রেকর্ড দর থেকে 1.50 লাখ টাকা সস্তা রুপো; প্রায় দেড় হাজার টাকা পড়ল সোনার দাম
বৃহস্পতিবার দিল্লিতে রুপোর দাম কেজিতে প্রায় সাড়ে 7 হাজার টাকা কমেছে ৷ পাশাপাশি, সোনার দামও এক ধাক্কায় প্রায় দেড় হাজার টাকা সস্তা হয়েছে ৷

By PTI
Published : February 26, 2026 at 7:30 PM IST
নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: ফিউচার বাজারে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) আজ পড়ল রুপোর দর ৷ বৃহস্পতিবার রুপোর দাম তীব্র হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে রুপোর দাম কেজিতে প্রায় সাড়ে 7 হাজার (7,400 টাকা) টাকা কমে 2 লক্ষ 70 হাজার 500 টাকায় দাঁড়িয়েছে ৷ পাশাপাশি, প্রতি 10 গ্রামে সোনার দাম 1300 টাকা কমে 1 লক্ষ 62 হাজার টাকা হয়েছে। দুর্বল বিশ্ব চাহিদায় এবং ব্যবসায়ীদের মুনাফা সংগ্রহের কারণে আজ দুই ধাতুর দামই কমেছে।
অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের মতে, রুপোর দাম 7,400 টাকা বা প্রায় 3 শতাংশ কমে 2,70,500 টাকায় দাঁড়িয়েছে (সকল কর-সহ) যা আগের দিন লেনদেনের শেষে 2,77,900 টাকা প্রতি কেজির স্তরে ছিল। এদিকে, 99.9 শতাংশ বিশুদ্ধ সোনার দাম আজ এক ধাক্কায় 1,300 টাকা বা প্রায় 1 শতাংশ কমে প্রতি 10 গ্রামে 1,62,900 টাকায় দাঁড়িয়েছে (সকল কর-সহ)। এই দাম আগের দিন লেনদেনের শেষে প্রতি 10 গ্রামে 1,64,200 টাকার স্থরে থেমেছিল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দুর্বল চাহিদা এবং সপ্তাহের শুরুতে দাম তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছানোর পর হালকা মুনাফা-বণ্টনের কারণে এই পতন ঘটেছে। এর পাশাপাশি, মার্কিন ডলারের শক্তিশালী দাম বিনিয়োগকারীদের সোনার দামের প্রতি আগ্রহকে আরও কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশীয় বাজারের সোনার দামের উপরও পড়ছে। বিদেশে সোনার বর্তমান দাম কম থাকার কারণে ভারতেও এই ধাতুর দাম কমেছে।
গত বছর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত রুপোর দাম তীব্রভাবে বেড়েছে। 29 জানুয়ারি, প্রথমবারের মতো রুপোর দাম কেজিতে 4 লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। সেই সময়, রুপো প্রতি কেজিতে তার সর্বকালের সর্বোচ্চ দরে 4,20,048 টাকায় লেনদেন করে। কিন্তু, তারপর থেকে রুপোর দাম ক্রমাগত কমছে। বর্তমানে এক কেজি রুপোর দাম 2,70,500 টাকা। অর্থাৎ, রুপোর দর প্রায় 1 লক্ষ 49 হাজার 500 টাকা কমেছে।
আন্তর্জাতিক বাজারে, স্পট রুপোর দাম 1.91 মার্কিন ডলার বা 2.15 শতাংশ কমে আজ 87.28 মার্কিন ডলারে হয়েছে ৷ পাশাপাশি, স্পট সোনার দাম সামান্য বৃদ্ধি পেয়ে 5,176.21 মার্কিন ডলারে লেনদেন করছে।
পণ্য বিশেষজ্ঞ অজয় কেডিয়ার মতে, যদি বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে জুন বা জুলাই মাসের মধ্যে রুপোর দাম 2 লক্ষ টাকার নিচে থাকতে পারে এবং প্রতি কেজি 1.90 লক্ষ টাকার কাছাকাছি থাকতে পারে। তবে দুই ধাতুর দামে বড়সড় উত্থান-পতন না হলে, রুপোর দাম প্রতি কেজিতে 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যেই থাকবে।

