বিহারে ভোট, রাতে সন্তানের জন্ম দিয়ে সকালে বুথে ছুটলেন তরুণী
ভোট দিয়ে সরকার নির্বাচিত করলে তবে হবে উন্নয়ন ৷ এই কারণে স্যালাইনের বোতল হাতে হাসপাতাল থেকে বুথে পৌঁছলেন সদ্য মা হওয়া এক তরুণী ৷

Published : November 11, 2025 at 6:40 PM IST
গয়া, 11 নভেম্বর: রাতে শিশুর জন্ম দিয়ে সকালে ভোটকেন্দ্রে পৌঁছলেন সদ্য মা হওয়া এক তরুণী ৷ বিশ্বাস না-হলেও বিহারের উন্নয়নের কথা ভেবে মঙ্গলবার সকালে গয়ায় একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন সোনী কুমারী ৷ এদিন বিহারের 122টি বিধানসভা আসনে দ্বিতীয় বা শেষ দফার ভোট হচ্ছে ৷ ভোটগণনা 14 নভেম্বর ৷
সোনী কুমারী গয়া জেলার বেলাগঞ্জ বিধানসভার কুরী সরায় গ্রামের বাসিন্দা ৷ তাঁর স্বামী সুনীল মাঝি ৷ গতকাল সন্ধ্যা 7টায় সোনী কুমারী বেলাগঞ্জ সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন ৷ রাত 11টার সময় বছর পঁচিশের সোনী শিশু সন্তানের জন্ম দেন ৷
এদিকে পরদিনই ভোট তাঁর জেলায় ৷ আর ভোট তিনি দেবেন ৷ এই সংকল্পে বদ্ধপরিকর ছিলেন সোনী কুমারী ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষকে সোনী জানান, ভোট দিতে যাবেন ৷ সেই মতো ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ মাত্র আট ঘণ্টা আগে ভূমিষ্ঠ হওয়া সদ্যোজাতকে কোলে নিয়ে অ্যাম্বুল্যান্সে উঠে বসেন সোনী ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর আত্মীয়রাও ৷ হাতে তখনও স্যালাইনের বোতল ৷
ওই অবস্থাতে বেলাগঞ্জ সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে থেকে বেলাগঞ্জ বিধানসভার কুরী সরায় গ্রামের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন সোনী ৷ তখন ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন ৷ কিন্তু অ্যাম্বুল্যান্স থেকে সোনীকে নামতে দেখে দাঁড়িয়ে থাকা ভোটাররা সোনীকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন ৷ ভোটকর্মীদের কাছে অনুরোধ করেন উপস্থিত ভোটাররা ৷ সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে, স্যালাইনের বোতল হাতে সোনীর ভোট দেওয়ার আগ্রহের ভূয়সি প্রশংসা করেন সবাই ৷
এভাবে ভোট দিলেন কেন ? কী বলছেন সোনী ?
সদ্য মা হওয়া সোনী বলেন, "সকালে আমি হাসপাতালের কর্মীদের বলেছিলাম, আমায় কিছুক্ষণের জন্য ছুটি দিন ৷ আমি বুথে গিয়ে ভোট দিতে চাই ৷ বিকাশের জন্য সরকার নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ জরুরি ৷ আমরা ভোট দিলে তবেই তো আমাদের শিশুদের ভবিষ্যৎ ভালো হবে ৷ গণতন্ত্রে ভোট না-দিলে উন্নয়নের পরিকল্পনা করা সম্ভব নয় ৷" স্বাভাবিকভাবে প্রসব হয়েছে সোনীর ৷ ভোট দিয়ে তাঁকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
সোনীর সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে বুথে এসেছিলেন হাসপাতালের স্বাস্থ্য কর্মী অজীত ৷ তিনি জানান, ভোট দেওয়ার পর সোনী কুমারীকে ফের হাসপাতালে পাঠানো হয়েছে ৷
গয়া জেলা প্রশাসনের উচ্চাধিকারিক শশাঙ্ক শুভঙ্কর বলেন, "খবর পেয়েছি, একজন মহিলা প্রসবের কয়েক ঘণ্টা পরেই হাসপাতাল থেকে সোজা বুথে গিয়ে ভোট দিয়েছেন ৷ এমন মহিলারাই তো সমাজের জন্য দৃষ্টান্ত ৷ ওই মহিলাকে জেলা প্রশাসনের তরফে সম্মানিত করা হবে ৷"

