এবার ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি ইজরায়েলের সঙ্গে, শুরু প্রথম দফার আলোচনা
ভারত-ইজরায়েল একটি মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফার আলোচনা শুরু করেছে। গত বছরের নভেম্বরে, এই চুক্তির জন্য আলোচনা শুরুর জন্য দুই দেশ শর্তাবলী (TOR) স্বাক্ষর করে।

By PTI
Published : February 24, 2026 at 8:49 PM IST
নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ভারত ও ইজরায়েল একটি মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) জন্য প্রথম দফার আলোচনা শুরু করেছে। গত বছরের নভেম্বরে, এই চুক্তির জন্য আলোচনা শুরু করার জন্য দুই দেশ শর্তাবলী (TOR) স্বাক্ষর করে।
বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, "ভারত-ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) জন্য প্রথম দফার আলোচনা 23 ফেব্রুয়ারি, 2026 তারিখে নয়াদিল্লিতে শুরু হয়েছে এবং এটি 26 ফেব্রুয়ারি, 2026 পর্যন্ত চলবে ।" এই ধরনের চুক্তিতে, দুই পক্ষ তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক পণ্যের উপর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস বা বাতিল করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। এছাড়াও, দুই পক্ষ পরিষেবা এবং বিনিয়োগের বাণিজ্যকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় নিয়মগুলি শিথিল করে।
এই চুক্তির শর্তাবলীর (TOR) মধ্যে রয়েছে শুল্ক ও শুল্ক-ভিন্ন বাধা দূর করে পণ্যের বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগ সহজ করা, শুল্ক পদ্ধতির সরলীকরণ, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের জন্য সহযোগিতা বৃদ্ধি এবং পরিষেবা বাণিজ্যের প্রচারের জন্য নিয়মাবলী সহজ করা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে প্রথম দফার আলোচনায় উভয় পক্ষের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক যেমন পণ্য বাণিজ্য, পরিষেবা বাণিজ্য, উৎপত্তির নিয়ম, স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি ব্যবস্থা, বাণিজ্যে প্রযুক্তিগত বাধা, শুল্ক পদ্ধতি এবং বাণিজ্য সহজীকরণ এবং বৌদ্ধিক সম্পত্তি অধিকার নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অধিবেশনে, বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উচ্চ প্রযুক্তির উৎপাদন, কৃষি এবং পরিষেবার মতো ক্ষেত্রে উভয় পক্ষের জন্য উপলব্ধ উল্লেখযোগ্য সুযোগের উপর জোর দেন। ভারতের প্রধান আলোচক হলেন বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব অজয় ভাদু। মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ইজরায়েলের প্রধান আলোচক হলেন সিনিয়র ডিরেক্টর ট্রেড পলিসি অ্যান্ড এগ্রিমেন্টস ইফাত অ্যালন পেরেল।
ভারত-ইজরায়েলের মধ্যে চলা এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ! কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 25 থেকে 26 ফেব্রুয়ারি ইজরায়েল সফর করছেন। এই সফরে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ইজরায়েলি সংসদে ভাষণ দেবেন। এই সফরে দুই দেশের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। ভারত ও ইজরায়েল গত 10 বছরে তাদের প্রতিরক্ষা খাতকে দ্রুত এগিয়ে নিয়েছে।
ভারত ও ইজরায়েল এর আগেও একই ধরণের চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। আট দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল ৷ কিন্তু, পরে আলোচনা স্থগিত হয়ে যায়। ভারত-ইজরায়েলের মধ্যে শেষ দফা আলোচনাটি 2021 সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল।

