ওল্ড মঙ্ক-ম্যাকডোয়েল-রয়্যাল চ্যালেঞ্জ-সহ একাধিক মদ বিক্রিতে নিষেধাজ্ঞা, রইল তালিকা
FSSAI বেশ কয়েকটি মদের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে রম-হুইস্কি উৎপাদনে অননুমোদিত পদ্ধতি ব্যবহার এবং মদের বয়স সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করার অভিযোগ আনা হয়েছে।

By PTI
Published : August 5, 2026 at 6:57 PM IST
নয়াদিল্লি, 5 অগস্ট: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ওল্ড মঙ্ক, ম্যাকডোয়েলস, ব্যাগপাইপার, অ্যান্টিকুইটি ব্লু এবং রয়্যাল চ্যালেঞ্জের মতো জনপ্রিয় ব্র্যান্ড-সহ বেশ কয়েকটি মদ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। তাদের বিরুদ্ধে অননুমোদিত ফ্লেভারিং পদ্ধতি ব্যবহার এবং মদের বয়স সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করায় খাদ্য সুরক্ষা ও লেবেলিং বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
খাদ্য নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে পরিদর্শন ও পরীক্ষাগার পরীক্ষায় দেখা গিয়েছে কিছু কোম্পানি রম ও হুইস্কিতে অনিয়ম করে ফ্লেভার যোগ করছিল। নিয়ম অনুযায়ী, কাঁচামাল ও সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে স্বাদ ও গন্ধকে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেওয়া উচিত। তা না করে নিয়ম ভেঙে ফ্লেভার যোগ করা হয়েছিল বলে অভিযোগ ৷
কাদের কাদের নিষিদ্ধ করা হয়েছে ?
ল্যাব রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ মোহন রকি স্প্রিংওয়াটারের ওল্ড মঙ্ক ভ্যারিয়েন্ট, ইউনাইটেড স্পিরিটসের ম্যাকডোয়েলস নম্বর 1 রম, অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, ইনব্রু বেভারেজেসের ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি ও ওল্ড কাস্ক ডিলাক্স XXX রম এবং অ্যাসোসিয়েটেড অ্যালকোহল অ্যান্ড ব্রিউয়ারিজের সেন্ট্রাল প্রভিন্স হুইস্কি ও ম্যাকডোয়েলস নম্বর 1 সেলিব্রেশন ম্যাচিওর XXX রমের বিক্রি নিষিদ্ধ করেছে।

মদের কোম্পানিগুলি ইউনাইটেড স্পিরিটস এবং অ্যাসোসিয়েটেড অ্যালকোহল অ্যান্ড ব্রিউয়ারিজ FSSAI নির্দেশকে চ্যালেঞ্জ করে যথাক্রমে বোম্বে হাইকোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেছে ৷ ব্রিটিশ বহুজাতিক কোম্পানি ডিয়াজিও পিএলসি (Diageo PLC)-র অঙ্গপ্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় কোম্পানি ‘ইউনাইটেড স্পিরিটস লিমিটেড’ কেন্দ্রীয় সরকার ও ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)-র বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
রম বা ফ্লেভারযুক্ত স্পিরিট
FSSAI জানিয়েছে যে এই পণ্যগুলিকে সাধারণ রম বা হুইস্কি হিসাবে বিক্রি করা হচ্ছে, কিন্তু এগুলি মূলত নিউট্রাল অ্যালকোহল বা এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল থেকে তৈরি। এগুলিতে পানীয়গুলির আসল স্বাদ নেই। কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পণ্যগুলির বিশুদ্ধতা শনাক্ত করার জন্য সেগুলিকে রম-ফ্লেভারড স্পিরিট বা হুইস্কি-ফ্লেভারড স্পিরিট হিসাবে লেবেল করা উচিত।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “কিছু কোম্পানি পণ্যের আসল গন্ধ ও স্বাদের অনুকরণে এতে বাইরে থেকে ফ্লেভার যোগ করে। এরপর তারা এটিকে বিক্রি করে ক্রেতাদের বিভ্রান্ত করেছে। এই কোম্পানিগুলি স্বাভাবিকভাবে ফ্লেভার তৈরির জন্য মোলাসেস, মল্ট বা আঙুরের মতো পরিপক্কতা বা মূল উপাদান ব্যবহার করে না। এই কোম্পানিগুলি মূলত স্পিরিট/নিউট্রাল অ্যালকোহল ব্যবহার করে, যেগুলির কোনও স্বতন্ত্র স্বাদ নেই এবং তাই তারা এতে ফ্লেভার যোগ করে।”
গ্রাহকদের কীভাবে বিভ্রান্ত করা হয়েছিল ?
FSSAI জানিয়েছে যে, এই ধরনের পণ্যগুলি শুধু নিম্নমানেরই নয়, বরং প্রচলিত ক্যাটাগরির নাম ব্যবহার করে ভুলভাবে বাজারজাত করা হচ্ছে। এগুলিকে রম-ফ্লেভারড স্পিরিট বা হুইস্কি-ফ্লেভারড স্পিরিট ইত্যাদি হিসেবে চিহ্নিত করা যায়। এছাড়াও, প্যাকেজিং-এ পণ্যটির বিশুদ্ধতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া থাকে না।
নিয়ন্ত্রক সংস্থাটি ওল্ড মঙ্ক XXX রমের একটি ভ্যারিয়েন্টের উপর থাকা "7 ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড" দাবিটিকেও বিভ্রান্তিকর বলে মনে করেছে। পরীক্ষায় দেখা গিয়েছে যে, এই রমের প্রধান উপাদান হলো নিউট্রাল স্পিরিট, যেখানে ম্যাচিওর রম স্পিরিটের পরিমাণ খুবই কম, যা 5 শতাংশেরও কম। এটি বিদ্যমান নিয়মাবলীর একটি সুস্পষ্ট লঙ্ঘন। নিয়ম অনুযায়ী, কোনও স্পিরিটের বয়স সেই মিশ্রণে থাকা সবচেয়ে কম বয়সী স্পিরিটের উপর ভিত্তি করে দাবি করা উচিত।

