ট্রাম্পের 500% শুল্কের প্রভাব ভারতে সামান্যই পড়বে, আত্মবিশ্বাসী দেশের ব্যবসায়ীমহল
উদ্যোগের জাতীয় সভাপতি বাবুলাল গুপ্তর মতে, মার্কিন শুল্কের সঙ্গে জড়িত চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য স্থানীয় ও গ্রামীণ বাজারকে উন্নত করতে হবে।

Published : January 11, 2026 at 4:49 PM IST
জয়পুর, 11 জানুয়ারি: ভেনেজুয়েলার তেলে নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নিশানায় এখন ভারত ও চিন। ট্রাম্প এই দেশগুলির উপর 500 শতাংশ পর্যন্ত বিশাল শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন। এই সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
রিপাবলিকান পার্টির সদস্য লিন্ডসে গ্রাহাম বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং পুতিনের যুদ্ধযন্ত্রকে ইন্ধন জোগানো দেশগুলিকে (ভারত, চিন ও ব্রাজিল ) শাস্তি দিতে এই বিল হাতিয়ার হিসেবে কাজ করবে। মার্কিন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গ্রাহামের আনা 'স্যাংশনিং অফ রাশিয়া অ্যাক্ট 2025' শীর্ষক বিলটিতে এই শাস্তিমূলক শুল্কের বিধান দেওয়া হয়েছে৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ তেল ক্রেতা দেশগুলির ওপর 500 শতাংশ শুল্ক আরোপের একটি বিলে অনুমোদন দেওয়ার কয়েক দিন পর, ভারতে যখন এই নিয়ে উদ্বেগ দেখা দেয়, তখন রাজস্থানের জয়পুরে ভারত উদ্যোগ ব্যাপার মণ্ডলের (BHUVM) দুই দিনব্যাপী জাতীয় বাণিজ্য ও শিল্প সম্মেলনে (NCTI) দাবি করা হয়েছে যে, ট্রাম্পের 500 শতাংশ শুল্ক ভারতের উপর সামান্যই প্রভাব ফেলবে৷ পাশাপাশি, এই ধরনের বাণিজ্য চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য স্থানীয় পণ্য প্রচার এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ভারত উদ্যোগ ব্যাপার মণ্ডলের জাতীয় সভাপতি বাবুলাল গুপ্ত দাবি করেছেন, মার্কিন শুল্ক ভারতের উপর তেমন প্রভাব ফেলবে না ৷ কারণ, ভারত এই সমস্যার মোকাবেলা করতে সক্ষম। তিনি বলেন, “আমাদের একটি স্থানীয় ও গ্রামীণ অর্থনীতি রয়েছে। যদি স্থানীয় পণ্যগুলিকে একটি উন্নত প্ল্যাটফর্ম দেওয়া হয়, তবে শুল্কের মতো সমস্যাগুলির কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।”
এনসিটিআই সম্মেলনটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ট্রাম্প ‘দ্য ইউএস স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025’ অনুমোদন করেছেন। এই আইনের অধীনে ভারত, চিন ও ব্রাজিল-সহ যেসব দেশ রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে, তাদের আমদানি পণ্যের ওপর 500 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির একটি পদক্ষেপ হিসেবেও এটিকে দেখা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে বড় ধরনের ছাড়ে তার মোট অপরিশোধিত তেলের 40 শতাংশ পর্যন্ত আমদানি করেছে। এই আমদানির কারণে ওয়াশিংটন ইতিমধ্যেই 2025 সালে ভারতীয় রফতানির উপর শুল্ক দ্বিগুণ করে 50 শতাংশ করেছে।
ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের স্থিতিশীল বাণিজ্য সম্পর্কের প্রেক্ষাপটে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহত্তম রফতানি গন্তব্য। কিন্তু, 500 শতাংশ শুল্কের হুমকি এই অর্থনৈতিক অংশীদারিত্বের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
বাবুলাল গুপ্ত বলেছেন যে, ব্যবসায়ীদের মধ্যে দুই দিনের আলোচনায় ‘ভোকাল ফর লোকাল’ বা স্থানীয় পণ্য, স্থানীয় বাণিজ্য এবং স্থানীয় পর্যটনের উপর মনোযোগ দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের মনোযোগ আবার গ্রামের দিকে ফিরিয়ে আনতে হবে৷ কারণ, আজও গ্রামের লোকেরাই নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন করেন। এই প্রচেষ্টা সামগ্রিক অর্থনৈতিক উন্নতির জন্য সংস্কৃতি, ঐতিহ্য এবং বাণিজ্যকে সমন্বিত করতে তাদের সাহায্য করবে।” তাঁর মতে, গ্রামবাসীদের ক্ষমতায়ন করা এবং বাজারে প্রতিযোগিতা করার জন্য ঐতিহ্যবাহী ব্যবসাগুলিকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

