শুভেন্দু অধিকারীকে গোমাংস খাওয়ার আমন্ত্রণ ! ভিডিয়ো ছড়াতেই গ্রেফতার মহিলা
গুরুগ্রামে গরুর মাংস রান্না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

Published : June 3, 2026 at 11:05 PM IST
গুরুগ্রাম, 2 জুন: হরিয়ানার গুরুগ্রাম থেকে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে এক মহিলাকে গরুর মাংস রান্না করার দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে দেখা যাচ্ছে। ওই মহিলা ধর্মীয় ও রাজনৈতিক বিষয় নিয়েও তাঁর অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ পাওয়ার পর গুরুগ্রাম পুলিশ ব্যবস্থা নেয়, ওই মহিলাকে গ্রেফতার করেছে।
গরুর মাংস রান্না করে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ
ভিডিয়োটিতে এক মহিলাকে রান্নাঘরে রান্না করতে দেখা যাচ্ছে। বাংলায় কথা বলতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেন এবং একটি কড়াইতে গরুর মাংস রান্না করেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন যে, মাংসের সঙ্গে তিনি তাঁর জন্য রুটিও তৈরি করেছেন এবং তিনি চাইলে ভাতও বানিয়ে দিতে পারেন।
এই ঘটনায় গুরুগ্রাম পুলিশ কী বলছে ?
এসিপি ক্রাইম নবীন জানান, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিয়োটি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত শুরু করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও, পুলিশ মামলাটির সব দিক খতিয়ে দেখছে। পুলিশ অভিযুক্ত মহিলার স্মার্টফোন আটক করেছে। গুরুগ্রাম পুলিশ এখন এটি নিশ্চিত করতে চাইছে যে, ওই মহিলা কি নিজের ইচ্ছায় স্বয়ং এই ভিডিয়োটি তৈরি করেছেন, নাকি এর পেছনে বাংলার কোনও রাজনৈতিক শক্তির হাত রয়েছে ৷ কোনও রাজনৈতিক প্রভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে এই মহিলা লিপ্ত কিনা, তা তদন্ত করে দেখতে চাইছে পুলিশ।

