অ্য়াপ ক্যাব যাত্রীদের খরচ কমার সম্ভাবনা, বকশিস ফিচার অবৈধ ঘোষণা কেন্দ্রের
VEHICLES AGGREGATORS GUIDELINES :রাইড অ্য়াপে অ্য়াডভান্স টিপ ফিচার পুরোপুরি নিষিদ্ধ ৷ খরচ কমবে যাত্রীদের ৷

Published : December 29, 2025 at 5:31 PM IST
সুরভী গুপ্তা, হায়দরাবাদ : রাইড অ্য়াপে অ্য়াডভান্স টিপ ফিচার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ তাদের তরফে জানানো হয়েছে, এই ফিচারটি সম্পূর্ণ অনৈতিক ৷ কারণ রাইড শুরুর আগে চালকদের টিপ দেওয়ার প্রস্তাব দিতে পারে না কোনও রাইডিং অ্য়াপ ৷ কারণ এটা পুরোপুরি ঐচ্ছিক ৷ এবং যাত্রীরা কতটাকা টিপ বা বকশিস দেবেন সেই বিষয়েও বাধ্য করতে পারে না ৷
কী ঘটেছে ?
বিভিন্ন রাইডিং অ্য়াপ যেমন Ola, Uber, Rapido -র মতো সংস্থাগুলি কোনও ট্রিপ শুরুর আগেই চালকদের টিপ দেওয়ার প্রস্তাব দেয় ৷ অর্থাৎ বুকিংয়ের আগেই টিপ দেওয়ার অপশন দেখায় তারা ৷ সংস্থাগুলির বক্তব্য়, টিপ দিতে রাজি হলে অতি দ্রুত ক্যাব পাওয়ার সম্ভাবনা থাকে ৷ কারণ ড্রাইভাররা অতি দ্রুত অর্ডার অ্য়াকসেপ্ট করেন ৷
এখানেই অভিযোগ তোলেন অনেকে ৷ সেই অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় সরকারের কাছে ৷ তার ভিত্তিতে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই ট্রিপ শুরু হওয়ার আগে টিপ দেওয়ার প্রস্তাব দেওয়া যাবে না ৷
ক্রেতা সুরক্ষার দিক থেকে পুরো বিষয়টিকে অনৈতিক আখ্যা দেওয়া হয় ৷ 2025 সালে কেন্দ্রীয় সরকারের কনজিউমার প্রটেকশন অথোরিটি এই বিষয়টিকে অবৈধ ব্যবসায়িক লেনদেন আখ্যায়িত করে ৷ এই বিষয়ে কনজিউমার অ্য়াফেয়ার বিশেষজ্ঞ, বিজন মিশ্র জানিয়েছেন, "কোনও টিপ দেওয়া পুরোপুরি কৃতজ্ঞতা সূচক ৷ এটাকে কোনওভাবেই বাধ্যতামূলক হিসেবে গণ্য করা যাবে না ৷ এমনকি, এটা কোনও সারচার্জ নয় ৷ টিপ শুরুর আগেই টিপ দেওয়ার প্রস্তাব দেওয়ার অর্থ প্ল্য়াটফর্মের দায়িত্ব ইউজারদের উপর চাপিয়ে দেওয়া ৷"
যদিও টিপ নেওয়ার প্রস্তাব পুরোপুরি অস্বীকার করে অ্য়াপ কোম্পানিগুলির উপর দায় ঠেলেছেন ক্যাব চালকরা ৷ ললিত কুমার নামে এক Ola ও Rapido চালকের সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি বলেন, "আমরা কোনও টিপ পাইনা ৷ যাত্রীরা যা ভাড়া দেন তার 70 শতাংশ আমরা পাই ৷ বাকিটা প্ল্য়াটফর্ম কেটে নেয় ৷ এর বাইরে কোনও টিপ আমাদের দেওয়া হয় না ৷ "
রাজ কুমার নামে অপর এক অ্য়াপ ক্যাব চালক জানিয়েছেন, "যদি যাত্রীর মোট 70 টাকা বিল অ্য়ামাউন্ট হয় তাহলে আমরা 100 টাকা পাই ৷ সেখানে কোথাও টিপ বা বকশিসের কথা উল্লেখ থাকে না ৷" অপর এক ড্রাইভার জানিয়েছেন, যাত্রীর কাছে যে ক্যাব খুব কাছে থাকে সেই ক্যাব অর্ডার গ্রহণ করে ৷ বকশিসের বিষয়টি স্বচ্ছ রাখা দরকার ৷
শুধু অ্য়াপ ক্যাব নয়, ফুড ডেলিভারি অ্য়াপগুলিতেও টিপ দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে ৷ সার্ভিসের আগেই টিপ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় অ্য়াপগুলির তরফে ৷ এই বিষয়ে মীনা শর্মা নামে দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন, "আমি অবশ্যই টিপ দিতে রাজি ৷ তবে সার্ভিস গ্রহণের পর ৷ কোনওভাবেই সার্ভিস গ্রহণের আগে আমি টিপ দেব না ৷"
এই বিষয়টিকে ডিজিট্যাল ব্ল্য়াকমেলিং বলে মনে করেন দিল্লি পরিবহন দফতরের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান অনিল চিকারা ৷ তাঁর বক্তব্য, "এটা যে শুধু অনৈতিক তা নয়, এটা কনজিউমার প্রটেকশন আইনকে খন্ডন করছে ৷"

