বাংলার ভোটের আবহে শুরু জনগণনা, খরচ প্রায় 12 হাজার কোটি !
এর আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল এবার জনগণনার সঙ্গে জাতি ভিত্তিক গণনাও হবে ৷ তাছাড়া এটাই হতে চলেছে দেশের প্রথম ডিজিটাল জনগণনা ৷

By PTI
Published : December 12, 2025 at 6:50 PM IST
নয়াদিল্লি, 12 ডিসেম্বর: জনগণনার জন্য 11 হাজার 718 কোটি টাকার বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ৷ 2026 সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম দফায় এবং 2027 সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় তথা শেষ দফায় জগণনার কাজ হবে বলে শুক্রবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এবারের গণণা দুটি দিক থেকে বিশেষ হতে চলেছে ৷ এই প্রথম জনগণনার সঙ্গে জাতিভিত্তিক জন গণনাও হবে ৷ একইসঙ্গে এটাই দেশের প্রথম ডিজিটাল জনগণনা ৷ অর্থাৎ তথ্য সংগ্রহ থেকে শুরু করে তা জমা দেওয়ার প্রক্রিয়াটি হতে চলেছে ডিজিটাল ৷
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া একটি ক্যাবিনেট বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে ৷ এবারের জনগণনা হবে দুটি ভাগে ৷ 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 30 লক্ষ কর্মী ৷ এরপর 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে পপুলেশন এনুমারেশনের কাজ ৷ লাদাখ-সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় আগামী সেপ্টেম্বরেই এনুমারেশনের কাজ হবে ৷ কারণ ফেব্রুয়ারি মাসে এই সমস্ত এলাকা বরফে ঢাকা থাকে ৷ এদিকে, মার্চ-এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷
মন্ত্রী জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য় সংগ্রহের কাজ হবে ৷ সেই সমস্ত তথ্য়ের উপর নজরদারি হবে সেন্ট্রাল সার্ভারের সাহায্যে ৷ তথ্য় সংগ্রহের কাজে যুক্ত কর্মীদের কথা মাথায় তথ্য় সংগ্রহের জন্য সরল প্রক্রিয়ার সহায্য নেওয়া হচ্ছে ৷ যাতে কী কী প্রশ্ন করতে হবে তা বুঝতে তাঁদের কোনও সমস্যা না হয় ৷
আগামিদিনে সরকারের নীতিতে কী কী ধরনের পরিবর্তন আনতে হবে তা নির্ধারণ করতে জনগণনায় একাধিক প্রশ্ন থাকে ৷ সে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়াও আগের থেকে অনেক সহজ হতে চলেছে বলে মনে করেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ এবার যে তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছবে তাতে কোনও জটিলতা থাকবে না ৷ খুব সহজেই তা বোঝা যাবে ৷ এই তথ্য় পড়াও যাবে মেশিনের সাহায্যে ৷ প্রয়োজন মতো সংশোধনও করে নেওয়া সম্ভব ৷ আর সেই তথ্য়কে বিশ্লেষণ করেই আগামিদিনের জন্য নীতি ঠিক করতে পারবে সরকার ৷
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, 2027 সালের জনগণনায় যাতে দেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন তার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হবে ৷ যাওয়া হবে দেশের প্রতিটি এলাকায় থাকা নাগরিকদের কাছে ৷ বিভিন্ন মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে প্রয়োজন 1.02 কোটি কর্মদিবসের ৷ সবমিলিয়ে সময় লাগবে 550 দিন ৷ এর আগে ক্যাবিনেট রাজনৈতিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে তৈরি কমিটি 30 এপ্রিল সিদ্ধান্ত নেয় এবারের জনগণনার সঙ্গে জাতি ভিত্তিক গণনাও হবে ৷ দীর্ঘদিন ধরেই এ নিয়ে দাবি জানিয়ে আসছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ শেষমেশ তাদের দাবি মেনে নিয়ে জাতি ভিত্তিক জনগণনা করতে রাজি হয় কেন্দ্রীয় সরকার ৷

