স্ত্রী-সহ তিন সন্তানকে গলা কেটে খুন ! পলাতক স্বামী
ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ৷ ঘটনার পর থেকে স্বামীকে খুঁজে না পাওয়ায় তার বিরুদ্ধেই খুনের অভিযোগ জোরালো হচ্ছে ৷

Published : February 25, 2026 at 11:17 AM IST
নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: রাজধানীতে শিউড়ে ওঠার মতো ঘটনা ৷ ঘর থেকে এক মহিলা-সহ তিন নাবালকের দেহ উদ্ধারে উঠল খুনের তত্ত্ব ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির আউটার নর্থ চন্দন পার্ক এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই মহিলা এবং তিন নাবালককে ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলার স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ৷ ঘটনার পরপরই ওই মহিলার স্বামী পলাতক ৷ তাতেই সন্দেহ জোড়ালো হচ্ছে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । ঘরের ভিতর থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাগুলি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে ৷ পাশাপাশি ফরেনসিক দল এসেও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নিখোঁজ ৷ তাকে খুঁজতে বেশ কয়েকটি দলও গঠন করা হয়েছে । কাছাকাছি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সম্ভাব্য এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে ।
তবে হত্যার পিছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় । পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণে এই হত্যা তা জানতেই তদন্ত করছে পুলিশ । তবে এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, একটি তদন্তকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন । মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তিনি বলেন, "বিষয়টি বর্তমানে তদন্তাধীন । অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছে ৷ অভিযুক্ত ধরা পড়লেই খুনের কারণ স্পষ্ট হবে ৷"

