আকাশছোঁয়া বিমান ভাড়ায় লাগাম, দূরত্ব অনুযায়ী টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র
আকাশছোঁয়া বিমান ভাড়ায় লাগাম টানতে কড়া ব্যবস্থা নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ কত দূরত্বের জন্য সর্বোচ্চ বিমান-ভাড়া কত? জেনে নিন...

By ANI
Published : December 6, 2025 at 8:10 PM IST
নয়াদিল্লি, 6 ডিসেম্বর: ইন্ডিগোর পরিচালনাগত সমস্যার কারণে, পরপর অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং বিমানবন্দরে বিপুল সংখ্যক মানুষ আটকে পড়েছেন।
এদিকে, ইন্ডিগো সঙ্কটের মধ্যে দেশের অন্যান্য বিমান সংস্থাগুলি এই সুযোগটি কাজে লাগিয়ে এক ধাক্কায় বিমান ভাড়া প্রায় দশগুণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ, বিমান ভাড়ার এই বিপুল বৃদ্ধি রোধে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে (MoCA) এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছে। বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন (MoCA) তার জরুরি নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যবহার করছে।
দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পরিচালনগত সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেশ কয়েকটি শহরে ফ্লাইট বাতিল বা বিলম্বের খবর পাওয়া যাচ্ছে। এই সঙ্কটকে সুযোগে পরিণত করে বেশ কয়েকটি বিমান সংস্থা অভ্যন্তরীণ বিমানের ভাড়া বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
In public interest, the Ministry of Civil Aviation has issued fare caps to prevent unreasonable surge pricing caused by recent disruptions.
— Murlidhar Mohol (@mohol_murlidhar) December 6, 2025
We are committed to protecting passengers and ensuring stable, affordable air travel.@narendramodi @PMOIndia @RamMNK @MoCA_GoI pic.twitter.com/NfNZ3wuNv2
রাতারাতি বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তের টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক রুটের বিমন ভাড়ার চেয়েও মহার্ঘ হয়ে উঠেছে ডোমেস্টিক ফ্লাইটের ফাড়া৷ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) একটি সরকারি নির্দেশিকা জারি করেছে ৷ মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে যে, কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রভাবিত রুটে নতুন ভাড়ার নির্ধারিত সীমা তাদের কঠোরভাবে মেনে চলতে হবে।
সরকারের তরফ থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "বর্তমানে চলা সঙ্কটের সময় কিছু বিমান সংস্থার অতিরিক্ত বিমান ভাড়া আদায়ের ঘটনায় তৈরি হওয়া উদ্বেগের বিষয়টি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। যে কোনও সুবিধাবাদী মূল্য নির্ধারণ থেকে যাত্রীদের রক্ষা করার জন্য, মন্ত্রক সমস্ত প্রভাবিত রুটে ন্যায্য এবং যুক্তিসঙ্গত ভাড়া নিশ্চিত করার জন্য তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেছে।"
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA)-এর নির্দেশ অনুযায়ী, 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 7500 টাকার বেশি বিমান ভাড়া নেওয়া যাবে না৷ একইভাবে, 500-1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য সর্বোচ্চ 12000 টাকা, 1000-1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 15000 টাকা এবং 1500 কিলোমিটার থেকে তার বেশি দূরত্বের জন্য 18000 টাকার বেশি বিমান ভাড়া নেওয়া যাবে না৷
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) জানিয়েছে যে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সীমাগুলি কার্যকর থাকবে। মন্ত্রকের মতে, এই নির্দেশের উদ্দেশ্য হল বাজারে মূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা, দুর্দশাগ্রস্ত যাত্রীদের শোষণ রোধ করা এবং নিশ্চিত করা যে যাদের জরুরিভাবে ভ্রমণের প্রয়োজন - যার মধ্যে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী এবং রোগীরাও রয়েছেন - এই সময়ে তাঁরা যেন আর্থিক সমস্যার সম্মুখীন না হন। মন্ত্রক আরও জানিয়েছে যে, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রতিষ্ঠিত নিয়মের বাইরে কোনও পরিবর্তন করা হলে, তাৎক্ষণিকভাবে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

