জিএসটি-সেসের গুঁতোয় আকাশছোঁয়া সিগারেট, হাফ-প্যাকেটের দামে এবার একটি !
শীতকালীন অধিবেশনের প্রথম দিনে লোকসভায় দু'টি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এর ফলে তামাক ও তামাকজাত দ্রব্যের দাম বাড়তে পারে ৷

By PTI
Published : December 1, 2025 at 7:16 PM IST
নয়াদিল্লি, 1 ডিসেম্বর: ধূমপায়ী ও পান মশলায় আসক্ত ব্যক্তিদের জন্য বড় দুঃসংবাদ ! সিগারেট, চুুরুট থেকে তামাকজাত অন্যান্য পণ্য কিনতে এবার অনেক বেশি দাম দিতে হবে তাঁদের ৷ এর সঙ্গে পান মশলা, গুটখারও মূল্য বৃদ্ধিও আসন্ন ৷ বিল পাশ হলে মূল্য বৃদ্ধি এতটাই হবে যে, সিগারেট থেকে পান মশলা- সব জিনিসের দাম হবে আকাশছোঁয়া ৷ হয়তো হাফ-প্যাকেটের সিগারেটের দামে আপনি কিনতে পারবেন একটি ৷
সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে লোকসভায় 'দ্য সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, 2025' এবং 'দ্য হেলথ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, 2025' পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 'সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট, 1944'-এর পরিবর্তে এই বিল এনেছে কেন্দ্রীয় সরকার ৷
সংসদের দুই কক্ষে এই বিল পাশ হলে সিগারেট থেকে চিউইং টোবাকো, সিগার, হুক্কা, জর্দা এবং সুগন্ধী তামাকজাত পণ্যের দামের উপর বিপুল হারে আবগারি শুল্ক চাপানো হবে ৷ ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়বে ৷ ছাড় পাবে না পান মশলা ও গুটখা ৷
এই বিল অনুযায়ী, সিগারেটের দৈর্ঘ অনুযায়ী প্রতি এক হাজার সিগারেটের উপর 5-11 হাজার টাকা আবগারি শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ সিগারেট বা চুরুট, সিগারের মতো 'সিন গুডস'-এর উপর 40 শতাংশ জিএসটি চাপানোর পর এই আবগারি শুল্ক লাগু হবে ৷ বর্তমানে এক প্যাকেট সিগারেটের যা দাম, সেই মূল্য চুকিয়ে একটি সিগারেট কিনতে হবে ক্রেতাকে ৷ এছাড়া তৈরি হয়নি এমন তামাকের উপর 60-70 হারে এবং নিকোটিনের উপর 100 শতাংশ আবগারি শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
‘The Central Excise (Amendment) Bill, 2025’ and ‘The Health Security se National Security Cess Bill, 2025’ introduced in #LokSabha.@nsitharaman @FinMinIndia @sansad_tv #WinterSession #wintersession2025 #parliamentsession2025 pic.twitter.com/akIHTYHzoR
— LOK SABHA (@LokSabhaSectt) December 1, 2025
বর্তমানে দেশজুড়ে সিগারেট-সহ তামাকজাত দ্রব্যের উপর 28 শতাংশ জিএসটি কার্যকর রয়েছে ৷ এর সঙ্গে মূল্যের উপর নির্ভর করে জিএসটি ক্ষতিপূরণ বা ভর্তুকি কর চাপানো হয়েছে ৷ এই ভর্তুকি করের সময় শেষ হলে তামাকজাত দ্রব্যগুলির উপর সর্বোচ্চ 40 শতাংশ জিএসটি লাগু হবে ৷ তার সঙ্গে চাপবে আবগারি শুল্ক ৷ অন্যদিকে পান মশলার উপর জিএসটি-সহ হেলথ সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটি সেস চাপবে ৷ ফলে ধূমপান বা পান মশলায় আসক্ত ব্যক্তিদের খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়বে ৷
চলতি বছরের 3 সেপ্টেম্বর জিএসটি সংস্কার করে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে চারটি জিএসটির হারের মধ্যে 12 শতাংশ ও 28 শতাংশের দু'টি স্তরকে বাতিল ঘোষণা করা হয় ৷ নয়া জিএসটি ব্যবস্থায় 5 শতাংশ ও 18 শতাংশের দু'টি স্ল্যাব কার্যকর হয় ৷
2017 সালের 1 জুলাই জিএসটি কার্যকর করার সময় জিএসটি ক্ষতিপূরণ ব্যবস্থা চালু করেছিল এনডিএ সরকার ৷ এই ব্যবস্থা লাগুর ফলে রাজ্যগুলির রাজস্ব আদায়ে যে ক্ষতি হবে, তা পূরণ করবে ভর্তুকি কর ৷ 2022 সালের 30 জুন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর ছিল ৷ পরে এই ব্যবস্থার মেয়াদ 2026 সালের 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয় ৷
কোভিডকালে রাজ্যগুলির জিএসটি বাবদ রাজস্বে যে আর্থিক ক্ষতি হয়েছিল, তা মেটাতে সিন গুডস থেকে প্রাপ্য় অর্থ ব্যয় করছিল কেন্দ্রীয় সরকার ৷ গত 3 সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে স্থির হয়, কেন্দ্রীয় সরকারের এই ঋণ শোধ না-হওয়া পর্যন্ত তামাক ও পান মশলার উপর যে জিএসটি ক্ষতিপূরণ লাগু রয়েছে, তা বহাল থাকবে ৷ ভোগ্য় পণ্যের উপর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা শেষ হয়েছে 22 সেপ্টেম্বর ৷ এরপর আলট্রা-লাক্সারি পণ্যের উপর 40 শতাংশ জিএসটি চাপানো নিয়ে সিদ্ধান্ত নেয় কাউন্সিল ৷
আবগারি শুল্ক সংশোধনী বিল, 2025 এবং স্বাস্থ্যে সুরক্ষা ও জাতীয় সুরক্ষা সেস বিল, 2025-এর মূল উদ্দেশ্য- জিএসটি ক্ষতিপূরণ বন্ধ হওয়ার পরেও যেন তামাক ও পান মশলার মতো 'সিন গুডস'-এর শুল্কে যেন কোনও পরিবর্তন না হয় ৷ তাই দাম বাড়বে তামাক ও তামাকজাত পণ্যের এবং পান মশলার ৷

