বদলা নয়, বদলে বিশ্বাসী; বঙ্গ জয়ের পর বললেন মোদি
ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। মোদির সাজে স্পষ্ট বাঙালিয়ানা ৷ মুখে জয়ের চওড়া হাসি।

Published : May 4, 2026 at 8:42 PM IST
নয়াদিল্লি, 4 মে: বাংলায় গেরুয়া ঝড়ের রেশ গিয়ে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাকেও ৷ বাংলা জয়ের পরই মোদিকে দেখা গেল ময়ূরপুচ্ছ ধুতি, পাঞ্জাবিতে ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি ৷ বিজেপি'র বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে !’
জয় নিশ্চিত হওয়ার পরেই একেবারে 'বাঙালিবাবু' সেজে জনগণের সামনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি'র সদর দফতর থেকে বদলার পরিবর্তে বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "বিজেপির আমলে বদলা নয়, বদল হবে ৷ হিংসাকে চিরতরের জন্য শেষ করি আসুন ৷ কে, কাকে ভোট দিয়েছে কে দেয়নি তার ঊর্ধ্বে উঠে বাংলার জন্য কাজ করি আসুন ৷"
এদিন সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। মোদির সাজে স্পষ্ট বাঙালিয়ানা। মুখে জয়ের চওড়া হাসি। আগেই বলেছিলেন, 2026-এর বিধানসভায় 200 আসনে জয়ী হবে তাঁদের দল ৷ এখন সেই জয় প্রায় নিশ্চিত ৷ পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাতে তাদেরই ‘ঘরের ছেলে’র সাজে সেজে উঠেছেন মোদি ৷ কেবল রাজনীতিতেই নয়, মোদি বরাবরই নিজের সাজপোশাক নিয়ে বেশ সচেতন থাকেন ৷ কলকাতায় নির্বাচনী প্রচারে এসে নৌকাবিহার করেছিলেন মোদি। সেখানে পাঞ্জাবির সঙ্গে শাল জড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ আসে, এই গরমেও শালের কী প্রয়োজন পড়েছে প্রধানমন্ত্রীর ?
উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, ভারতের যে রাজ্যেই তিনি যান না কেন, কোনও বিশেষ উপলক্ষে সেই রাজ্যের বেশভূষায় সেজে বারবারই জনগণকে চমকে দিয়েছেন মোদি ৷ কখনও তাঁর পাগড়ি, কখনও আবার তাঁর গায়ে জড়ানো শাল নজর কেড়েছে ৷ পশ্চিমবঙ্গের জয়ের বিষয় এবার আত্মবিশ্বাসী ছিলেন মোদি ৷ সম্ভবত আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন পোশাকাশাক। জয়ের পথ নিশ্চিত হতেই তিনি একেবারে 'বাঙালিবাবু' সেজে হাজির মোদি। আর সেখান থেকে ফের তাঁর গলায় শোনা গেল গঙ্গার কথা ৷
তিনি বলেন, “আমি এখন প্রতি মুহূর্তে অনুভব করছি মা গঙ্গার আশীর্বাদ সব সময় আমাদের উপর আছে ৷ বিহারের নির্বাচনের ফল বেরনোর পর এখান থেকেই আমি বলেছিলাম, গঙ্গাজির গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পথে পদ্ম ফুটবে ৷ বাংলার আজ ফলের পর জয়ের পর গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব জায়গায় পদ্ম ফুটেছে ৷ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলায় আজ বিজেপি সরাকার ৷ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা গঙ্গোত্রী বিহার হয়ে গঙ্গাসাগরে যায়।

