মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে শেয়ারবাজারে ধস ! 7 লক্ষ কোটি টাকার ক্ষতি বিনিয়োগকারীদের
সোমবার সারাদিনের লেনদেনে এই বিশাল পতনের কারণে বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন 7 লক্ষ কোটি টাকা কমেছে ৷

By PTI
Published : March 2, 2026 at 5:34 PM IST
মুম্বই, 2 মার্চ: ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে সোমবার ভারতীয় শেয়ার বাজার উল্লেখযোগ্য পতনের সম্মুখীন হয়েছে। সোমবার সারাদিনের লেনদেনের শেষে সেনসেক্স 80,238.85-এর স্তরে শেষ হয়েছে ৷ এদিনের লেনদেনে সেনসেক্স 1,048.34 পয়েন্ট বা 1.29 শতাংশ কমেছে ৷ এদিকে, নিফটি সোমবারের লেনদেনে 312.95 পয়েন্ট বা 1.24 শতাংশ কমে 24,865.70-এর স্তরে থেমেছে।
সোমবার সারাদিনের লেনদেনে এই বিশাল পতনের কারণে বোম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন 7 লক্ষ কোটি টাকা কমে 456 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা শুক্রবার ছিল 463 লক্ষ কোটি টাকা। অর্থাৎ, এদিনের লেনদেনে বিনিয়োগকারীদের 7 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে৷
এদিন ক্ষতির সম্মুখীন হওয়া সূচকগুলির মধ্যে নিফটি ইনফ্রা (2.23 শতাংশ), নিফটি অটো (2.20 শতাংশ), নিফটি কনজিউমার ডিউরেবলস (2.15 শতাংশ), নিফটি অয়েল অ্যান্ড গ্যাস (2.15 শতাংশ), নিফটি পিএসইউ (1.84 শতাংশ), নিফটি মিডিয়া (1.82 শতাংশ), নিফটি রিয়েলটি (1.61 শতাংশ) এবং নিফটি এনার্জির শেয়ারদর (1.61 শতাংশ) হ্রাস পেয়েছে।
অন্যদিকে, এই বিপুল ক্ষতির দিনে নিফটি ইন্ডিয়া ডিফেন্স (0.49 শতাংশ), নিফটি মেটাল (0.24 শতাংশ) এবং নিফটি ফার্মার (0.02 শতাংশ) শেয়ার লাভের মুখ দেখেছে। সেনসেক্সের শেয়ারের মধ্যে BEL, সান ফার্মা এবং ITC-এর শেয়ারের দাম বেড়েছে। ইন্ডিগো, এলএন্ডটি, মারুতি সুজুকি, এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভ, এমএন্ডএম, বাজাজ ফাইন্যান্স, এইচসিএল টেক, ট্রেন্ট, ইটারনাল, টাইটান, আল্ট্রাটেক সিমেন্ট, পাওয়ার গ্রিড, এনটিপিসি, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে।
লার্জক্যাপের পাশাপাশি স্মলক্যাপ এবং মিডক্যাপ শেয়ারের দামও আজ কমেছে। নিফটি মিডক্যাপ 100 সূচক 935.10 পয়েন্ট বা 1.58 শতাংশ কমে 58,180.50-এর স্তরে দাঁড়িয়েছে এবং নিফটি স্মলক্যাপ 100 সূচক 296.50 পয়েন্ট বা 1.75 শতাংশ কমে 16,632.40-এর স্তরে দাঁড়িয়েছে।
সোমবার ভারতীয় শেয়ার বাজারে উল্লেখযোগ্য পতনের প্রসঙ্গে এলকেপি সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল বিশ্লেষক রূপক দে বলেন, "মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে নিফটির ওপেনিং দুর্বল ছিল। দৈনিক সময়সীমায়, সূচকটি ক্রমবর্ধমান ট্রেন্ড লাইনের নীচে নেমে গিয়েছে, যা বাজারে ক্রমবর্ধমান দুর্বলতার ইঙ্গিত দেয়। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) এখনও একটি নিম্নমুখী রয়েছে, যা দুর্বল গতির বিষয়টি নিশ্চিত করে।" এই রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) এমন সঙ্কেত দেয় যা বিনিয়োগকারীদেরকে সিকিউরিটি বা মুদ্রা অতিরিক্ত বিক্রি হলে কিনতে এবং অতিরিক্ত কেনা হলে বিক্রি করার পরামর্শ দেয়। অর্থাৎ, রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) হল শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রাথমিক পথ নির্দেশক৷

