ETV Bharat / business

অ্যাড হক বোনাস-অগ্রিম বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি অর্থ দফতরের

এবার বোনাস এবং অগ্রিম— উভয় ক্ষেত্রেই আর্থিক পরিমাণ এবং বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মী, পেনশনপ্রাপক এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীরা

Ad hoc Bonus Hike
অ্যাড হক বোনাস-অগ্রিম বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি অর্থ দফতরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 1:24 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি: আসন্ন ইদ এবং শারদোৎসবের আগে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড়সড় সুখবর! রাজ্য সরকার এদিন কর্মীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম (ফেস্টিভ্যাল অ্যাডভান্স) বৃদ্ধির কথা ঘোষণা করল। শুক্রবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বোনাস এবং অগ্রিম— উভয় ক্ষেত্রেই আর্থিক পরিমাণ এবং বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। উৎসবের মুখে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনপ্রাপক এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের মধ্যে।

রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস বৃদ্ধি

অর্থ দফতরের জারি করা নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস একধাক্কায় 600 টাকা বাড়ানো হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে যেখানে এই বোনাসের পরিমাণ ছিল 6,800 টাকা, এবার তা বাড়িয়ে 7,400 টাকা করা হয়েছে। শুধু টাকার পরিমাণ বাড়ানোই নয়, বোনাস পাওয়ার ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতনের যে ঊর্ধ্বসীমা ছিল, তাতেও বদল এনেছে সরকার। গত বছর পর্যন্ত 44 হাজার টাকা বা তার কম বেতন প্রাপকরা এই সুবিধা পেতেন। তবে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, 2026 সালের 31 মার্চ পর্যন্ত যে সমস্ত কর্মীর মাসিক বেতন 46 হাজার টাকা বা তার নীচে, তাঁরা প্রত্যেকেই এবার এই 7,400 টাকা অ্যাড হক বোনাস হিসেবে পাবেন।

রাজ্য সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স বৃদ্ধি

অ্যাড হক বোনাসের পাশাপাশি সরকারি কর্মীদের উৎসব বাবদ অগ্রিম বা ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও বেশ খানিকটা বৃদ্ধি করেছে নবান্ন। গত বছর সরকারি কর্মীরা উৎসবের অগ্রিম হিসেবে 20 হাজার টাকা পেয়েছিলেন। এবার তা একলপ্তে 2 হাজার টাকা বাড়িয়ে 22 হাজার টাকা করা হয়েছে। অগ্রিম পাওয়ার ক্ষেত্রেও বেতনের ঊর্ধ্বসীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে 52 হাজার টাকা পর্যন্ত বেতন প্রাপকরা এই অগ্রিমের সুবিধা পেতেন। এখন সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে 54 হাজার টাকা করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে তুলনামূলকভাবে আরও বেশি সংখ্যক কর্মী এবার এই উৎসব অগ্রিমের আওতাভুক্ত হলেন।

অবসরপ্রাপ্ত এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে

কর্মরত সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের কথাও মাথায় রেখেছে রাজ্য প্রশাসন। অর্থ দফতরের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, 2026 সালের 31 মার্চের মধ্যে যাঁরা অবসর নেবেন বা ইতিমধ্যেই নিয়েছেন, তাঁদের উৎসব ভাতা বা ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্সও বাড়ানো হয়েছে। গত বছর তাঁরা 3,500 টাকা পেয়েছিলেন, এবার তা 300 টাকা বাড়িয়ে 3,800 টাকা করা হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য পেনশনের পরিমাণ মাসিক 40 হাজার টাকা বা তার কম হতে হবে। সাধারণ পেনশনপ্রাপকদের পাশাপাশি পারিবারিক পেনশন প্রাপক (ফ্যামিলি পেনশনার) এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই বর্ধিত সুবিধার আওতাভুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সরকার অধীনস্থ বিভিন্ন সংস্থার যে সমস্ত কর্মীর আয় তুলনামূলকভাবে অনেকটাই কম, তাঁদের জন্য নির্দিষ্ট অঙ্কের বোনাস ঘোষণা করা হয়েছে। ওই সংস্থাগুলির যে সমস্ত কর্মীর মাসিক বেতন 10 হাজার টাকা বা তার নীচে, তাঁরা এবারের উৎসবে 3,500 টাকা বোনাস হিসেবে পাবেন। সব মিলিয়ে, আগামী উৎসবের মরসুম শুরুর বেশ কিছুটা আগেই রাজ্য সরকারের অর্থ দফতরের এই বিস্তারিত নির্দেশিকা সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তি বয়ে আনল।

  1. রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি, এবার ডেথ গ্র্যাচুইটি প্রাপকের তালিকায় বিবাহিত কন্যারাও
  2. রাজ্য সরকারি আধিকারিকদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি, পদোন্নতি-জট কাটাতে বিজ্ঞপ্তি নবান্নর
  3. 5 বছর কাজের অভিজ্ঞতাতেই মহকুমা শাসক হবেন ডব্লিউবিসিএসরা, বিজ্ঞপ্তি নবান্নর