ETV Bharat / bharat

বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল তামার পাত্র, ভিতরে গুপ্তধন !

মাটি খোঁড়ার সময়ই একটি তামার কলসি জাতীয় পাত্র খুঁজে পান শ্রমিকরা ৷ এরপর সেই পাত্র তুলে খুলে চক্ষু চড়কগাছ সকলের ৷

Treasure found
বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 3:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

গাদাগ (কর্ণাটক), 11 জানুয়ারি: বাড়ি তৈরির জন্য জমি খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে এল গুপ্তধন ! তামার কলসির মধ্যে থেকে মিলেছে পুরনো সোনার একাধিক অলঙ্কার ৷

গাদাগ তালুকের লাক্কুন্দি গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কস্তুরভভা রিট্টির বাড়ির পিছনের উঠোনে ভিত স্থাপনের জন্য মাটি খোঁড়া হচ্ছিল শনিবার ৷ আর সেই সময়ই গুপ্তধন মিলেছে ওই জমি থেকে ৷ পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন ৷ জানা গিয়েছে, মাটি খোঁড়ার সময়ই একটি তামার কলসি জাতীয় পাত্র খুঁজে পান শ্রমিকরা ৷ এরপর সেই পাত্র তুলে খুলে চক্ষু চড়কগাছ সকলের ! জানা গিয়েছে, এর ভিতর থেকে সোনার চুড়ি, সোনার চেইন, আংটি এবং অন্যান্য গয়না পাওয়া গিয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পরে পরেই আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার উৎসুক মানুষ গুপ্তধন দেখতে ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকা কার্যত লোকে লোকারণ্য হয়ে যায়। খবর যায় পুলিশের কাছে ৷ এরপর পুলিশ এসে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে পাত্র-সহ গুপ্তধন জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

এ প্রসঙ্গে অতিরিক্ত ডেপুটি কমিশনার দুরুগেশ রুদ্রাক্ষী বলেন, "জেলা ভারপ্রাপ্ত প্রশাসনের কর্তা এবং ডেপুটি পুলিশ কমিশনারের নির্দেশে আমরা গুপ্তধন উদ্ধারের স্থানটি পরিদর্শন করতে এসেছি। কস্তুরভভা রিট্টি এবং তাঁর ছেলে প্রজ্বল রিট্টির বাড়ির ভিত খোঁড়ার সময় একটি পাত্র উদ্ধার করেন শ্রমিকরা ৷ সেই পাত্রে প্রাচীন কানের সোনার দুল, আংটি এবং নেকলেস-সহ 470 গ্রাম সোনা পাওয়া গিয়েছে।"

তিনি আরও বলেন, "গুপ্তধন সংক্রান্ত যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা এটি রাজ্যের কোষাগারে জমা দেব। এরপর ডেপুটি পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী আমরা রাজ্য সরকারকে সব তথ্য জানানোর ব্যবস্থাও করব।" জানা গিয়েছে, জেলা প্রশাসনের তরফে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে ৷ তারাই এই গয়নাগুলির সময়কাল যাচাই করে দেখবে। একই সঙ্গে প্রশাসনের তরফে জেনানো হয়েছে, আইন অনুযায়ী পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ঘটনায় জেলা পুলিশ সুপার বাড়ির মালিকের সততার প্রশংসা করেছেন ৷ গাদাগের পুলিশ সুপার রোহান জগদীশ বলেন, "প্রজ্বল রিট্টি, যে গুপ্তধন খুঁজে পেয়েছেন তা সে সততার সঙ্গে গ্রামের প্রবীণ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের জানায়। পুলিশি নিরাপত্তা এবং আইনি প্রক্রিয়া ও ভিডিয়ো রেকর্ডিংয়ের মাধ্যমে গ্রামের প্রবীণদের দ্বারা মন্দিরের ভিতরে রাখা গুপ্তধনটি বের করে আনা হয়। তাঁর বয়সের তুলনায় এই সততা প্রশংসার যোগ্য ৷"

লাক্কুন্দি হল কল্যাণ চালুক্য যুগের আশ্চর্যজনক মন্দির, ধাপযুক্ত কূপ, শিলালিপি এবং ইতিহাসের লুকানো রত্নরাজিতে পরিপূর্ণ একটি স্থান। সম্প্রতি এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে এবং একটি গুপ্তধন আবিষ্কার এই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।