রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে আটকে গেল চোর ! দেখুন ভিডিয়ো
চুরি করতে এসে বাড়িতে ঢুকতে গিয়ে রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে আটকে গেল চোর ৷ পুলিশ এসে উদ্ধার করল চোরকে ৷

Published : January 7, 2026 at 5:46 PM IST
কোটা, 7 জানুয়ারি: গৃহস্থে চুরি করতে এসে চোরের অবস্থা যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি ! রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে দিয়ে ঢুকতে গিয়ে আটকে রইল 'চোরবাবাজি' ৷ প্রায় এক ঘণ্টা ধরে ঝুলে থাকার পর বাড়ির লোকজন ও পুলিশ এসে টেনে নামাল চোরকে ৷ রাজস্থানের কোটার নাটকীয় সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোরখেরা থানার অন্তর্গত প্রতাপ নগর এলাকায় সুভাষ কুমার আহির নামক এক বাসিন্দার বাড়িতে ঘটনাটি ঘটেছে ৷ গত 3 জানুয়ারি স্থানীয় খাটু শ্যামজি মন্দিরে সস্ত্রীক পুজো দিতে যান সুভাষ ৷ রাত প্রায় 1টা নাগাদ তাঁরা বাড়ি ফেরেন ৷ স্কুটিটা বাড়ির সামনে দাঁড় করাতেই হেডলাইটের আলোতে তাঁদের চোখ যায় রান্নাঘরের দিকে ৷ দেখেন, রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে আটকে রয়েছে এক যুবক ৷ তার মাথা থেকে শরীরের উপরের অংশ ঘরের ভিতরে আর কোমর থেকে বাকি অংশ বাইরে ঝুলছে ৷
দৃশ্যটি দেখে দরজার তালা খুলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন সুভাষ ৷ পুলিশকর্মীরা এসে যুবকের মাথা আর হাত ধরে টেনে হিঁচড়ে গর্ত থেকে বের করেন ৷ পুলিশ জানিয়েছে, চুরি করার উদ্দেশ্যে এদিন দুই যুবক সুভাষের বাড়ি যায় ৷ এগজস্টের গর্ত দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে একজন ৷ শরীরের অর্ধেক অংশ ঢুকে গেলেও বাকি অংশটি আটকে যায় ৷ পরিস্থিতি বেগতিক বুঝে তাকে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় অপরজন ৷
বোরখেরা থানার আধিকারিক অনিল টেলর জানান, বাড়ির মালিকের সতর্কতার জন্য চুরির ঘটনাটি এড়ানো সম্ভব হয়েছে ৷ সোমবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত যুবকের নাম পবন বৈষ্ণব ৷ বয়স 25 বছর ৷ কোটা জেলার দিগোর এলাকার বাসিন্দা ৷ অভিযুক্তের বিরুদ্ধে চুরি করার উদ্দেশ্যে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, তদন্তের সময় অভিযুক্তের কাছ থেকে একটি গাড়ির চাবি উদ্ধার করা হয় ৷ গাড়ির সামনে পুলিশের স্টিকার এবং ভিতরে সাদা পর্দা লাগানো ছিল ৷ এই ধরনের গাড়ি পুলিশ আধিকারিকরা ব্যবহার করেন ৷ পুলিশের অনুমান, যাতে কারও সন্দেহ না-হয়, সেই জন্য গাড়িটি ব্যবহার করা হয়েছে ৷ অভিযুক্তের সহযোগীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ অভিযুক্তরা অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

