পোস্ট অফিসে 300 টাকা করে জমিয়ে 15 লক্ষ, এর মধ্যে পাবেন 4.40 লাখের সুদ
আপনার ছোট ছোট দৈনিক সঞ্চয়কে মাত্র কয়েক বছরে একটি বড় তহবিলে রূপান্তরিত করতে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি একটি চমৎকার বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে।

Published : April 8, 2026 at 7:52 PM IST
হায়দরাবাদ, 8 এপ্রিল: প্রত্যেক ব্যক্তিই ভবিষ্যতের জন্য তাদের কষ্টার্জিত অর্থের কিছু অংশ সঞ্চয় করে। তবে, এই মুদ্রাস্ফীতির সময়ে, শুধু টাকা সঞ্চয় করাই যথেষ্ট নয় ৷ সঠিক ও নিরাপদ স্থানে তা বিনিয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ। এই প্রয়োজন মেটাতে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি একটি চমৎকার বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে। সরকারি গ্যারান্টির কারণে, এই প্রকল্পগুলিতে কোনও ঝুঁকি নেই এবং চমৎকার মুনাফা প্রদান করে। এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (আরডি স্কিম), যা আপনার ছোট ছোট দৈনিক সঞ্চয়কে মাত্র কয়েক বছরে একটি বড় তহবিলে রূপান্তরিত করতে পারে। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হল, আপনি শুধুমাত্র আপনার জমা টাকার উপর সুদ থেকেই অতিরিক্ত 4.40 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
মাত্র 100 টাকা দিয়ে বিনিয়োগ শুরু
পোস্ট অফিস রিকারিং ডিপোজিট প্রকল্পের অধীনে, 18 বছর বা তার বেশি বয়সী যেকোনও ভারতীয় নাগরিক তাদের নিকটতম পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রকল্পে বিনিয়োগ মাত্র 100 টাকা দিয়ে শুরু করা যেতে পারে। বর্তমানে, সরকার এই আমানতের উপর 6.7 শতাংশের আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে।
প্রতিদিন 300 টাকা জমিয়ে 15 লক্ষ টাকার তহবিল তৈরির হিসাব
এবার এমন একটি কৌশল নিয়ে আলোচনা করা যাক যা আপনাকে লক্ষ লক্ষ টাকার একটি তহবিল তৈরি করতে সাহায্য করতে পারে। প্রতিদিন 300 টাকা করে আলাদা করে সরিয়ে রাখা যায় তাহলে মোট মাসিক সঞ্চয় হবে 9,000 টাকা। প্রতি মাসে এই টাকা পোস্ট অফিসের একটি রিকারিং ডিপোজিটে জমা করা যেতে পারে। এইভাবে পাঁচ বছর পর মোট বিনিয়োগের পরিমাণ হবে 5 লক্ষ 40 হাজার টাকা এবং সুদ-সহ এই তহবিল 6 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।
যদি এই বিনিয়োগটি বন্ধ না করে আরও পাঁচ বছরের জন্য (মোট 10 বছরের বিনিয়োগ) এর মেয়াদ বাড়ানো যায়, তাহলে মূল জমা টাকার পরিমাণ হবে 10 লক্ষ 80 হাজার টাকা। দশ বছর পূর্ণ হলে, ম্যাচিউরিটিতে এককালীন 15,20,889 টাকা পাওয়া যাবে। এই মোট টাকার মধ্যে 4,40,889 টাকা শুধুমাত্র সুদ বাবদ পাওয়া যাবে।
অকাল প্রত্যাহারের সুবিধা
এই রিকারিং ডিপোজিট স্কিমটির মেয়াদ সাধারণত পাঁচ বছর। যাদের মধ্যম-মেয়াদী লক্ষ্য রয়েছে, তাদের জন্য এই বিনিয়োগ প্রকল্পটি আদর্শ। তবে, আসল বিনিয়োগের সুবিধাটি পাওয়া যায় মেয়াদপূর্তির পর আরও পাঁচ বছরের জন্য অ্যাকাউন্টটির মেয়াদ বাড়িয়ে নিলে। এছাড়াও, বিনিয়োগে নমনীয়তাও প্রদান করা হয়। যদি কোনও জরুরি অবস্থার কারণে তাৎক্ষণিক তহবিলের প্রয়োজন হয়, তবে অ্যাকাউন্টধারীরা তিন বছর পর নির্ধারিত সময়ের আগেই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারেন। যদি দুর্ভাগ্যবশত যদি অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তবে নথিপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তি অ্যাকাউন্টটি চালু রাখার অথবা এতে জমার টাকা দাবি করার বিকল্প বেছে নিতে পারেন।
জরুরি ঋণের সুবিধা
পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট স্কিম শুধু একটি বিনিয়োগই নয়, বরং দুর্দিনের জন্য একটি সুরক্ষাকবচও। অ্যাকাউন্ট খোলার পর, অ্যাকাউন্টধারীরা তাদের জমার উপর ভিত্তি করে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। সাধারণত, এক বছর নিয়মিত টাকা জমা রাখার পর, আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের 50 শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে তুলতে পারেন। এটি বাজারে উপলব্ধ ব্যয়বহুল ব্যক্তিগত ঋণের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী৷ কারণ, এক্ষেত্রে অতিরিক্ত সুদ হিসেবে মাত্র 2 শতাংশ সুদ দিতে হয়।

