রামোজির 89তম জন্মবার্ষিকীতে সূচনা এক্সেলেন্স অ্যাওয়ার্ডের, পুরস্কৃত সাত বিশিষ্ট
গ্রামের বাস্তব জীবন তুলে ধরা থেকে খরায় জলের ব্যবস্থা করা, নারী-শিশু পাচার চক্রের মোকাবিলা করা, বিজ্ঞান-প্রযুক্তিতে অবদান- সব মিলিয়ে সাতজনকে পুরস্কৃত করল রামোজি গ্রুপ ৷

Published : November 17, 2025 at 2:57 PM IST
হায়দরাবাদ, 17 নভেম্বর: তাঁদের কাজের মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন ৷ নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে ৷ এমন সাতজন বিশিষ্টকে 2025 সালের রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারে পুরস্কৃত করা হল ৷ তাঁদের পুরস্কৃত করা হয় ৷
16 নভেম্বর রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের 89তম জন্মবার্ষিকী ছিল ৷ এই উপলক্ষ্যে রবিবার তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয় ৷ সেখানে শ্রীরামোজি রাওয়ের স্মরণে এই পুরস্কার প্রদানের সূচনা করেন সংস্থা সহ-সভাপতি সিপি রাধাকৃষ্ণন ৷
Hon’ble Vice-President Shri C. P. Radhakrishnan graced the inaugural Ramoji Excellence Awards 2025 at Ramoji Film City, Hyderabad, Telangana, as the Chief Guest today.
— Vice-President of India (@VPIndia) November 16, 2025
He paid heartfelt tributes to Shri Ramoji Rao, describing him as a visionary nation-builder who transformed… pic.twitter.com/TB8l9RiDqm
সাংবাদিকতা, গ্রামীণ উন্নয়ন, মানবতার সেবা, শিল্প ও সংস্কৃতি, তরুণ আইকন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সফল নারী- এই সাতটি ক্ষেত্রে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাছাই করা হয় ৷ বাছাই পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা বজায় রেখে প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে অনেকের মধ্যে থেকে সাত জনকে নির্বাচিত করা হয় ৷ বিশেষজ্ঞরা প্রতিটি ক্ষেত্রে আবেদনকারীদের জীবনপঞ্জি খতিয়ে দেখে প্রত্যেক ক্ষেত্রে তিনজনের নামের একটি তালিকা তৈরি করেন ৷ এরপর একটি চূড়ান্ত কমিটি প্রত্যেক ক্ষেত্রের তালিকা থেকে সেরা ব্যক্তিটিকে পছন্দ করেছে ৷ তেলুগু সংবাদমাধ্যম এনাডু ও ইটিভি ভারত নেটওয়ার্ক প্রত্যেক পুরস্কৃত ব্যক্তির তথ্যগুলি স্বতন্ত্রভাবে যাচাই করেছে ৷

সাংবাদিকতায় রামোজি এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন জয়দীপ হার্দিকর ৷ তিনি দু'দশকেরও বেশি সময় ধরে গ্রামের বাস্তব ছবিটি তাঁর রিপোর্টে তুলে ধরেছেন ৷ তিনি যে গ্রামাঞ্চলের সমস্যাগুলির গভীরে গিয়ে অনুভব করেছেন, তা তাঁর রিপোর্টে ফুটে উঠেছে ৷ প্রান্তিক মানুষের স্বর নিয়ে কাজ করেছেন জয়দীপ ৷ মানব উন্নয়নের বিভিন্ন দিক দেশের নজরে এনেছেন ৷

বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করেছেন তরুণ শ্রীকান্ত বোল্লা ৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এই প্রাক্তনী বোল্লান্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছেন বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য ৷ তাঁর এই কাজের জন্য ইউথ আইকনের পুরস্কার দেওয়া হয়েছে বোল্লাকে ৷

শিল্প ও সংস্কৃতিতে রামোজি এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন অধ্যাপক সতুপতি প্রসন্ন শ্রী ৷ তিনি 19টি আদিবাসী ভাষা নিয়ে কাজ করেছেন ৷ তাঁর এই অধ্যবসায় ভারতের নিজস্ব সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ৷ অধ্যাপক আদিকবি নান্নায়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷

গ্রামের উন্নয়নের জন্য পুরস্কৃত হয়েছে অমলা অশোক রুইয়া ৷ 'ওয়াটার মাদার' অর্থাৎ 'জল মা' নামে তিনি জনপ্রিয় ৷ খরা-প্রবণ গ্রামে জল সরবরাহের নতুন উপায় খুঁজে বের করেছেন তিনি ৷ আকার চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তিনি মানুষের জীবন যাপন উন্নত করেছেন ৷ জল সরবরাহ নিশ্চিত করছেন এবং দেশের গ্রামাঞ্চলে আশা জাগিয়েছেন ৷

মানবতার সেবার জন্য পুরস্কার পেয়েছেন আকাশ ট্যান্ডন ৷ তিনি 'পেহচান- দ্য স্ট্রিট স্কুল' সংস্থার প্রতিষ্ঠাতা ৷ দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে হাজার হাজার দুঃস্থ শিশুর পড়াশোনার বন্দোবস্ত করেছেন আকাশ ৷ সমাজের প্রান্তিক সম্প্রদায়ের মানুষেরও যে সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, তা প্রতিষ্ঠা করেছেন এই সমাজকর্মী ৷ গরিব-দুঃস্থদের জন্য সুযোগ করে দিয়েছেন ৷ তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছেন ৷

নারী ও শিশু পাচারের বিরুদ্ধে লড়াই করছেন সমাজকর্মী পল্লবী ঘোষ ৷ 10 হাজারেরও বেশি নারী ও শিশুকে উদ্ধার করেছেন তিনি ৷ 75 হাজারেরও বেশি মানুষের জীবনে প্রভাবিত হয়েছে তাঁর এই কাজে ৷ ইমপ্যাক্ট ও ডায়ালগ ফাউন্ডেশন নামের সংস্থার মাধ্যমে তিনি পাচার রোখা থেকে উদ্ধার, পুনর্বাসন ও তাদের সমাজে প্রতিষ্ঠা করার কাজ করছেন পল্লবী ৷ তাই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে রামোজি এক্সেলেন্স উইমেন এচিভার অ্যাওয়ার্ড ৷

বিজ্ঞান ও প্রযুক্তিতে রামোজি এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন অধ্যাপক মাধবী লতা গালি ৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসএসি)-এ ভূ-প্রযুক্তি ইঞ্জিনিয়রিংয়ে (জিওটেকনোলজি) তাঁকে একজন পথিকৃৎ বলে মনে করা হয় ৷ চেনাব রেলওয়ের সেতু-সহ দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিষয়ক প্রজেক্টে তাঁর অবদান অনস্বীকার্য ৷ সেন্টার ফর সাসটেনেবল টেকনোলজিস-এর চেয়ার অধ্যাপক অধ্যাপক মাধবী লতা গালি নিত্যনতুন উদ্ভাবন করে চলেছেন ৷ এর সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী প্রজন্মকে পথ দেখাচ্ছেন ৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমানা, দেশের বর্তমান উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং অন্যরা ৷ তাঁদের সংবর্ধনা জানান রামোজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী কিরণ ৷ এই অনুষ্ঠান আয়োজনের জন্য় ধন্যবাদ জানানো হয় শ্রীরামোজি রাওয়ের নাতনি দিভিজা চেরুকুরিকে ৷ সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে দ্য রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025-এর সমাপ্তি হয় ৷

