্রযোজনা সংস্থা বছরে ক'টি ছবি বানাবে, তার উপরে সেই সংস্থার প্রাইম টাইম শো পাওয়া নির্ভর করবে । একইসঙ্গে একই প্রযোজনা সংস্থাকে পরপর সব উৎসবে ছবি দেখানোর সুযোগ দেওয়া হবে না । শনিবারের বৈঠকেও একই কথা বলা হয় ৷

এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসে যে, অনেক সময়েই ছবির শুটিং মাঝপথে নানা কারণে থেমে যায় । যাঁরা ইতিমধ্যেই ছবি তৈরির সংখ্যা জানিয়েছেন, সে ক্ষেত্রে তাঁরা কী করবেন ? পিয়া সেনগুপ্তর সাফ জবাব, "কোনও কারণে তারিখ নষ্ট হলে, ওই প্রযোজক পরের বছর সেই প্রাইম টাইম আর পাবেন না ।"

পিয়া বলেন, "এরপরে 13 ডিসেম্বরে আমাদের আরেকটা মিটিং আছে । সেদিন ফাইনাল হবে 2026-এর ক্যালেন্ডারটা । পুরো বছরের ক্যালেন্ডার তৈরি হবে । ছবি রিলিজ নিয়ে যাতে মারপিট, ঝগড়া এগুলো আর না-হয় সেই কারণেই এই ব্যবস্থা । একটা সিস্টেমে আসতে হবে । না-হলে তো মারপিট চলতেই থাকবে । যারা ছ'টা ছবি করবে তারা চারটে প্রাইম টাইম পাবে । যারা চারটে তারা দুটো । আর যারা দুটো করবে তারা একটা প্রাইম টাইম পাবে ।"

তাঁর কথায়, "যে পুজোতে ছবি রিলিজের সুযোগ পাবে সে আর ক্রিসমাসে একই সুযোগ পাবে না । আবার কোনও নতুন পরিচালক, প্রযোজক অনেক টাকার একটা ছবি বানিয়েই প্রাইম টাইম চাইলে হবে না । তাঁকে প্রমাণ করতে হবে তিনি ইন্ডাস্ট্রির জন্য আছেন ।"