ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন ! এক ডলারে এখন 90.75 টাকা
দিনের প্রথমিক লেনদেনে মার্কিন ডলারের তুলনায় রুপির দাম 26 পয়সা কমে তার সর্বনিম্ন 90.75 টাকার স্তরে পৌঁছেছে।

By PTI
Published : December 15, 2025 at 1:14 PM IST
মুম্বই, 15 ডিসেম্বর: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তা এবং বিদেশী মূলধন বাজার থেকে তুলে নেওয়ার পরিস্থিতি অব্যাহত থাকার কারণে সোমবার রুপির দাম তীব্রভাবে হ্রাস পেয়েছে। দিনের লেনদেনের সময়, মার্কিন ডলারের তুলনায় রুপির দাম 26 পয়সা কমে তার সর্বনিম্ন 90.75 টাকায় পৌঁছেছে।
বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে দেরির ফলে বিনিয়োগকারীদের মনোভাব দুর্বল হয়ে পড়েছে, যার ফলে রুপির উপর নেতিবাচক চাপ তৈরি হয়েছে। তাছাড়া, বিশ্ববাজারে ঝুঁকি এড়িয়ে চলা এবং আমদানিকারকদের কাছে ডলারের প্রতি তীব্র চাহিদাও রুপির দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে রুপির দাম 90.53 টাকায় খোলে৷ কিন্তু, প্রথমিক লেনদেনেই চাপের মুখে পড়ে জলার প্রতি তার রেকর্ড সর্বনিম্ন স্তরে 90.75 টাকায় নেমে এসেছে। এটি রুপির আগের দিনের শেষ দামের তুলনায় 26 পয়সা কমেছে। শুক্রবারের শুরুতে, রুপির দাম 17 পয়সা কমে সর্বনিম্ন 90.49 টাকায় পৌঁছায়।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনের আলোচনা বৃহস্পতিবার শেষ হয়েছে৷ এই সময় উভয় পক্ষ পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য চলা আলোচনা-সহ বিভিন্ন বাণিজ্য-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন। মনে করা হচ্ছে, দুই দেশ দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকেই এগিয়ে যাচ্ছে।
বিশ্বব্যাপী, ছয়টি প্রধান মুদ্রার তুলনায় ডলারের শক্তি প্রতিফলিত করে ডলার সূচক 0.02 শতাংশ কমে 98.37-এ লেনদেন করছে। এদিকে, আন্তর্জাতিক অরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার-এর দর 0.41 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি 61.36 ডলারে দাঁড়িয়েছে।
দেশীয় শেয়ার বাজারেও দুর্বলতা দেখা দিয়েছে। বিএসই-র 30টি শেয়ারের সেনসেক্স 51.77 পয়েন্ট কমে 85,215.89-এর স্তরে দাঁড়িয়েছে৷ পাশাপাশি, নিফটি 31.30 পয়েন্ট কমে 26,015.65-এর স্তরে দাঁড়িয়েছে।
বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) শুক্রবার 1,114.22 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) জানিয়েছে, 5 ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 1.033 বিলিয়ন ডলার বেড়ে 687.26 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 1.877 বিলিয়ন ডলার কমে 686.227 বিলিয়ন ডলার ছিল।

