বিধানসভা নির্বাচনের আগে কেরল বদলে 'কেরলম', সিলমোহর মোদি সরকারের
আগামী এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন কেরলে ৷ তার আগে এই দক্ষিণী রাজ্যটির নাম পরিবর্তনের আর্জি মেনে নিল কেন্দ্রের বিজেপি সরকার ৷

Published : February 24, 2026 at 3:52 PM IST
নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: বদলে গেল 'ভগবানের আপন দেশ'-এর নাম ৷ দক্ষিণী এই রাজ্য়ের নাম পরিবর্তনে সিলমোহর দিল মন্ত্রিসভা ৷ মঙ্গলবার কেরলের নাম বদলে 'কেরলম' করার আর্জিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ চলতি বছরের এপ্রিল-মে মাসে কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে রাজ্যের নাম বদলে ছাড়পত্র দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
2024 সালের 24 জুন কেরল বিধানসভা সর্বসম্মতিক্রমে কেরলের নাম পাল্টে 'কেরলম' করার প্রস্তাব গ্রহণ করেছিল ৷ পিনারাই বিজয়নের সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সরকারিভাবে নাম বদলের আর্জি জানিয়েছিল ৷ বিধানসভা নির্বাচনের আগে সেই আর্জিতে সিলমোহর দিল কেন্দ্রের মোদি সরকার ৷ এদিন প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় সেবাতীর্থে প্রথম বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷ সেখানে কেরলম নামে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷
এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠকে এই বিষয়টি ঘোষণা করেন ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "রাষ্ট্রপতি কেরল (অলটারেশন অফ নেম) বিল, 2026 বিল কেরল বিধানসভায় প্রস্তাব করবেন ৷ সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদের আওতায় এই বিল নিয়ে প্রত্যেক সদস্য তাঁদের মতামত জানাবেন ৷ কেরল বিধানসভার সদস্যদের মতামত গ্রহণের পর ভারত সরকার এই বিলটি সংসদে পেশ করবে ৷"
তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও ঘোষণা করেন, অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি শ্রীনগর বিমানবন্দরে অসামরিক 'সিভিল এনক্লেভ' তৈরির জন্য প্রস্তাবিত 1 হাজার 677 কোটি টাকার অনুমোদনে ছাড়পত্র দিয়েছে ৷ 73.18 একর জুড়ে তৈরি হবে এই এনক্লেভ ৷ নতুন টার্মিনাল ভবনটি হবে 71 হাজার 500 স্কোয়ার মিটারের ৷ নতুন টার্মিনাল ভবনটি দিনের ব্যস্ত সময়ে 2 হাজার 900 জন যাত্রীর ভার সামলাতে পারবে ৷ বছরে 1 কোটি যাত্রী এই টার্মিনাল দিয়ে যাতায়াত করতে পারবেন ৷ এই প্রজেক্টের ফলে নয়া কর্মসংস্থান তৈরির পাশাপাশি নতুন বিনিয়োগ আনবে বলে আশা প্রকাশ করেছে সরকার ৷

