ETV Bharat / business

2000 টাকার বেশি অঙ্কের UPI লেনদেনে কাদের, কত টাকা চার্জ দিতে হবে ?

কেন্দ্রীয় সরকার UPI লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা চার্জ আরোপ করতে পারে। 2000 টাকার বেশি অঙ্কের UPI-লেনদেনের ক্ষেত্রে এই ফি কার্যকর হতে পারে ৷

UPI Transactions Charges
2000 টাকার বেশি অঙ্কের UPI লেনদেনে কাদের, কত টাকা চার্জ দিতে হবে ? (প্রতীকী ছবি: ইটিভি ভারত)
author img

By ANI

Published : August 5, 2026 at 11:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 5 অগস্ট: ভারতে ইউপিআই লেনদেন এখন ব্যাপকভাবে প্রচলিত। এখন সরকার ইউপিআই ব্যবহারকারীদের উপর একটি 'আঘাত' হানতে চলেছে। কেন্দ্রীয় সরকার UPI লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা চার্জ আরোপ করতে পারে। 2000 টাকার বেশি অঙ্কের UPI লেনদেনের ক্ষেত্রে এই ফি কার্যকর হতে পারে ৷

সরকার ইউপিআই পেমেন্টের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা চার্জ আরোপ করতে পারে। 2000 টাকার বেশি ব্যবসায়িক পেমেন্টের ক্ষেত্রে এই ফি 0.25 শতাংশ থেকে 0.4 শতাংশ পর্যন্ত হতে পারে। ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না।

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল’ পেশ করেছেন, যেখানে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির উপর এমডিআর চার্জ করার ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এটি কবে থেকে কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সরকারি হিসাব অনুযায়ী, 2,000 টাকার এই সীমা মোট ইউপিআই লেনদেনের মাত্র পাঁচ শতাংশকে অন্তর্ভুক্ত করবে, কিন্তু এই লেনদেনগুলো মোট লেনদেন মূল্যের 65 শতাংশ। এটি দুধ, শাকসবজি, মুদিখানার জিনিসপত্র বা অটো-ট্যাক্সির ভাড়ার মতো দৈনন্দিন কেনাকাটাকে প্রভাবিত করবে না।

জুলাই মাসে 23.7 বিলিয়ন ইউপিআই লেনদেন হয়েছে, যার মোট পরিমাণ 29.9 লক্ষ কোটি টাকা। একজন কর্মকর্তা জানিয়েছেন যে, এটি বাস্তবায়িত হলেও 95 শতাংশ লেনদেন এমডিআর-এর আওতায় আসবে না। এছাড়াও, সব ব্যবসা প্রতিষ্ঠান এই ফি গ্রাহকদের উপর চাপাবে না, যার পরিমাণও হবে খুবই সামান্য।

উল্লেখ্য যে, ইউপিআই ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে, যেখানে প্রতি মাসে শত শত কোটি লেনদেন সম্পন্ন হয়। এই ব্যবস্থাটিকে শক্তিশালী ও মজবুত রাখতে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো নতুন নতুন উপায় খুঁজছে।

এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে সাধারণ ব্যবহারকারীদের উপর এর কোনও প্রভাব পড়বে না, কিন্তু বড় ব্যবসায়ীদের জন্য ইউপিআই পেমেন্ট আর বিনামূল্যে থাকবে না। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সমগ্র ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে।